ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন হয়নি


আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন হয়নি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯টি বেসরকারি হাসপাতালের মধ্যে ১৫টির লাইসেন্স নবায়ন হয়নি। নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রস্তুত করা তালিকায় উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠানকে লাইসেন্সধারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তালিকায় অন্তর্ভুক্ত একাধিক প্রতিষ্ঠানের সর্বশেষ লাইসেন্স নবায়নের বছর ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ উল্লেখ করা রয়েছে।

এদিকে, ২০২৬ সালের ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, এই আদেশ অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী কঠোর প্রশাসনিক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আড়াইহাজার উপজেলার যে সকল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের তালিকায় রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- এ টু জেড ডিজিটাল হাসপাতাল সর্বশেষ লাইসেন্স (২০২৩-২০২৪), আই হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টার (২০২০-২০২১), মা ও শিশু হাসপাতাল (২০২১-২০২২), সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪), ফয়সাল হাসপাতাল (২০২৩-২০২৪), জনসেবা হাসপাতাল এন্ড ল্যাব (২০২২-২০২৩), নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪), পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪), প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫), কনফিডেন্ট মেডিক্যাল সেন্টার (২০২৩-২০২৪), আড়াইহাজার পপুলার হাসপাতাল এবং আড়াইহাজার ইসলামিয়া কেয়ার হাসপাতাল।

এদিকে, তালিকার বাইরে আড়াইহাজার উপজেলা এলাকার প্রবাসী কল্যাণ হাসপাতালের কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি এই হাসপাতালটিতে চিকিৎসায় অবহেলার অভিযোগও সামনে এসেছে। গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছিল। পরিবারের অভিযোগ ছিলো, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু ঘটে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আরিফুল ইসলাম জানিয়েছেন, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রতিটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এবং সরকারি বিধিবিধান প্রতিপালনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেছেন, নারায়ণগঞ্জের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি-বিধান মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, প্রযোজ্য অনুমোদন কিংবা ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে। রবিবার শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়। আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগের ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এদিন সকালে পরীক্ষার্থীদের হাসি মুখে পরীক্ষার হলে প্রবেশ করতে দেখা যায়। উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী জানান, আগামী ০৩ ডিসেম্বর ফাইনাল পরীক্ষা শেষে ২০ কার্যদিবসের মধ্যে প্রথমবারের মতো কোডিং পদ্ধতিতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী বলেন, "সারা দেশের মধ্যে আমরা মাত্র ৩ মাস ১০ দিনে একটি পূর্ণাঙ্গ সেমিস্টারের পাঠদান শেষ করে নির্ধারিত সময়ে চূড়ান্ত পরীক্ষা আয়োজন করতে পেরেছি।" তিনি উল্লেখ করেন, এমন অর্জন নিঃসন্দেহে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি প্রশংসা ও গৌরবের। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ই প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করতে সক্ষম হয়েছে। এটি শৃঙ্খলিত শিক্ষা কার্যক্রমের এক অনন্য অর্জন।

এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়; বরং সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার ফল। উপাচার্য শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন, যাঁরা নির্ধারিত রুটিন অনুসরণ করে প্রতিটি ক্লাস যথাসময়ে গ্রহণ করেছেন এবং পাঠদান কার্যক্রম এগিয়ে নিতে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ কৃতিত্ব শিক্ষার্থীদের অর্জন। নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি, প্রেজেন্টেশন, ক্লাস টেস্টে অংশগ্রহণ এবং একাডেমিক কার্যক্রমে সক্রিয় সহযোগিতা তাদের এই লক্ষ্য অর্জনকে সহজ করেছে। উপাচার্য উল্লেখ করেন, "শিক্ষার্থীদের আন্তরিকতা ও দায়িত্বশীল অংশগ্রহণ ছাড়া এত অল্প সময়ে সেমিস্টার সম্পন্ন করা সম্ভব হতো না।"

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমে নিয়ম ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষা কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ, সব ক্ষেত্রেই নির্ধারিত নিয়ম, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায়। ভিসি বলেন, "আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি শুধু অবকাঠামো কিংবা প্রাতিষ্ঠানিক আয়তনে নয়; বরং সময়ানুবর্তিতা, একাডেমিক উৎকর্ষ, নিয়মতান্ত্রিকতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠার মধ্যেই নিহিত।" তিনি যোগ করেন, "শৃঙ্খলাই সফলতা অর্জনের মূল চাবিকাঠি।"

এই বিশ্বাসকে ধারণ করেই নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত, আধুনিক ও গবেষণাধর্মী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের সার্বিক সহযোগিতায় সবার সম্মিলিত প্রচেষ্টায় নওগাঁ বিশ্ববিদ্যালয় বীরদর্পে নানা কৃতিত্ব অর্জনের মাধ্যমে এগিয়ে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা না পেয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে যুবদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


চাঁদা না পেয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে যুবদল নেতা

ফেনীর পরশুরাম উপজেলায় চাঁদা না দেওয়ার কারণে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা রাজীব রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ অন্যান্য সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আল ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রাজীব রাজু মির্জানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তাকে যুবদল থেকে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) সকালে পরশুরাম উত্তর বাজারের ডাকঘর স্টিল ব্রিজ সংলগ্ন আমিনুল ইসলাম মিন্টুর দোকানে লাঠি হাতে প্রবেশ করেন রাজীব রাজু। তিনি মিন্টুর কাছে চাঁদা দাবি করেন এবং চাঁদার দাবি পূরণ না হওয়ায় লাঠি দিয়ে দোকানের আসবাবপত্র ও বিভিন্ন নিত্যপণ্য ভাঙচুর শুরু করেন।

