০৫:৩০ পি.এম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে। রবিবার শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়। আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগের ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এদিন সকালে পরীক্ষার্থীদের হাসি মুখে পরীক্ষার হলে প্রবেশ করতে দেখা যায়। উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী জানান, আগামী ০৩ ডিসেম্বর ফাইনাল পরীক্ষা শেষে ২০ কার্যদিবসের মধ্যে প্রথমবারের মতো কোডিং পদ্ধতিতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী বলেন, "সারা দেশের মধ্যে আমরা মাত্র ৩ মাস ১০ দিনে একটি পূর্ণাঙ্গ সেমিস্টারের পাঠদান শেষ করে নির্ধারিত সময়ে চূড়ান্ত পরীক্ষা আয়োজন করতে পেরেছি।" তিনি উল্লেখ করেন, এমন অর্জন নিঃসন্দেহে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি প্রশংসা ও গৌরবের। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ই প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করতে সক্ষম হয়েছে। এটি শৃঙ্খলিত শিক্ষা কার্যক্রমের এক অনন্য অর্জন।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়; বরং সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার ফল। উপাচার্য শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন, যাঁরা নির্ধারিত রুটিন অনুসরণ করে প্রতিটি ক্লাস যথাসময়ে গ্রহণ করেছেন এবং পাঠদান কার্যক্রম এগিয়ে নিতে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ কৃতিত্ব শিক্ষার্থীদের অর্জন। নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি, প্রেজেন্টেশন, ক্লাস টেস্টে অংশগ্রহণ এবং একাডেমিক কার্যক্রমে সক্রিয় সহযোগিতা তাদের এই লক্ষ্য অর্জনকে সহজ করেছে। উপাচার্য উল্লেখ করেন, "শিক্ষার্থীদের আন্তরিকতা ও দায়িত্বশীল অংশগ্রহণ ছাড়া এত অল্প সময়ে সেমিস্টার সম্পন্ন করা সম্ভব হতো না।"
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমে নিয়ম ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষা কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ, সব ক্ষেত্রেই নির্ধারিত নিয়ম, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায়। ভিসি বলেন, "আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি শুধু অবকাঠামো কিংবা প্রাতিষ্ঠানিক আয়তনে নয়; বরং সময়ানুবর্তিতা, একাডেমিক উৎকর্ষ, নিয়মতান্ত্রিকতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠার মধ্যেই নিহিত।" তিনি যোগ করেন, "শৃঙ্খলাই সফলতা অর্জনের মূল চাবিকাঠি।"
এই বিশ্বাসকে ধারণ করেই নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত, আধুনিক ও গবেষণাধর্মী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের সার্বিক সহযোগিতায় সবার সম্মিলিত প্রচেষ্টায় নওগাঁ বিশ্ববিদ্যালয় বীরদর্পে নানা কৃতিত্ব অর্জনের মাধ্যমে এগিয়ে যাবে।
আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন