প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্থানীয় বাসিন্দারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন উপজেলায় অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর ফলে এক ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বরিশল গ্রামকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এ ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এর অংশ হিসেবে মাছিহাতা ইউনিয়নসহ তিনটি ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপির নেতাদের নেতৃত্বে এই সমাবেশে অংশগ্রহণ করেন মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা। পরে সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে। এর ফলে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচং স্টেশনে আটকা পড়ে।
জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, ‘সদর উপজেলা থেকে মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এটি কোনোভাবেই মানা যাবে না এবং কোনো অবস্থাতেই আমরা বরিশলে যুক্ত হব না। দাবি না মানলে আন্দোলন আরো দীর্ঘায়িত হবে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে গত ৮ নভেম্বর একই ইস্যুতে সদর উপজেলার কোড্ডা রেলকেবিন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। সে সময় প্রায় চার ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন