ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিয়ের খাবার খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, বর-কনেসহ অসুস্থ শতাধিক


বিয়ের খাবার খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, বর-কনেসহ অসুস্থ শতাধিক

কিশোরগঞ্জের নিকলীর বড়কান্দা গ্রামে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে খাবার গ্রহণের পর ফখরুল ইসলাম কিরণ (৪৮) নামে এক পল্লী চিকিৎসক মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) বিকালে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে।

এছাড়া, একই বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে বর-কনেসহ আরও শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকালে সিংপুর গ্রামের শেখ স্বাধীন ও বরকান্দা গ্রামের তাসমিতা আক্তারের বিয়ের আয়োজনটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা

মৃত পল্লী চিকিৎসক কিরণ ছিলেন বড়কান্দার প্রয়াত শিক্ষক ইউসুফ আলীর ছেলে এবং তিন কন্যা সন্তানের জনক।

স্থানীয় বাসিন্দা, হাসপাতাল এবং পরিবার সূত্রে জানা যায়, বড়কান্দার আরজু মিয়ার বাড়ির বিয়ের অনুষ্ঠানে ৩০০ জনের বেশি অতিথিকে আপ্যায়ন করা হয়েছিল। শুক্রবার দুপুরে প্রথম দফায় কনেপক্ষের অতিথিদের এবং দ্বিতীয়বার বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়।

ফখরুল ইসলাম কিরণের চাচাতো ভাই সবুজ মিয়া কালের কণ্ঠকে জানান, খাবার খেয়ে ফেরার পথে কিরণ অসুস্থ বোধ করতে শুরু করেন। তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। পরে রাতের দিকে বমি ও ডায়রিয়া শুরু হয়। এরপর শুক্রবার গভীর রাতে কিরণকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার কিরণকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তিনি মারা যান।

আরও পড়ুন: সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: প্রধানমন্ত্রী

বড়কান্দার পাশের গ্রাম কাঁঠালকান্দির পল্লী চিকিৎসক আব্দুল আওয়াল জানান, ওই বিয়ের খাবার খেয়ে কাঁঠালকান্দি, বরকান্দা, সিংপুরসহ পাঁচ-ছয়টি গ্রামের শতাধিক নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার বিয়ের খাবার গ্রহণের পর থেকেই অতিথিদের অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে তাদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছু রোগীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বাজিতপুর, কিশোরগঞ্জ সদর ও অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, বিয়ের খাবার খেয়ে বর শেখ স্বাধীন ও কনে তাসমিতা বেগমসহ দুই পরিবারেরও অনেকে অসুস্থ হয়েছেন। অসুস্থ বরকেও অন্যদের সঙ্গে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।

স্থানীয়দের অভিমত, খাবারের মাংসে ক্ষতিকর ব্যাকটেরিয়া ছিল। আবার কেউ কেউ বলছেন, মাংস ঠিকঠাক সেদ্ধ হয়নি। মোটকথা খাদ্যে বিষক্রিয়া থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পরমা দাস জানান, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া প্রায় ৪০ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২২ নারী ও ১৮ পুরুষ রয়েছেন। রোগীর সংখ্যা বাড়ছে। এর বাইরেও অসুস্থ অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়ার খবর তিনি শুনেছেন।

আরও পড়ুন: কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অসুস্থ অনেকে বাড়িতে থেকেই স্থানীয় পল্লী চিকিৎসকদের মাধ্যমে পেটের পীড়া ও বমির চিকিৎসা করাচ্ছেন।

নিকলী থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বিয়ের খাবার খেয়ে পল্লী চিকিৎসক ফখরুল ইসলাম কিরণের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের ৪ ঘণ্টায় আটক শহিদুল, এসিডদগ্ধ নারীর পাশে পুলিশ কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


কালের কণ্ঠে সংবাদ প্রকাশের ৪ ঘণ্টায় আটক শহিদুল, এসিডদগ্ধ নারীর পাশে পুলিশ কমিশনার

রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় স্বামীর ছোড়া এসিডে গুরুতর দগ্ধ ভুক্তভোগীর খোঁজ-খবর নিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির তার বাসায় যান।

শনিবার (১৪ নভেম্বর) রাতে তিনি ভুক্তভোগীর শারীরিক অবস্থার খোঁজ নেন। আক্রান্ত নারীকে উপহার ও আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি এই কঠিন সময়ে তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

পুলিশ কমিশনার ভুক্তভোগীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি নির্দেশ দেন, তার চিকিৎসা, আইনগত সহায়তা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুলিশ কমিশনার বলেন, ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ভুক্তভোগীর সন্তানের যথাযথ পরিচর্যা ও দেখভালের বিষয়টিও বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান এবং বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত (১২ নভেম্বর) কালের কণ্ঠ অনলাইনের 'রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর এসিডে ঝলসে দিলেন স্বামী' শিরোনামে একটি সংবাদ প্রকাশের ৪ ঘণ্টা পর অভিযুক্ত শহিদুলকে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে যৌথ অভিযানে আটক করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জাপুরে যুবরাজ গ্রেপ্তার, ২০২৪ সালের ইমন হত্যা মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


মির্জাপুরে যুবরাজ গ্রেপ্তার, ২০২৪ সালের ইমন হত্যা মামলার আসামি

পুলিশ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেপ্তার করেছে। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের পোষ্টকামুরী পূর্বপাড়া রেললাইন ক্রসিং এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গোলাম রাব্বানী যুবরাজ গোড়াইল গ্রামের আব্দুস ছবুর মিয়ার ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন গোপালপুর উপজেলার নলিন বাজার এলাকার বাসিন্দা এবং মনিরুজ্জামান খান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইমন (১৮)। পরবর্তীতে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট মারা যান।

নিহত ইমনের ভাই সুমন মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। এ মামলায় আদালতের বিচারক গোলাম রাব্বানী যুবরাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকালে পোষ্টকামুরী পূর্বপাড়া এলাকা থেকে গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট মার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


সেন্ট মার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জন আটক

কোস্ট গার্ড সেন্ট মার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে। শনিবার (১৪ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, শুক্রবার রাতে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সমুদ্র এলাকায় (১২ মিটার গভীরতায়) অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালানোর পর ৯টি ট্রলিং জাল এবং ২,২৫০ কেজি সামুদ্রিক মাছসহ ৩৮ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আরও জানান, কোস্ট গার্ড ভবিষ্যতেও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরের টুমচর ও গোলার বাজারে ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


শরীয়তপুরের টুমচর ও গোলার বাজারে ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

রবিবার (১৫ নভেম্বর) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শরীয়তপুরের কিছু এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই তথ্যটি শনিবার (১৪ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, লাইনের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তন করা হবে। রবিবার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পালং-২ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৩সি নম্বর (টুমচর) ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা টুমচর ফিডারের কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একইভাবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা নাড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

যদি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যায়, তাহলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%