০৫:৩৭ পি.এম
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ঘোষণা করেছেন যে, আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি উল্লেখ করেন, ‘এ লক্ষ্যে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার চোখের ছানি অপারেশন করা হবে।’
আজ শনিবার সিরাজগঞ্জে অনুষ্ঠিত এক বিশাল চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
ড. এম এ মুহিত আরও বলেন, ‘একটি জরিপে দেখা গেছে সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য পূরণে আগামী দুই বছর প্রতি মাসে ২ হাজারের বেশি অপারেশন সম্পন্ন করা হবে।’
তিনি জানান, এই কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। একইসঙ্গে ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা প্রদান করা হবে।
ড. মুহিত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের ঘরে-ঘরে চোখের লেন্স ও চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাৎ।’
আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ও জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করেছে।
সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ‘প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল’। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। উদ্বোধনী দিনে ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।
প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল’র সাধারণ সম্পাদক মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, জেলার সিভিল সার্জন মো. নুরুল আমিন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, আন্তর্জাতিক চক্ষু স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের ক্লাস্টার ডিরেক্টর মোছাব্বির আলম প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন