ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর


নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর

নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া আট ফুট দৈর্ঘ্যের একটি মিঠাপানির কুমিরের নতুন ঠিকানা গাজীপুরের সাফারি পার্কে স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা কুমিরটি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে সেটিকে পার্কের একটি পৃথক বেষ্টনীতে রাখা হয়।

বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটির বিচরণ স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানানো হলে, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি উদ্ধারে উদ্যোগ গ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় টানা তিন দিন অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়। অভিযানে স্থানীয় উপজেলা পরিষদ ও এলাকাবাসী সহযোগিতা প্রদান করেন।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, উদ্ধার হওয়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, কুমিরটির নিরাপদ সংরক্ষণ ও পরিচর্যার জন্য গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এসিএফ তারেক রহমান।

তিনি আরও জানান, মিঠাপানির কুমির সাধারণত নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। লবণাক্ত পানির কুমিরের তুলনায় এরা আকারে ছোট। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রং জলপাই-বাদামি বা ধূসর হয়ে থাকে। মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, পোকামাকড়সহ বিভিন্ন ছোট প্রাণী এদের প্রধান খাদ্য। সাধারণত এরা লাজুক স্বভাবের এবং বিরক্ত বা উত্ত্যক্ত না করলে মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা-এর চলতি দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পাওয়ার পর নারায়ণগঞ্জ থেকে মিঠাপানির কুমিরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে সেটি গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, রাত ১০টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। বর্তমানে কুমিরটিকে অন্য প্রাণী থেকে আলাদা করে একটি পৃথক বেষ্টনীতে রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, পুলিশ আলামত সংগ্রহ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, পুলিশ আলামত সংগ্রহ করেছে

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি সাগর জুট স্পিনিং মিল আবাসিক-২ এলাকার মোড়ে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। আজ শনিবার (২১ নভেম্বর) ফজরের নামাজের পূর্বে এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭ নম্বর ওয়ার্ডের সাগর জুট স্পিনিং মিল আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে দিঘলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী মন্তব্য করেন, দুর্বৃত্তরা এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত না করে এখনই কিছু বলা যাচ্ছে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ২৮৮ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ২৮৮ জন আটক

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে, নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে যুক্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৪ জনসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান শনিবার (২১ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের তথ্য নিশ্চিত করেন।

তিনি উল্লেখ করেন, শুক্রবার বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের ফলস্বরূপ, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন সদস্যসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৮১ জনকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়িয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে অপরাধীদের শনাক্তকরণ, মাদক ব্যবসা, ছিনতাই, কিশোর গ্যাংয়ের কার্যক্রম, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন অপরাধ প্রতিরোধে অভিযানকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে।

জেলা পুলিশ আরও জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থান রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রাখা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র ৩০ নভেম্বর বন্ধ হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র ৩০ নভেম্বর বন্ধ হবে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ দ্বারা পরিচালিত এই দুটি ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সম্পর্কিত চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর তারিখে শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এই সিদ্ধান্তের কারণে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র দুটি বন্ধ করা হচ্ছে।

উপ-দূতাবাসের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যারা ভিসার জন্য আবেদন করতে চান, তাদের ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো ভিসা আবেদন জমা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, বন্ধ হতে যাওয়া কেন্দ্র দুটির স্থানে নতুন কোন প্রতিষ্ঠান ভিসা আবেদন কার্যক্রম পরিচালনা করবে এবং নতুন আবেদন কেন্দ্রগুলোর ঠিকানা কোথায় হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস জানিয়েছে, নতুন আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব বহুজাতিক কোম্পানির ওপর ১৫% ন্যূনতম কর আরোপ করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


সৌদি আরব বহুজাতিক কোম্পানির ওপর ১৫% ন্যূনতম কর আরোপ করছে

সউদী আরব বড় বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম সম্পূরক কর চালু করতে যাচ্ছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই করের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর প্রতিষ্ঠানগুলো আসবে। যদি এসব গোষ্ঠীর সউদী আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে থাকে, তবে অতিরিক্ত কর আদায় করা হবে।

