সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩২ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ভিয়ারিয়ালকে ৩-২ গোলে পরাজিত করেছে, যদিও তারা দুই গোলে পিছিয়ে পড়েছিল। রবিবারের এই জয়ের ফলে কাতালান জায়ান্টরা লা লিগার শীর্ষে নিজেদের তিন পয়েন্টের ব্যবধান পুনরুদ্ধার করেছে।
শনিবার সেল্টা ভিগোকে হারিয়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে পয়েন্টে সমতা এনেছিল। তবে ভিয়ারিয়ালকে পরাজিত করে কাতালান ক্লাবটি আবারও এককভাবে শীর্ষস্থানে ফিরে এসেছে।
অন্যদিকে, রবিবার অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ গেতাফেকে ৩-০ গোলে পরাজিত করেছে। আগের ম্যাচে বার্সেলোনার কাছে হারের পর দিয়েগো সিমিওনের দল স্পেনের শীর্ষ দুই দলের পিছু ছাড়েনি।
ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়াল প্রথমে তাজন বুকানন ও তানি ওলুয়াসেয়ির গোলের মাধ্যমে শক্ত অবস্থানে চলে যায়। প্রথমার্ধে বার্সেলোনা উইঙ্গার লামিন ইয়ামাল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।
তবে দ্বিতীয়ার্ধে মাত্র ১১ মিনিটের মধ্যে তিনটি গোল করে জয় নিশ্চিত করে কাতালান জায়ান্টরা। জেরার্ড মার্টিন ও ফারমিন লোপেজের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর পাও নাভারোর আত্মঘাতী গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয় তাদের।
অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোয় হারের পর বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জিতেছে।
ম্যাচ শেষে মিডফিল্ডার পেদ্রি মন্তব্য করেন, ‘ম্যাচের শুরুটা খারাপ হওয়ায় আমাদের ভুগতে হয়েছে। খুব দ্রুত দুটি গোল হজম করেছি। তবে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি মনে রাখব। একই ঘটনা যেন আবার না ঘটে, তা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে।’
বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও দলের প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন। তাঁর অধীনে এমন ঘুরে দাঁড়ানোর ঘটনা এবারই প্রথম নয়।
ফ্লিক সাংবাদিকদের বলেন, ‘আমরা দুটি ভুল করেছি এবং তারা দুবার গোল করেছে। কিন্তু এরপর আমাদের প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য।’
রবিবার দুপুওে স্বাগতিকদের শুরুটা ছিল মন্থর। পঞ্চম মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে দেন বুকানন। ফারমিন লোপেজের একটি অসতর্ক পাস থেকে বল হারায় বার্সেলোনা। কানাডার এই ফরোয়ার্ড দূর থেকে দারুণ শটে বল জালে পাঠান।
এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ভিয়ারিয়াল। হুয়ান গার্সিয়ার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে গোল করেন ওলুয়াসেয়ি।
ওলুয়াসেয়ির ফাউলে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু গোল করার সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়ামাল। তাঁর নেওয়া শট পোস্টে লেগে বাইরে চলে যায়।
বিরতির পর দ্রুত ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। পেদ্রির ক্রস থেকে ৫৭তম মিনিটে হেডে গোল করেন মার্টিন।
চার মিনিট পর ইয়ামালের পাস থেকে জোরালো শটে সমতা ফেরান লোপেজ। এরপর দ্রুতই আসে বার্সেলোনার তৃতীয় গোল। ইয়ামালের দারুন ব্যাকহিল পাস থেকে বল পান এরিক গার্সিয়া। তাঁর ক্রস নাভারোর গায়ে লেগে নিজেদের জালে প্রবেশ করে।
বদলি হিসেবে নামা অ্যান্থনি গর্ডনের শট ঠেকিয়ে দেন পিটার গুলাচি। পরে সান্তি কোমেসানার সঙ্গে সংঘর্ষের পর পেনাল্টির আবেদন করেন গর্ডন।
মাঠ থেকে তুলে নেওয়ার পর অসদাচরণের দায়ে লোপেজকে লাল কার্ড দেখানো হয়। এ সময় সাইডলাইনে দাঁড়িয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন বার্সেলোনার খেলোয়াড়রা।
স্পেনের রেফারিং নিয়ে সাধারণভাবে সন্তুষ্ট হলেও আলেহান্দ্রো হার্নান্দেজের প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করেন ফ্লিক।
তিনি বলেন, ‘আমরা দেখেছি কোন রেফারি দায়িত্বে আছেন, তাই আমরা এমনটাই প্রত্যাশা করেছিলাম। রেফারিদের নিয়ে আমি সত্যিই খুশি, কিন্তু এই রেফারিকে নিয়ে নই।’
যোগ করা সময়ের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। ১০ম স্থানে থাকা ভিয়ারিয়াল হতাশা নিয়ে মাঠ ছাড়ে।
অন্যদিকে, মাদ্রিদ ডার্বিতে গেতাফের বিপক্ষে সহজ জয় পেয়েছে অ্যাথলেটিকো। প্রথমার্ধে অ্যালেক্স বায়েনা ও জনি কারদোসোর গোলে তিন পয়েন্টের পথে এগিয়ে যায় রোজিকব্ল্যাঙ্কোরা।
পরে আলেকজান্ডার সরলথকে নিজেদের বক্সে ফাউল করায় গেতাফের ডিজেনে ডাকোনাম লাল কার্ড দেখেন। পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন আলেহান্দ্রো গ্রিমালদো।
এই জয়ের মধ্য দিয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচের রেকর্ড গড়েছেন দিয়েগো সিমিওনে। অ্যাথলেটিকোর সাবেক কোচ লুইস আরাগোনেসকে ছাড়িয়ে তাঁর জয়ের সংখ্যা এখন ৩৪৫।
২০১১ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর অ্যাথলেটিকোকে লিগে ৫৬৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সিমিওনে।
বছরের পর বছর ধরে তাঁর রক্ষণাত্মক ফুটবল খেলার সমালোচকদেরও জবাব দিয়েছেন সিমিওনে।
আর্জেন্টাইন কোচ বলেন, ‘শুধু রক্ষণাত্মক কৌশলে খেলে ৩৪৫টি ম্যাচ জেতা যায় না।’
দিনের অন্য ম্যাচে মালাগাকে ১-০ গোলে হারিয়েছে ওসাসুনা। আর উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়েছে রেসিং সান্তান্দার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লা (দক্ষিণ), ২৩ নভেম্বর ২০২৬ : জেলার বুড়িচং উপজেলায় আজ খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহারের অভিযোগে ‘এসএ ফুড প্রডাক্টস’ নামক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপস তৈরিতে এই অনিয়মের জন্য জরিমানা করা হয়।
অন্যদিকে, ‘আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে পরীক্ষার মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যকলাপের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত বুড়িচং বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া সহযোগিতা করেন।
অভিযানকালে ‘এসএ ফুড প্রডাক্টস (মুসলিম ফুড)’ -এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ পাওয়া যায়। নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল ডাই বা কাপড়ের রঙ ও সিঁদুরের রং ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ইচ্ছেমতো বিভিন্ন পরীক্ষার মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যকলাপের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট একলাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় দুইটি প্রতিষ্ঠানকে।
এ সময় কুমিল্লা ক্যাব সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন রোগী।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনটি জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫২০ জন। একই সময়ে, মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জনে পৌঁছেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ১৫০ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
এ বছর পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন ডেঙ্গু রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৯২৯ জন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বগুড়ার ধুনটে সাত বছর বয়সী নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিলন হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মিলনের দোকানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিলন হোসেনকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া গ্রামে ঘটে। অভিযুক্ত মিলন ওই গ্রামের ওসমান গনির ছেলে। মিলন হোসেন ভুক্তভোগী শিশুর সম্পর্কে প্রতিবেশী দাদা হন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে মিলনের পরিবারের সদস্যরা প্রায় ২২ বছর ধরে ঢাকায় অবস্থান করছেন। তিন বছর ধরে মিলন গ্রামে বাড়ির পাশে একটি মুদি দোকান দেন এবং বাড়িতে একাই থাকেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী ভুক্তভোগী শিশুটি মিলনের দোকানে চিপস কিনতে যায়। এ সময় কৌশলে শিশুটিকে দোকান ঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিলন। তখন মিলনের হাতে কামড় দিয়ে আত্মরক্ষা করে শিশুটি।
পরে শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়। বিষয়টি জানার পর সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুটির স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছে মিলনকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে। এরপর মিলনের দোকানঘরটি পুড়িয়ে দেন এলাকাবাসী। এ ঘটনায় রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মিলন হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই সরেজমিন গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামি মিলন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পিকআপের ধাক্কায় সিএনজির চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজিচালক মো. আব্দুল মতিন (৩৫) এবং একই উপজেলার হিঙ্গুলা গ্রামের আহসান উল্লাহর ছেলে মো. আরিফ (৩০)।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নিরঞ্জন কুমার জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিশ্বর এলাকায় ঢাকামুখী লেনে একটি সিএনজি মিয়ারবাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি পিকআপ ওই সিএনজিকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতাল থেকে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