সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৯ পি.এম
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের একটি অন্যতম বিতর্কিত ঘটনা হলো ‘স্যান্ডপেপার গেট’। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত কেপটাউন টেস্টে বল বিকৃতির সেই ঘটনা আবারও আলোচনায় এসেছে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডি ভিলিয়ার্স এবার নতুন করে বিতর্কে ঘি ঢেলেছেন। তিনি দাবি করেছেন, কেপটাউন টেস্টের পাশাপাশি সিরিজের প্রথম টেস্ট ডারবানেও বল বিকৃতি ঘটেছিল।
সম্প্রতি প্রকাশিত তার আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে খাজা মুখ খুলেছেন। খাজার বক্তব্য, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সকল খেলোয়াড়ই অবগত ছিলেন। কিন্তু শাস্তির মুখে পড়েছিলেন কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। খাজার মতে, পুরো ঘটনার দায় শুধু এই তিনজনের ওপর চাপানো উচিত হয়নি।
খাজার মন্তব্যের পর ডি ভিলিয়ার্স তার অবস্থান প্রকাশ করেছেন। ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ২০১৮ সালের সিরিজে বল বিকৃতির ঘটনা কেপটাউনেই সীমাবদ্ধ ছিল না। তাঁর বিশ্বাস, পোর্ট এলিজাবেথের পাশাপাশি ডারবানেও এমন কিছু ঘটেছিল।
ডি ভিলিয়ার্সের ভাষায়, “আমি দেখছি, অনেকেই এখন স্বীকার করছেন পোর্ট এলিজাবেথেও এমন ঘটনা ঘটেছিল। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, ডারবানেও এর ব্যতিক্রম হয়নি। সেই ম্যাচের ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টি বোঝা যাবে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।”
ডারবান টেস্টে বলের অস্বাভাবিক আচরণও তার সন্দেহের অন্যতম কারণ। ডি ভিলিয়ার্স বলেন, কিংসমিডে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা হেরেছিল। সেই ম্যাচে অস্বাভাবিক সময়ে বল রিভার্স সুইং করছিল। তার মতে, কিংসমিডের মতো মাঠে এত দ্রুত বলের রিভার্স সুইং করার কথা নয়। দীর্ঘদিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকেই তিনি এমনটি মনে করছেন।
স্যান্ডপেপার-কাণ্ডে কে এই পরিকল্পনা সম্পর্কে জানতেন এবং কে জানতেন না—সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে সেই প্রশ্ন। তবে ডি ভিলিয়ার্স মনে করেন, আলোচনাটি ভুল দিকে যাচ্ছে। তার মতে, বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল কি না, সেটি মূল বিষয় নয়; বরং আগে থেকেই অবৈধ কিছু করার পরিকল্পনা করাটাই সবচেয়ে গুরুতর অপরাধ।
তিনি বলেন, “সবাই এখন স্যান্ডপেপার নিয়ে ব্যস্ত। কে এটি ব্যবহারের কথা জানত, আর কে জানত না, সেটিই যেন আলোচনার মূল বিষয়। অথচ সবাই জানত, তারা নিয়মের সীমা অতিক্রম করে অবৈধ কিছু করতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।”
অস্ট্রেলিয়া দলের প্রত্যেক খেলোয়াড়ই পরিকল্পনাটি সম্পর্কে অবগত ছিলেন বলে বিশ্বাস করেন ডি ভিলিয়ার্স। তবে এ ঘটনায় নির্দিষ্ট কাউকে দোষারোপ করতে চান না তিনি। তার ভাষায়, কাউকে বিপদে ফেলা কিংবা কে সঠিক, কে ভুল—সেই বিচার করা তার উদ্দেশ্য নয়। কিছু বিষয়ে নিজের দৃঢ় অবস্থান থাকলেও তা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য নয়।
স্যান্ডপেপার-কাণ্ডে জড়িত ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি নিয়েও সহমর্মিতা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। তবে মাঠে সেদিনের অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করেন না তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, ওই ঘটনার আগেও অন্য কোনো ম্যাচে এমন অনিয়ম হয়েছিল কি না, তা নিয়েও।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে নিয়ে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি, যিনি শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্যে রয়েছেন।
ফাইনালের প্রাক্কালে মাহি প্রতিযোগিতার কঠিন বাস্তবতা তুলে ধরেছেন, পাশাপাশি নিজের অর্জিত প্রশংসা ও আশা ব্যক্ত করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে হাসিমুখে মাহি বলেছেন—‘ভেরি টাফ’।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যোগ্য ও প্রস্তুত প্রতিযোগীদের সামনে কী ঘটবে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে এই অভিনয়শিল্পী ও মডেল আশা জিইয়ে রেখেছেন। তার মতে, চূড়ান্ত পর্বে পারফরম্যান্সই সবকিছু নির্ধারণ করবে, এবং আগের দিনের প্রশংসা তাকে বাড়তি সাহস দিচ্ছে।
মিস ইউনিভার্সে মাহির অংশগ্রহণ ছিল কিছুটা অবিশ্বাস্য ও দ্রুত। ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট পরিধান করেন তিনি, যা পরিয়ে দেন আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। পরদিনই, ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে রওনা দেন মাহি।
