সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩৪ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পিকআপের ধাক্কায় সিএনজির চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজিচালক মো. আব্দুল মতিন (৩৫) এবং একই উপজেলার হিঙ্গুলা গ্রামের আহসান উল্লাহর ছেলে মো. আরিফ (৩০)।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নিরঞ্জন কুমার জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিশ্বর এলাকায় ঢাকামুখী লেনে একটি সিএনজি মিয়ারবাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি পিকআপ ওই সিএনজিকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতাল থেকে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরে পাওনা টাকা চাওয়ার কারণে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া, মামলার অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে, চার জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত এই রায় প্রদান করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম শেখ রুম্মান হোসেন, যিনি নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের বাসিন্দা। সাজাপ্রাপ্ত অপর দুই আসামি হলেন সুমনা বেগম ও সাদিয়া ইসলাম, যারা তিন বছর করে সাজা পেয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে সুপারি বিক্রির পাওনা টাকা পরিশোধের জন্য সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর অপু নিখোঁজ হয়ে যান।
নিখোঁজের তিন দিন পর রুম্মানের নির্মীয়মাণ বসতঘরের পাশে একটি খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়।
পরে নিহত অপুর বোন সুমাইয়া আক্তার নেছারাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত প্রধান আসামি রুম্মানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। একই সঙ্গে অপর দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং চার আসামিকে খালাস করা হয়।
পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল কালাম আকন এই রায়ের ফলে সন্তোষ প্রকাশ করে বলেন, "এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় এক নারীসহ আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কালিকসার রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকার শফিক মিয়ার ছেলে এবং অটোরিকশার চালক আব্দুল মতিন (৩৫) এবং হিংগুলা এলাকার আমিনুল ইসলামের ছেলে আরিফ (৪০)। আহতদের মধ্যে আছেন চিওড়া ইউনিয়নের নোয়াপুর এলাকার আব্দুল মতিনের ছেলে হানিফ ও ইয়াকুব এবং জগন্নাথদীঘি ইউনিয়নের হানিফ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার সোমবার বিকেলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। নিহত আরিফের স্বজন ইলিয়াস জানান, চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের মামুনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আরিফসহ কয়েকজন একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন, কারণ মাইক্রোবাসে জায়গা ছিল না। অটোরিকশাটি কালিকসার রাস্তার মাথা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান সেটিকে ধাক্কা দেয়। ফলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সামনে থাকা একটি লরির নিচে চলে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অটোরিকশাচালক আব্দুল মতিন এবং যাত্রী আরিফকে মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর (ইনাম) জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। গুরুতর আহত ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নিরঞ্জন কুমার বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশা ও আহত ব্যক্তিদের উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম সন্দেহে নতুন করে ১ হাজার ৪১৭ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৬ জন নিশ্চিত হাম রোগী এবং ১ হাজার ৩২১ জন সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এই ২৪ ঘণ্টায় হাম উপসর্গে বা নিশ্চিত রোগীর মধ্যে কারও মৃত্যু ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়েছে।
২২ নভেম্বর সকাল ৮টা থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য এতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ২৩২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত হয়েছে।
এছাড়া, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মধ্যে ১০৫ জন এবং সন্দেহজনক হাম রোগীর মধ্যে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। ফলে, এই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগীর মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫২ জনে পৌঁছেছে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ৩১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে স্বামীকে কৌশলে ঘুম থেকে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে রাজিব মিয়া (২৭) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করেছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার সময় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড়ের রশিদ মিয়ার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। রাজিব মিয়া ভাড়া বাড়ির মালিক রশিদ মিয়ার ছেলে।
এ ঘটনায় দায়ের করা মামলার অন্যান্য আসামিরা হলেন- একই বাসার ভাড়াটিয়া সিরাজুল ইসলাম (২৬), যিনি তারাকান্দা উপজেলার বাট্টা বাটপাড়া এলাকার বাসিন্দা এবং আরেক ভাড়াটিয়া হেলাল উদ্দিন (৩৫), যিনি তারাকান্দা উপজেলার বাতিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার ২১ বছর বয়সী এক যুবক তার ১৮ বছর বয়সী স্ত্রীকে নিয়ে প্রায় ১৫ দিন আগে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড়ের রশিদ মিয়ার ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। ঘটনার রাতে দেড়টার দিকে সিরাজুল ইসলাম ওই যুবককে ঘুম থেকে ডেকে তোলেন বিকাশে টাকা পাঠানোর কথা বলে। এরপর তিনি যুবককে স্থানীয় চেয়ারম্যান বাড়ির মোড়ে নিয়ে যান। সেখানে বিকাশের দোকান বন্ধ থাকায় তারা চায়ের দোকানে অপেক্ষা করেন এবং প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর সিরাজুল তাকে বাসায় ফেরত পাঠান। মামলায় উল্লেখ করা হয়েছে, স্বামীকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়ার সুযোগে বাড়ির মালিকের ছেলে রাজিব ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন এবং এ সময় অপর অভিযুক্ত হেলাল উদ্দিন ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেন।
মামলার বাদী জানান, সিরাজুল ইসলাম তাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর বাসায় ফিরে তিনি স্ত্রীকে কান্নাকাটি করতে দেখেন। কান্নার কারণ জানতে চাইলে তার স্ত্রী জানান, তাকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে যাওয়ার পর একা পেয়ে বাড়ির মালিকের ছেলে রাজিব তাকে ধর্ষণ করেন। এ সময় হেলাল উদ্দিন ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি রাজিব মিয়াকে গ্রেপ্তার করে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