অভিযোগ রয়েছে, রাজীব রাজু ওই সময় দোকানদার মিন্টুকে লাঠি দিয়ে আঘাত করেন এবং ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ লুটে নেন। পরে স্থানীয় লোকজন ব্যবসায়ী মিন্টুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টু বাদী হয়ে শনিবার বিকেলে পরশুরাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজুকে গ্রেপ্তার করে। পরে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টু বলেন, "আমার অল্প একটু পৈতৃক জমি ছিল। সেটা বিক্রি করে স্টিল ব্রিজসংলগ্ন স্থানে একটি মুদি দোকান দিই। গত কয়েকদিন ধরে রাজু মোবাইলফোনে টাকা দাবি করে আসছিল। কিন্তু টাকা দিতে না পারায় শনিবার সকালে দোকানে ঢুকে ‍সে ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশবাক্স থেকে নগদ টাকা নিয়ে চলে যায়।"

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নাঈম উল্লাহ চৌধুরী বরাত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল) রাজুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দলের সুনাম ক্ষুণ্ন করার অপরাধ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তাকে দল থেকে অব্যাহতি দেন।

পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন গণমাধ্যমকে জানান, রাজীব রাজু বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তাকে দল থেকে বহিষ্কারের জন্য গত জেলা যুবদলের কাছে চিঠি দেওয়া হয়েছিল। যার প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিন্টু বাদী হয়ে রাজীব রাজুর বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ প্রদান, প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ প্রদান, প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে রোহিঙ্গা তিন নাগরিককে জন্মনিবন্ধন সনদ প্রদান করার সত্যতা প্রমাণিত হওয়ায় এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও, তদন্ত প্রতিবেদনে আরো ২৩ জন বিদেশি নাগরিককে জন্মসনদ প্রদান করার বিষয়টি উঠে এসেছে।

বরখাস্ত হওয়া প্যানেল চেয়ারম্যান হলেন দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন। রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ প্রদান সংক্রান্ত ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে, গত ৩ সেপ্টেম্বর, ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. নজরুল ইসলামকেও একই অভিযোগে বরখাস্ত করা হয়েছিল।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বরখাস্তের আদেশ প্রদান করা হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের জন্য ইস্যুকৃত জন্মনিবন্ধন সনদে স্থায়ী ঠিকানার সত্যতা পাওয়া যায়নি এবং সনদধারীরা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নয় মর্মে তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া, নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে হস্তান্তর, সচেতনতার অভাব, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগও তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী রেজিস্টার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. কামরুজ্জামান মাসুদের অনুপস্থিতিতে ইউপি সদস্য সালাহ উদ্দিন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

পরে ২০২৫ সালের ৪ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার উত্তর রুমালিয়াছড়া পূর্বাংশ এলাকার রোহিঙ্গা নাগরিক সাইমুন ইসলাম সাজ্জাদ, মুবিনা খাতুন ও হাফিছার নামে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হলে চলতি বছরের ২ আগস্ট স্থানীয় এক বাসিন্দা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর পৃথক তিনটি লিখিত অভিযোগ দেন। পরে ৬ আগস্ট কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রায় তিন মাস তদন্ত শেষে অভিযোগের সত্যতা পায়। পরে গত ১১ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারীর মাধ্যমে প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, “আমি এমনিতেই চেয়ারম্যান অফিসে যাইনা। তবে বরখাস্তের কোনো আদেশ এখনো পায়নি। এর বেশি কিছু জানি না।”

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা কালের কণ্ঠকে বলেন, “প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনের বরখাস্ত হওয়ার বিষয়টি আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো অফিসিয়াল কোন আদেশ পায়নি।”

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন কালের কণ্ঠকে বলেন, “প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বরখাস্তের এখনও কোন আদেশ হাতে আসেনি। তবে আমি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। আমার কাছে ২৩ জনের জন্মনিবন্ধনের তালিকা দেওয়া হয়েছিল। সরেজমিনে তদন্তে গিয়ে এসবের কারও স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি। এই কারণে প্রতিবেদনে আমি জন্মনিয়ন্ত্রণগুলো বাতিলের সুপারিশ করেছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি, তদন্ত শুরু

পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বৃদ্ধি পেয়েছে। শনিবার গভীর রাতে (১৪ নভেম্বর) বাসষ্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় সর্বশেষ চুরির ঘটনা ঘটেছে। এই ট্রান্সফরমারের মূল্য ৯০ হাজার ২ শত ২৫ টাকা। পল্লীবিদ্যুত কলাপাড়া অফিসের সূত্রে জানা যায়, এটি ৬ হাজার ৩ শত ৫০ ভোল্টের।

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পল্লীবিদ্যুত সমিতির কলাপাড়ার ডি.জি.এম আবদুর রহমান জানিয়েছেন, ১ জানুয়ারী থেকে এখন পর্যন্ত মহিপুর এবং কলাপাড়ায় মোট ২০ টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। এই চুরির আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জাকির হোসেন এ বিষয়ে মন্তব্য করে জানান, সংঘবদ্ধ একটি চোর চক্র একের পর এক এই চুরির ঘটনা ঘটাচ্ছে। তিনি উল্লেখ করেন, তদন্ত সাপেক্ষে তাদের গ্রেপ্তার করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%