প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯টি বেসরকারি হাসপাতালের মধ্যে ১৫টির লাইসেন্স নবায়ন হয়নি। নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রস্তুত করা তালিকায় উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠানকে লাইসেন্সধারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তালিকায় অন্তর্ভুক্ত একাধিক প্রতিষ্ঠানের সর্বশেষ লাইসেন্স নবায়নের বছর ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ উল্লেখ করা রয়েছে।
এদিকে, ২০২৬ সালের ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, এই আদেশ অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী কঠোর প্রশাসনিক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আড়াইহাজার উপজেলার যে সকল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের তালিকায় রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- এ টু জেড ডিজিটাল হাসপাতাল সর্বশেষ লাইসেন্স (২০২৩-২০২৪), আই হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টার (২০২০-২০২১), মা ও শিশু হাসপাতাল (২০২১-২০২২), সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪), ফয়সাল হাসপাতাল (২০২৩-২০২৪), জনসেবা হাসপাতাল এন্ড ল্যাব (২০২২-২০২৩), নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪), পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪), প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫), কনফিডেন্ট মেডিক্যাল সেন্টার (২০২৩-২০২৪), আড়াইহাজার পপুলার হাসপাতাল এবং আড়াইহাজার ইসলামিয়া কেয়ার হাসপাতাল।
এদিকে, তালিকার বাইরে আড়াইহাজার উপজেলা এলাকার প্রবাসী কল্যাণ হাসপাতালের কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি এই হাসপাতালটিতে চিকিৎসায় অবহেলার অভিযোগও সামনে এসেছে। গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছিল। পরিবারের অভিযোগ ছিলো, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু ঘটে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আরিফুল ইসলাম জানিয়েছেন, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রতিটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এবং সরকারি বিধিবিধান প্রতিপালনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেছেন, নারায়ণগঞ্জের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি-বিধান মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, প্রযোজ্য অনুমোদন কিংবা ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন