১২:৪৭ পি.এম
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলের তৃণমূল সমর্থনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মামুনুর রসিদ মামুন মনোনীত হয়েছেন। ১৪ নভেম্বর শনিবার ঘাগটিয়া চালাস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত দিনব্যাপী বর্ধিত সভার পর কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে তার সমর্থন জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে কাপাসিয়া উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে তৃণমূল নেতাকর্মীদের সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
এর আগে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির দুইজন আলোচিত চেয়ারম্যান পদপ্রার্থী প্রচারণায় ছিলেন। একজন হলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশীদ নয়ন এবং অন্যজন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রসিদ মামুন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর কাউন্সিলরদের গোপন ভোটে নির্বাচিত হন মামুনুর রসিদ মামুন (৪৫৫)। ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫'শ ৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রয়োগের সময় ত্রুটির কারণে ৩টি ভোট বাতিল হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৭'শ ৪০ জন।
আরও পড়ুন: শনিবার সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
ভোটের ফলাফল বা মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করার পর প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, "ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। সিদ্ধান্ত অমান্য করে ভোটের সময় অন্যদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করবেন, তৃণমূল তা বরদাস্ত করবে না।" তিনি আরও বলেন, "বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তৃণমূল নেতাকর্মীরা হলো বিএনপির চালিকা শক্তি। দল বা কোনো নেতৃবৃন্দ দায় নিবে না বলেই এ কাউন্সিল। এতে নেতৃবৃন্দদের মতের প্রতিফলন ঘটেছে।" তিনি আশা প্রকাশ করেন যে, "সকলেই তৃণমূলের শান্তিপূর্ণ রায় মেনে নিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কার্যকর ভূমিকা রাখবেন। আমাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্'র প্রিয় জন্মভূমি ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেকোনো মূল্যে আমাদের বিজয়ী হতে হবে।" তিনি সকল পর্যায়ের নেতৃবৃন্দকে শান্তিপূর্ণ অবস্থানে থেকে দলের প্রতি বিগত দিনের দায় শোধ করার আশাবাদ ব্যক্ত করেন।
বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন