প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া আট ফুট দৈর্ঘ্যের একটি মিঠাপানির কুমিরের নতুন ঠিকানা গাজীপুরের সাফারি পার্কে স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা কুমিরটি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে সেটিকে পার্কের একটি পৃথক বেষ্টনীতে রাখা হয়।
বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটির বিচরণ স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানানো হলে, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি উদ্ধারে উদ্যোগ গ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় টানা তিন দিন অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়। অভিযানে স্থানীয় উপজেলা পরিষদ ও এলাকাবাসী সহযোগিতা প্রদান করেন।
বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, উদ্ধার হওয়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, কুমিরটির নিরাপদ সংরক্ষণ ও পরিচর্যার জন্য গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এসিএফ তারেক রহমান।
তিনি আরও জানান, মিঠাপানির কুমির সাধারণত নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। লবণাক্ত পানির কুমিরের তুলনায় এরা আকারে ছোট। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রং জলপাই-বাদামি বা ধূসর হয়ে থাকে। মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, পোকামাকড়সহ বিভিন্ন ছোট প্রাণী এদের প্রধান খাদ্য। সাধারণত এরা লাজুক স্বভাবের এবং বিরক্ত বা উত্ত্যক্ত না করলে মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা-এর চলতি দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পাওয়ার পর নারায়ণগঞ্জ থেকে মিঠাপানির কুমিরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে সেটি গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, রাত ১০টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। বর্তমানে কুমিরটিকে অন্য প্রাণী থেকে আলাদা করে একটি পৃথক বেষ্টনীতে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন