সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩৩ পি.এম
কুমিল্লা (দক্ষিণ), ২৩ নভেম্বর ২০২৬ : জেলার বুড়িচং উপজেলায় আজ খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহারের অভিযোগে ‘এসএ ফুড প্রডাক্টস’ নামক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপস তৈরিতে এই অনিয়মের জন্য জরিমানা করা হয়।
অন্যদিকে, ‘আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে পরীক্ষার মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যকলাপের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত বুড়িচং বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া সহযোগিতা করেন।
অভিযানকালে ‘এসএ ফুড প্রডাক্টস (মুসলিম ফুড)’ -এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ পাওয়া যায়। নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল ডাই বা কাপড়ের রঙ ও সিঁদুরের রং ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ইচ্ছেমতো বিভিন্ন পরীক্ষার মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যকলাপের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট একলাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় দুইটি প্রতিষ্ঠানকে।
এ সময় কুমিল্লা ক্যাব সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন রোগী।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনটি জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫২০ জন। একই সময়ে, মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জনে পৌঁছেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ১৫০ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
এ বছর পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন ডেঙ্গু রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৯২৯ জন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বগুড়ার ধুনটে সাত বছর বয়সী নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিলন হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মিলনের দোকানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিলন হোসেনকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া গ্রামে ঘটে। অভিযুক্ত মিলন ওই গ্রামের ওসমান গনির ছেলে। মিলন হোসেন ভুক্তভোগী শিশুর সম্পর্কে প্রতিবেশী দাদা হন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে মিলনের পরিবারের সদস্যরা প্রায় ২২ বছর ধরে ঢাকায় অবস্থান করছেন। তিন বছর ধরে মিলন গ্রামে বাড়ির পাশে একটি মুদি দোকান দেন এবং বাড়িতে একাই থাকেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী ভুক্তভোগী শিশুটি মিলনের দোকানে চিপস কিনতে যায়। এ সময় কৌশলে শিশুটিকে দোকান ঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিলন। তখন মিলনের হাতে কামড় দিয়ে আত্মরক্ষা করে শিশুটি।
পরে শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়। বিষয়টি জানার পর সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুটির স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছে মিলনকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে। এরপর মিলনের দোকানঘরটি পুড়িয়ে দেন এলাকাবাসী। এ ঘটনায় রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মিলন হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই সরেজমিন গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামি মিলন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পিকআপের ধাক্কায় সিএনজির চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজিচালক মো. আব্দুল মতিন (৩৫) এবং একই উপজেলার হিঙ্গুলা গ্রামের আহসান উল্লাহর ছেলে মো. আরিফ (৩০)।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নিরঞ্জন কুমার জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিশ্বর এলাকায় ঢাকামুখী লেনে একটি সিএনজি মিয়ারবাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি পিকআপ ওই সিএনজিকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতাল থেকে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরে পাওনা টাকা চাওয়ার কারণে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া, মামলার অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে, চার জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত এই রায় প্রদান করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম শেখ রুম্মান হোসেন, যিনি নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের বাসিন্দা। সাজাপ্রাপ্ত অপর দুই আসামি হলেন সুমনা বেগম ও সাদিয়া ইসলাম, যারা তিন বছর করে সাজা পেয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে সুপারি বিক্রির পাওনা টাকা পরিশোধের জন্য সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর অপু নিখোঁজ হয়ে যান।
নিখোঁজের তিন দিন পর রুম্মানের নির্মীয়মাণ বসতঘরের পাশে একটি খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়।
পরে নিহত অপুর বোন সুমাইয়া আক্তার নেছারাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত প্রধান আসামি রুম্মানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। একই সঙ্গে অপর দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং চার আসামিকে খালাস করা হয়।
পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল কালাম আকন এই রায়ের ফলে সন্তোষ প্রকাশ করে বলেন, "এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