এত কম সময়ে আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত হওয়া ছিল তার জন্য একটি বড় চ্যালেঞ্জ।
মিস ইউনিভার্সে অংশগ্রহণের বিষয়ে গণমাধ্যমকে সামিরা খান মাহি জানিয়েছেন, প্রথমবার দেশের হয়ে এমন একটি বড় মঞ্চে যাওয়ার সময় তার উচ্ছ্বাসের পাশাপাশি কিছুটা দুশ্চিন্তা ছিল। সেই কঠিন সময়ে বন্ধু মিথিলার পরামর্শ ও সহযোগিতা তার অনেক কাজে এসেছে। সাজপোশাক থেকে শুরু করে মঞ্চে নিজেকে উপস্থাপনের বিভিন্ন দিক বুঝিয়ে দিয়েছেন মিথিলা।
২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনুষ্ঠিত জাতীয় পোশাক পর্বে মাহি লাল-সাদা খাদির শাড়িতে মঞ্চে আসেন। বিশ্বজিৎ মজুমদারের নকশায় তৈরি কুমিল্লার খাদি শাড়ির সঙ্গে তিনি পরিধান করেন বাংলার ঐতিহ্যবাহী গয়না।
‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ থিমের ওপর ভিত্তি করে সাজানো এই পোশাকে মা ও সন্তানের বন্ধন এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা তুলে ধরা হয়েছে। পিঠের বৃত্তাকার শিল্পকর্মে শৈশব থেকে মাতৃত্ব হয়ে বার্ধক্যে পৌঁছানোর ধাপগুলো ফুটিয়ে তোলা হয়েছে।
এই ব্যতিক্রমী আয়োজন দেশে ও অনলাইনে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
ভোটের হিসাব ও পূর্বসূরিদের পথ ধরে এগিয়ে চলা
মিস ইউনিভার্সে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকভোটের গুরুত্বও রয়েছে। এবারের প্রতিযোগিতায় মাহির জন্য ভোট দিতে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে।
গত ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, তিনি সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং সর্বমোট ভোটে তৃতীয় স্থানে রয়েছেন। যদিও ভোটের অবস্থান পরিবর্তিত হতে পারে, তবে সেরা ৩০-এ সরাসরি জায়গা পেয়ে যাওয়ার সুযোগ থাকায় এই অবস্থান আলোচনা সৃষ্টি করেছে।
যদিও আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের অভিজ্ঞতা খুব দীর্ঘ নয়। ২০১৯ সালে শিরিন আক্তার শিলা এবং ২০২৪ সালে অনিকা আলমের পর ২০২৫ সালে প্রথমবারের মতো সেরা ৩০-এ জায়গা করে ইতিহাস গড়েন তানজিয়া জামান মিথিলা। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখা এবং তা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে মঞ্চে লড়ছেন মাহি।
ফাইনালের সময়সূচি ও আয়োজন
পুয়ের্তো রিকোর স্থানীয় সময় ২৪ নভেম্বর রাত ৮টায় শুরু হবে গ্র্যান্ড ফিনালে, যা বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ছয়টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিও লোপেজ ও মিস ইউনিভার্স ২০২২ বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল। নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।
স্বল্প সময়ের প্রস্তুতি, তীব্র প্রতিযোগিতা এবং দেশবাসীর সমর্থন—সবকিছু মিলিয়ে ফাইনালের মঞ্চে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের ছোটপর্দার নিয়মিত মুখ সামিরা খান মাহি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সৌদি আরব, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের মধ্যে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত যৌথ অভিযানের ফলে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪০ হাজার ৯৪১ প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। কাগজপত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ফেরার প্রক্রিয়ার জন্য ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সীমান্তে অবৈধ প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৩৭৩ জন, দেশ ছাড়ার চেষ্টা করার সময় ২৮ জন এবং সহায়তার অভিযোগে ১৪ জন আটক করা হয়েছে।
অবৈধ অনুপ্রবেশে সহায়তা বা আশ্রয় প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার সতর্কতা প্রদান করেছে মন্ত্রণালয়। অভিযোগ জানাতে ৯১১, ৯৯৯ ও ৯৯৬ নম্বরগুলো চালু রাখা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের জনপ্রিয় বোতলজাত পানীয় জল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিসলেরির পানীতে ক্যানসার সৃষ্টিকারী সম্ভাব্য উপাদান পাওয়া গেছে। দ্বিতীয়বারের পরীক্ষার পরও বিপদ কাটেনি। বর্তমানে প্রশ্ন উঠছে— বিসলেরির মতো একটি প্রতিষ্ঠানের পানীতে যদি ক্যানসারের উপাদান পাওয়া যায়, তাহলে স্টেশন-বাস চত্বরে বা ট্রেন-বাসে পথচলতি মানুষ যে পানি কিনে খাচ্ছেন, তার গুণগত মান কেমন, তা স্পষ্ট হচ্ছে।
