ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আফকন শিরোপা নিয়ে সেনেগালের আপিলের রায় আগামীকাল ঘোষণা হবে


আফকন শিরোপা নিয়ে সেনেগালের আপিলের রায় আগামীকাল ঘোষণা হবে

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : আফ্রিকান নেশন্স কাপের (আফকন) শিরোপা মরক্কোকে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সেনেগালের করা আপিলের রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে, এমন তথ্য জানিয়েছে সর্বোচ্চ ক্রীড়া আদালত (সিএএস)।

এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছিল গত জানুয়ারিতে বিশৃঙ্খলাপূর্ণ আফকন ফাইনালকে কেন্দ্র করে। ৮ অক্টোবর সুইজারল্যান্ডের লুজানে সিএএসের সদর দপ্তরে রুদ্ধদ্বার কক্ষে শুনানি অনুষ্ঠিত হয়।

সোমবার সিএএস একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, "উভয় পক্ষকে জানানো হয়েছে যে, সিএএসের সিদ্ধান্ত ২০২৬ সালের ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে ঘোষণা করা হবে।"

আরও পড়ুন: বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন, ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারালো

গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে পেপে গুয়েরের গোলে ১-০ ব্যবধানে জয়ী হয়েছিল সেনেগাল। তবে নির্ধারিত সময়ের শেষ দিকে গোলশূন্য সমতা থাকা অবস্থায় মরক্কোকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের অনেক খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যায়, ফলে ফাইনালটি বিতর্কিত হয়ে পড়ে।

সেনেগালের কয়েকজন সমর্থকও মাঠে ঢোকার চেষ্টা করেন, যার ফলে প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে সেনেগালের খেলোয়াড়রা মাঠে ফিরে আসেন।

মার্চে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ওই ফল বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে এবং শিরোপা তুলে দেয়।

সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) এই সিদ্ধান্তকে আফ্রিকান ফুটবল ইতিহাসে সবচেয়ে নির্লজ্জ প্রশাসনিক ডাকাতি বলে আখ্যা দেয়।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং নিয়ে নতুন অভিযোগ তুললেন ডি ভিলিয়ার্স

মার্চের শেষ দিকে প্যারিসে সমর্থকদের সামনে শিরোপাটি নিয়ে উদযাপনও করে সেনেগাল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেয়ারিং প্যাডের ত্রুটির কারণে মেঘনা-গোমতী সেতু দিয়ে যানচলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


বেয়ারিং প্যাডের ত্রুটির কারণে মেঘনা-গোমতী সেতু দিয়ে যানচলাচল বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা ও গোমতী নদীর ওপর অবস্থিত পুরাতন সেতুর ত্রুটি দেখা দেওয়ার কারণে সংস্কার কাজের উদ্দেশ্যে এটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

সওজ সূত্রে জানা যায়, দাউদকান্দির অংশে মেঘনা ও গোমতী সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার বেয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেওয়ায় সেতুটির ওপর দিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে সেতু কর্তৃপক্ষ। রবিবার বিকাল ৫টা থেকে যানচলাচল বন্ধ রাখা হয়েছে।

সেতুটি ১৯৯৫ সালে গোমতী ও মেঘনা নদীর ওপর নির্মিত হয়। এটি দুই লেনের সেতু, যার মোট ১৭টি স্প্যান রয়েছে। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার যানবাহন সেতুটির ওপর দিয়ে চলাচল করে। দাউদকান্দির অংশে বেয়ারিং প্যাডের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটি দেখা দেওয়ার কারণে ভারী ট্রাক, বাস ও কাভার্ডভ্যান চলাচলের সময় সেতুতে কম্পন সৃষ্টি হচ্ছে। হঠাৎ ব্রেক বা ওভারটেকের সময় যানবাহনের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, যা বড় ধরনের সড়ক দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় জানান, সেতু বন্ধ করার বিষয়টি আমরা জানি। তবে, কতদিন এটি বন্ধ থাকবে, সে বিষয়ে এখন কিছু বলা সম্ভব নয়। যানচলাচল স্বাভাবিক রয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সেতুর সংস্কার কাজের জন্য এটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নতুন সেতু দিয়ে যানচলাচলের ব্যবস্থা করা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমের সাথে আজ ৩টা ১২ মিনিটে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, দাউদকান্দির অংশে বেয়ারিং প্যাডের ত্রুটি দেখা দেওয়ার কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঝুঁকি এড়াতে ২২ নভেম্বর রবিবার বিকাল ৫টা থেকে সাময়িকভাবে যানচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন সেতু দিয়ে দুই লেনে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

