প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফেনীর পরশুরাম উপজেলায় চাঁদা না দেওয়ার কারণে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা রাজীব রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ অন্যান্য সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আল ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রাজীব রাজু মির্জানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তাকে যুবদল থেকে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) সকালে পরশুরাম উত্তর বাজারের ডাকঘর স্টিল ব্রিজ সংলগ্ন আমিনুল ইসলাম মিন্টুর দোকানে লাঠি হাতে প্রবেশ করেন রাজীব রাজু। তিনি মিন্টুর কাছে চাঁদা দাবি করেন এবং চাঁদার দাবি পূরণ না হওয়ায় লাঠি দিয়ে দোকানের আসবাবপত্র ও বিভিন্ন নিত্যপণ্য ভাঙচুর শুরু করেন।
অভিযোগ রয়েছে, রাজীব রাজু ওই সময় দোকানদার মিন্টুকে লাঠি দিয়ে আঘাত করেন এবং ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ লুটে নেন। পরে স্থানীয় লোকজন ব্যবসায়ী মিন্টুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টু বাদী হয়ে শনিবার বিকেলে পরশুরাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজুকে গ্রেপ্তার করে। পরে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টু বলেন, "আমার অল্প একটু পৈতৃক জমি ছিল। সেটা বিক্রি করে স্টিল ব্রিজসংলগ্ন স্থানে একটি মুদি দোকান দিই। গত কয়েকদিন ধরে রাজু মোবাইলফোনে টাকা দাবি করে আসছিল। কিন্তু টাকা দিতে না পারায় শনিবার সকালে দোকানে ঢুকে সে ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশবাক্স থেকে নগদ টাকা নিয়ে চলে যায়।"
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নাঈম উল্লাহ চৌধুরী বরাত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল) রাজুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দলের সুনাম ক্ষুণ্ন করার অপরাধ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তাকে দল থেকে অব্যাহতি দেন।
পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন গণমাধ্যমকে জানান, রাজীব রাজু বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তাকে দল থেকে বহিষ্কারের জন্য গত জেলা যুবদলের কাছে চিঠি দেওয়া হয়েছিল। যার প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিন্টু বাদী হয়ে রাজীব রাজুর বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন