ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

৬৪ জেলায় এক বছরের মধ্যে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


৬৪ জেলায় এক বছরের মধ্যে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, দেশের প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত হয়ে রয়েছে। তাদের মধ্যে অনেকেই দীর্ঘমেয়াদী ক্ষতির বিষয়টি জানেন না। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকার আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করার পরিকল্পনা করেছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে এই রোগ শনাক্তের কাজ করবেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ জন

ড. এম এ মুহিত জানান, কিডনি সেবা সারা দেশে ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই-তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করা হবে। কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ— এই তিনটি রোগের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে আর্জেন্টিনার তেল উত্তোলন বন্ধের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে আর্জেন্টিনার তেল উত্তোলন বন্ধের আবেদন খারিজ

জাতিসংঘ-সমর্থিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শনিবার (২৮ নভেম্বর) আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল অনুসন্ধান ও উত্তোলন প্রকল্প বন্ধের আবেদন খারিজ করে দিয়েছেন। বিচারকরা ১৮-৩ ভোটে এ আবেদন প্রত্যাখ্যান করেন।

আর্জেন্টিনা সরকারের দাবি ছিল, যুক্তরাজ্যের সঙ্গে চলমান সার্বভৌমত্ব বিরোধের কারণে সেখানে তেল অনুসন্ধান প্রকল্প বন্ধ করা উচিত। তবে যুক্তরাজ্য বরাবরই দ্বীপপুঞ্জটির মালিকানা দাবি প্রত্যাখ্যান করে আসছে।

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট বলেন, "সার্বভৌমত্বের মতো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার এই আদালতের নেই।" ফলে এ বিষয়ে বিচারিক এখতিয়ার থাকার কোনো ভিত্তি দেখা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

‘সি লায়ন’ তেলক্ষেত্র ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১৩০ মাইল বা ২০৯ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে আনুমানিক ১৭০ কোটি ব্যারেল তেল মজুত রয়েছে। ব্রিটিশ প্রতিষ্ঠান রকহপার এক্সপ্লোরেশন এবং ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিটাস পেট্রোলিয়াম আগামী দুই বছরের মধ্যে সেখান থেকে তেল উত্তোলন শুরু করার পরিকল্পনা করছে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে দ্বীপপুঞ্জের প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দার জন্য বিপুল রাজস্ব আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে আর্জেন্টিনা সরকার দাবি করেছে, বিরোধপূর্ণ সামুদ্রিক এলাকার পরিবেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত রাখা উচিত।

২০১৩ সালে অনুষ্ঠিত এক গণভোটে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দাদের ৯৯ দশমিক ৮ শতাংশ যুক্তরাজ্যের অধীন ব্রিটিশ বৈদেশিক অঞ্চল হিসেবে থাকার পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন মাত্র তিনজন।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে দ্বীপপুঞ্জটির মালিকানা দাবি করে আর্জেন্টিনা সেখানে সেনা অবতরণ করে। এর ফলে দুই দেশের মধ্যে ৭৪ দিনব্যাপী যুদ্ধ হয়। পরে ব্রিটিশ সামরিক বাহিনী আর্জেন্টিনার সেনাদের হটিয়ে দেয়।

ওই যুদ্ধে যুক্তরাজ্যের ২৫৫ জন সেনা, দ্বীপপুঞ্জের তিনজন বাসিন্দা এবং আর্জেন্টিনার ৬৪৯ জন সেনা নিহত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে যাতে কোনো ধরনের নাশকতা এড়ানো যায়। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে, পুলিশ সদস্যরা ড্রোন ও মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়া পরিচালনা করেন।

মহড়ার সময়, শহরের পুনিয়াউট মোড় থেকে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক পর্যন্ত ড্রোন উড়িয়ে এবং মোটরসাইকেলে করে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। উচ্চস্বরে হুইসেল বাজিয়ে মহড়াটি ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে। পরে শহরতলীর ঘাটুরা মোড়ে গিয়ে মহড়াটি সমাপ্ত হয়।

মহড়ার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, নাশকতা এবং তাদের যে কোনো ধরনের অপ-তৎপরতা রোধ করতে এবং জনসাধারণের জানমালের সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, জনগণকে আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

পুলিশের এই মহড়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সব অফিসাররা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটঘরিয়ায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


আটঘরিয়ায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন গ্রেফতার

পুলিশ আটঘরিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে দেবোত্তর এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দেবোত্তর এলাকায় অভিযান চালিয়ে মাহাতাব উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় অনেকেই নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন যে, আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে মাহাতাব উদ্দিন অর্থায়ন করতেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তুমি আমার পুরো পৃথিবী’: ইয়ামির জন্মদিনে আদিত্যর ভালোবাসা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


‘তুমি আমার পুরো পৃথিবী’: ইয়ামির জন্মদিনে আদিত্যর ভালোবাসা

বলিউডের অভিনেত্রী ইয়ামি গৌতম ৩৮তম জন্মদিন উদযাপন করছেন ২৮ নভেম্বর। এই বিশেষ দিনে, স্ত্রীকে ভালোবাসা ও আবেগের মাধ্যমে ভরিয়ে তুলেছেন পরিচালক আদিত্য ধর। সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি, নিজেকে পরিচয় দিয়েছেন ‘ইয়ামি পাগলু’ হিসেবে।

ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে আদিত্য লিখেছেন, ‘শুভ জন্মদিন, ইয়ামি। তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর নারী। তোমার হাসি কেবল একটি ঘর নয়, বরং আমার পুরো পৃথিবীকে আলোকিত করে। তুমি আমার ঘর, আমার সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় সমর্থক। আজ আমি যে মানুষ, তার পেছনে তোমার বিশাল ভূমিকা রয়েছে।’

স্ত্রীর প্রশংসা করে আদিত্য আরও উল্লেখ করেছেন যে, ইয়ামি পরিবারের প্রতি ভালোবাসা প্রদানের পাশাপাশি নিজের প্রতিটি কাজেও সমান মনোযোগ দেন। কীভাবে সবকিছু সামলে আবার তার পাশে থাকেন, তা ভেবে প্রতিদিনই তিনি মুগ্ধ হন।

ইয়ামির জীবনে আরও বেশি সুখ, ভালোবাসা ও আশীর্বাদ কামনা করে এই পরিচালক লেখেন, ‘স্বপ্ন দেখা বন্ধ কোরো না, নিজের আলো ছড়াতে থাকো।’

ভালোবাসার বার্তা দিয়ে আদিত্য আরও লেখেন, ‘সারা জীবন তোমার হাত ধরে থাকতে, তোমার পাশে থেকে তোমাকে উৎসাহ দিতে এবং বারবার নতুন করে তোমার প্রেমে পড়তে চাই।’ পোস্টের শেষে ভালোবাসার হ্যাশট্যাগ হিসেবে তিনি ‘ইয়ামি পাগলু’ যুক্ত করেছেন।

আদিত্য ও ইয়ামির পরিচয় ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার কাজের মাধ্যমে। সিনেমাটির পরিচালক ছিলেন আদিত্য ধর। সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়, যা পরে প্রেমে রূপ নেয়। ২০২১ সালের জুনে তারা বিয়ে করেন। ২০২৪ সালে এই দম্পতির ঘর আলো করে আসে ছেলে বেদাবিদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%