দেশটির জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জাটকা) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘোষণা দেয়। কর্তৃপক্ষ জানায়, কর রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক করনীতির সঙ্গে দেশের করব্যবস্থার সামঞ্জস্য বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব বহুজাতিক গোষ্ঠীর সমন্বিত বার্ষিক আয় অন্তত ৭৫০ মিলিয়ন ইউরো বা সমপরিমাণ সউদী রিয়াল, তাদের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো এই করের জন্য বিবেচিত হবে। তবে সংশ্লিষ্ট গোষ্ঠীকে কর কার্যকর হওয়ার আগের চার অর্থবছরের অন্তত দুটিতে এই আয়সীমা পূরণ করতে হবে। গোষ্ঠীর চূড়ান্ত মূল প্রতিষ্ঠানের সমন্বিত আর্থিক বিবরণী এখানে বিবেচনায় নেওয়া হবে।

জাটকা স্পষ্ট করেছে যে, সউদী আরবে ব্যবসা পরিচালনাকারী সব প্রতিষ্ঠান নতুন করের আওতায় আসবে না। শুধুমাত্র নির্ধারিত আয়সীমা ও অন্যান্য শর্ত পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটি কার্যকর হবে। আন্তর্জাতিক কার্যক্রম নেই এবং আওতাভুক্ত কোনো বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়, এমন দেশীয় প্রতিষ্ঠানগুলো এই করের বাইরে থাকবে।

এই ব্যবস্থার নাম ‘ডোমেস্টিক মিনিমাম টপ-আপ ট্যাক্স’ (ডিএমটিটি) এবং এর উদ্দেশ্য হলো, যোগ্য বহুজাতিক গোষ্ঠীগুলোর সউদী আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার অন্তত ১৫ শতাংশ নিশ্চিত করা। যদি কোনো গোষ্ঠীর কার্যকর করের হার এই সীমার নিচে থাকে, তবে প্রযোজ্য বিধি অনুযায়ী ঘাটতি পূরণে অতিরিক্ত কর আদায় করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ শতাংশের এই হার প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর নয়, বরং অর্জিত মুনাফার কার্যকর করের হারের ওপর প্রযোজ্য হবে। অন্যদিকে, ৭৫০ মিলিয়ন ইউরোর আয়সীমা দিয়ে নির্ধারণ করা হবে কোন বহুজাতিক গোষ্ঠী নতুন করের আওতায় পড়বে। এই আয়সীমার ওপর সম্পূরক কর হিসাব করা হবে না।

বড় বহুজাতিক কোম্পানির ওপর ন্যূনতম কর আরোপের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে সউদী আরব এই পদক্ষেপ গ্রহণ করছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি২০-এর উদ্যোগে প্রণীত বৈশ্বিক কর কাঠামোর দ্বিতীয় স্তম্ভ বা ‘পিলার টু’-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কম করের দেশে মুনাফা স্থানান্তরের মাধ্যমে বহুজাতিক কোম্পানিগুলোর কর এড়ানোর প্রবণতা নিরুৎসাহিত করাই এই কাঠামোর অন্যতম লক্ষ্য। ওইসিডির বৈশ্বিক করভিত্তি ক্ষয় ও মুনাফা স্থানান্তর প্রতিরোধসংক্রান্ত (গ্লোবাল অ্যান্টি-বেস ইরোশন বা গ্লোব) বিধি অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর কোনো দেশে কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে থাকলে প্রযোজ্য নিয়মে অতিরিক্ত কর আদায়ের ব্যবস্থা রয়েছে।

দেশীয় ন্যূনতম সম্পূরক করের মাধ্যমে কোনো দেশ নিজ ভূখণ্ডে অর্জিত যোগ্য মুনাফার ওপর অতিরিক্ত কর আদায় করতে পারে। এতে ওই মুনাফার ওপর কর আদায়ের অধিকার নিজ দেশের হাতে থাকে এবং সরকারি রাজস্ব সুরক্ষায় সহায়তা করে। সউদী আরবের নতুন ব্যবস্থায় দেশটি নিজ ভূখণ্ডে বহুজাতিক গোষ্ঠীগুলোর অর্জিত মুনাফার ওপর প্রযোজ্য অতিরিক্ত কর আদায় করতে সক্ষম হবে।

যেসব প্রতিষ্ঠান নতুন করব্যবস্থার আওতায় পড়তে পারে, তাদের বিস্তারিত জানতে জাটকার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য ২৪ ঘণ্টার কল সেন্টার ১৯৯৯৩ নম্বরে ফোন করা যাবে। এছাড়া এক্সে @Zatca_care অ্যাকাউন্ট অথবা [email protected] ঠিকানায় ইমেইলের মাধ্যমে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%