এ বিষয়ে রোববার (২২ নভেম্বর) ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই) বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে। পরীক্ষাগারে দ্বিতীয়বার পরীক্ষার পরও সংস্থার প্যাকেটজাত পানীয়তে নমুনা নিরাপদ নয় বলে চিহ্নিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি এফএসএসএআই স্পষ্ট করেনি, ঠিক কোন ধরনের প্যাকেটজাত পানীয় ল্যাব পরীক্ষায় বিপজ্জনক বলে গণ্য হয়েছে।
সামাজিক মাধ্যমে এক পোস্টে খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এফএসএস) অ্যাক্ট-২০০৬’-এর অধীনে প্যাকেটজাত পানীয় সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে তারা বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলা শুরুর অনুমোদন দিয়েছে।
এফএসএসএআই জানিয়েছে, তারা পরীক্ষার জন্য বিসলেরি ইন্টারন্যাশনালের ‘প্যাকেটজাত পানি’ (মিনারেল ওয়াটার বা খনিজ পানি নয়)-এর একটি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, সেই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি ছিল। এরপর সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটির দ্বিতীয় দফা পরীক্ষাও করা হয়। সেই নমুনাতেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে ছিল না। ফলে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট-২০০৬’-এর আওতায় সেটিকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করা হয়েছে।
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এবং ইউএস ইপিএসহ বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক বিভিন্ন সংস্থা ব্রোমেটকে এমন একটি উপাদান হিসেবে চিহ্নিত করেছে, যা মানুষের শরীরে ক্যানসার সৃষ্টি করতে পারে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— বিসলেরির মতো নামি সংস্থার পানীয়তে যদি এ ধরনের উপাদান পাওয়া যায়, তাহলে স্টেশন-বাস চত্বরে বা ট্রেনে-বাসে পথচলতি মানুষ যে পানি কিনে খাচ্ছেন, তার গুণগত মান কেমন?
বিসলেরি ইন্টারন্যাশনাল ছাড়াও বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজসহ আরও বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এফএসএসএআই। সেই সংস্থাগুলোর বিরুদ্ধে মামলা করার অনুমোদনও দেওয়া হয়েছে। নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাটি উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্সও স্থগিত করেছে।
এফএসএসএআই আশা করছে— কনফেকশনারির বিরুদ্ধে একটি পণ্য প্রত্যাহারের নির্দেশ জারি করেছে, যেখানে সংস্থাটিকে তাদের আগে থেকে প্যাকেট করা চকোলেট-ভরা কুকিজ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সেগুলোও ‘অসুরক্ষিত’ বলে প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে এফএসএসএআই খাদ্য ব্যবসা পরিচালনাকারী (এফবিও) এবং ই-কমার্স সংস্থাগুলোর বিরুদ্ধে প্রয়োগমূলক পদক্ষেপ জোরদার করেছে। নিয়ন্ত্রক সংস্থাটি এনার্জি ড্রিঙ্ক এবং অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধেও অভিযান তীব্রতর করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টেনিসের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন কার্লোস আলকারাজ। স্পেনের এই তারকা পুরুষ টেনিসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জয়ের কীর্তি গড়েছেন। এই সাফল্যের মাধ্যমে তিনি ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) ইতালির তুরিনে অনুষ্ঠিত এটিপি ফাইনালসের শিরোপা নির্ধারণী ম্যাচে আলকারাজ জার্মানির আলেকজান্ডার জভেরেভকে পরাজিত করেন। ২৩ বছর বয়সি এই স্প্যানিশ তারকা সরাসরি সেটে ৬-২, ৭-৬ (৯-৭) ব্যবধানে জয়লাভ করে প্রথমবারের মতো টুর্নামেন্টটির শিরোপা অর্জন করেন।
এই জয়ের মাধ্যমে আলকারাজ পুরুষ টেনিসে চতুর্থ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম পূর্ণ করেন। এর মানে হলো, তিনি চারটি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি এটিপি ফাইনালসের শিরোপাও জয়ের স্বাদ গ্রহণ করেছেন। সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়ার রেকর্ডও এখন তার দখলে রয়েছে।
২২ বছর ২৭২ দিন বয়সে আলকারাজ এই অসাধারণ অর্জন করেছেন। এর আগে সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার রেকর্ডটি যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি ডন বাজের দখলে ছিল। ১৯৩৮ সালে ২২ বছর ৩৬৩ দিন বয়সে তিনি এই কীর্তি গড়েছিলেন।
শিরোপা জয়ের পর আলকারাজ তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন ধরেই এই ট্রফি জয়ের অপেক্ষায় ছিলাম। আমার দলের সঙ্গেও কঠিন সময় পার করতে হয়েছে। সব মিলিয়ে এমন সাফল্যের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করতে পারাটা আমার কাছে বিশেষ কিছু।"
সূত্র: বিবিসি স্পোর্ট
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