সেতুটি কতদিন পর উন্মুক্ত হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামীকাল মঙ্গলবার হেড অফিস থেকে একটি ভিজিটর টিম সেতু পরিদর্শন করবেন। এরপর বলা যাবে সেতুটির কাজ সম্পন্ন করতে কতদিন লাগবে।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর সেতুটির সংস্কার কাজের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জ। দীর্ঘ এক মাস রক্ষণাবেক্ষণ, সংস্কার ও কারিগরি কাজ সম্পন্ন করার পর সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এরপর পুনরায় সেতুটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন, ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারালো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন, ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারালো

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ভিয়ারিয়ালকে ৩-২ গোলে পরাজিত করেছে, যদিও তারা দুই গোলে পিছিয়ে পড়েছিল। রবিবারের এই জয়ের ফলে কাতালান জায়ান্টরা লা লিগার শীর্ষে নিজেদের তিন পয়েন্টের ব্যবধান পুনরুদ্ধার করেছে।

শনিবার সেল্টা ভিগোকে হারিয়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে পয়েন্টে সমতা এনেছিল। তবে ভিয়ারিয়ালকে পরাজিত করে কাতালান ক্লাবটি আবারও এককভাবে শীর্ষস্থানে ফিরে এসেছে।

অন্যদিকে, রবিবার অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ গেতাফেকে ৩-০ গোলে পরাজিত করেছে। আগের ম্যাচে বার্সেলোনার কাছে হারের পর দিয়েগো সিমিওনের দল স্পেনের শীর্ষ দুই দলের পিছু ছাড়েনি।

ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়াল প্রথমে তাজন বুকানন ও তানি ওলুয়াসেয়ির গোলের মাধ্যমে শক্ত অবস্থানে চলে যায়। প্রথমার্ধে বার্সেলোনা উইঙ্গার লামিন ইয়ামাল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।

তবে দ্বিতীয়ার্ধে মাত্র ১১ মিনিটের মধ্যে তিনটি গোল করে জয় নিশ্চিত করে কাতালান জায়ান্টরা। জেরার্ড মার্টিন ও ফারমিন লোপেজের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর পাও নাভারোর আত্মঘাতী গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয় তাদের।

অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোয় হারের পর বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জিতেছে।

ম্যাচ শেষে মিডফিল্ডার পেদ্রি মন্তব্য করেন, ‘ম্যাচের শুরুটা খারাপ হওয়ায় আমাদের ভুগতে হয়েছে। খুব দ্রুত দুটি গোল হজম করেছি। তবে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি মনে রাখব। একই ঘটনা যেন আবার না ঘটে, তা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে।’

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও দলের প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন। তাঁর অধীনে এমন ঘুরে দাঁড়ানোর ঘটনা এবারই প্রথম নয়।

ফ্লিক সাংবাদিকদের বলেন, ‘আমরা দুটি ভুল করেছি এবং তারা দুবার গোল করেছে। কিন্তু এরপর আমাদের প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য।’

রবিবার দুপুওে স্বাগতিকদের শুরুটা ছিল মন্থর। পঞ্চম মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে দেন বুকানন। ফারমিন লোপেজের একটি অসতর্ক পাস থেকে বল হারায় বার্সেলোনা। কানাডার এই ফরোয়ার্ড দূর থেকে দারুণ শটে বল জালে পাঠান।

এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ভিয়ারিয়াল। হুয়ান গার্সিয়ার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে গোল করেন ওলুয়াসেয়ি।

ওলুয়াসেয়ির ফাউলে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু গোল করার সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়ামাল। তাঁর নেওয়া শট পোস্টে লেগে বাইরে চলে যায়।

বিরতির পর দ্রুত ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। পেদ্রির ক্রস থেকে ৫৭তম মিনিটে হেডে গোল করেন মার্টিন।

চার মিনিট পর ইয়ামালের পাস থেকে জোরালো শটে সমতা ফেরান লোপেজ। এরপর দ্রুতই আসে বার্সেলোনার তৃতীয় গোল। ইয়ামালের দারুন ব্যাকহিল পাস থেকে বল পান এরিক গার্সিয়া। তাঁর ক্রস নাভারোর গায়ে লেগে নিজেদের জালে প্রবেশ করে।

বদলি হিসেবে নামা অ্যান্থনি গর্ডনের শট ঠেকিয়ে দেন পিটার গুলাচি। পরে সান্তি কোমেসানার সঙ্গে সংঘর্ষের পর পেনাল্টির আবেদন করেন গর্ডন।

মাঠ থেকে তুলে নেওয়ার পর অসদাচরণের দায়ে লোপেজকে লাল কার্ড দেখানো হয়। এ সময় সাইডলাইনে দাঁড়িয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন বার্সেলোনার খেলোয়াড়রা।

স্পেনের রেফারিং নিয়ে সাধারণভাবে সন্তুষ্ট হলেও আলেহান্দ্রো হার্নান্দেজের প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করেন ফ্লিক।

তিনি বলেন, ‘আমরা দেখেছি কোন রেফারি দায়িত্বে আছেন, তাই আমরা এমনটাই প্রত্যাশা করেছিলাম। রেফারিদের নিয়ে আমি সত্যিই খুশি, কিন্তু এই রেফারিকে নিয়ে নই।’

যোগ করা সময়ের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। ১০ম স্থানে থাকা ভিয়ারিয়াল হতাশা নিয়ে মাঠ ছাড়ে।

অন্যদিকে, মাদ্রিদ ডার্বিতে গেতাফের বিপক্ষে সহজ জয় পেয়েছে অ্যাথলেটিকো। প্রথমার্ধে অ্যালেক্স বায়েনা ও জনি কারদোসোর গোলে তিন পয়েন্টের পথে এগিয়ে যায় রোজিকব্ল্যাঙ্কোরা।

পরে আলেকজান্ডার সরলথকে নিজেদের বক্সে ফাউল করায় গেতাফের ডিজেনে ডাকোনাম লাল কার্ড দেখেন। পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন আলেহান্দ্রো গ্রিমালদো।

এই জয়ের মধ্য দিয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচের রেকর্ড গড়েছেন দিয়েগো সিমিওনে। অ্যাথলেটিকোর সাবেক কোচ লুইস আরাগোনেসকে ছাড়িয়ে তাঁর জয়ের সংখ্যা এখন ৩৪৫।

২০১১ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর অ্যাথলেটিকোকে লিগে ৫৬৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সিমিওনে।

বছরের পর বছর ধরে তাঁর রক্ষণাত্মক ফুটবল খেলার সমালোচকদেরও জবাব দিয়েছেন সিমিওনে।

আর্জেন্টাইন কোচ বলেন, ‘শুধু রক্ষণাত্মক কৌশলে খেলে ৩৪৫টি ম্যাচ জেতা যায় না।’

দিনের অন্য ম্যাচে মালাগাকে ১-০ গোলে হারিয়েছে ওসাসুনা। আর উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়েছে রেসিং সান্তান্দার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় খাদ্যপণ্যে নিষিদ্ধ রং ব্যবহারের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


কুমিল্লায় খাদ্যপণ্যে নিষিদ্ধ রং ব্যবহারের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা (দক্ষিণ), ২৩ নভেম্বর ২০২৬ : জেলার বুড়িচং উপজেলায় আজ খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহারের অভিযোগে ‘এসএ ফুড প্রডাক্টস’ নামক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপস তৈরিতে এই অনিয়মের জন্য জরিমানা করা হয়।

অন্যদিকে, ‘আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে পরীক্ষার মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যকলাপের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত বুড়িচং বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া সহযোগিতা করেন।

অভিযানকালে ‘এসএ ফুড প্রডাক্টস (মুসলিম ফুড)’ -এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ পাওয়া যায়। নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল ডাই বা কাপড়ের রঙ ও সিঁদুরের রং ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ইচ্ছেমতো বিভিন্ন পরীক্ষার মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যকলাপের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট একলাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় দুইটি প্রতিষ্ঠানকে।

এ সময় কুমিল্লা ক্যাব সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে দেশে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


ডেঙ্গুতে দেশে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ জন

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন রোগী।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনটি জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫২০ জন। একই সময়ে, মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জনে পৌঁছেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছেন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ১৫০ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।

এ বছর পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন ডেঙ্গু রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৯২৯ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%