ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা, নাসার অর্থায়নে গবেষণা


চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা, নাসার অর্থায়নে গবেষণা

বিজ্ঞানীরা চাঁদের মাটিতে ফসল উৎপাদনের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আরও এক ধাপ এগিয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা গবেষণাগারে তৈরি কৃত্রিম চাঁদের মাটিতে আলু উৎপাদনে সফলতা অর্জন করেছেন। তাদের দাবি, উৎপাদিত আলু খাওয়ার উপযোগী হতে পারে। নাসার অর্থায়নে পরিচালিত এই গবেষণাটি গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।

চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তোলার জন্য খাবার, পানি এবং বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা করা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। পৃথিবী থেকে সব ধরনের খাবার চাঁদে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা চাঁদেই খাদ্য উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন। নাসার আর্টেমিস মিশনের লক্ষ্যগুলোর মধ্যে চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করা অন্তর্ভুক্ত রয়েছে।

গবেষণার প্রধান গবেষক অ্যামেরিক গোয়ের নেতৃত্বে বিজ্ঞানীরা চাঁদের মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে পাঁচ ধরনের কৃত্রিম রেগোলিথ তৈরি করেছেন। চাঁদের প্রকৃত মাটি বা রেগোলিথ মূলত ভাঙা পাথর ও ধুলাবালুর মিশ্রণ। এতে পৃথিবীর মাটির মতো জৈব পদার্থ এবং পর্যাপ্ত নাইট্রোজেনের অভাব রয়েছে। পাশাপাশি এতে তামার মতো ভারী ধাতুও বিদ্যমান। এসব কারণে রেগোলিথে সরাসরি ফসল উৎপাদন করা কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন: ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর কিশোরী মেয়েকে হত্যা

সমস্যার সমাধানে গবেষকেরা কৃত্রিম রেগোলিথের সঙ্গে কেঁচোর মাধ্যমে তৈরি জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে গ্রিনহাউসে ‘মোডক’ জাতের আলু চাষ করেছেন।

পরীক্ষায় দেখা যায়, জৈব সার ছাড়া আলুগাছের শিকড় ও কন্দের বৃদ্ধি খুবই সীমিত ছিল। তবে রেগোলিথের সঙ্গে ৫ থেকে ১৫ শতাংশ জৈব সার মেশালে গাছের বৃদ্ধি কিছুটা স্বাভাবিক হয়। আর ৩০ শতাংশ জৈব সার ব্যবহার করা হলে আলুর ফলন ও মান যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের হার্মিস্টন এলাকার মাটিতে উৎপাদিত আলুর সমপর্যায়ে পৌঁছায়। হার্মিস্টন উন্নত মানের আলু উৎপাদনের জন্য পরিচিত।

গবেষকদের ধারণা, জৈব পদার্থ রেগোলিথের ভারী ধাতুর সঙ্গে যুক্ত হয়ে সেগুলোর শোষণ কমাতে সহায়তা করে। ফলে গাছের জন্য ক্ষতিকর ধাতু গ্রহণের ঝুঁকি কমে যায়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, উৎপাদিত আলুর পুষ্টিগুণ অক্ষুণ্ন ছিল। এ ছাড়া আলু সবুজ হয়ে গেলে যে প্রাকৃতিক বিষাক্ত উপাদান গ্লাইকোঅ্যালকালয়েড তৈরি হতে পারে, তার পরিমাণেও পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়া যায়নি। তবে কয়েকটি পরীক্ষায় আলুতে তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সামান্য বেশি পাওয়া গেছে। তাই এসব উপাদানের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: ইউক্রেন সংঘাতে প্রতি চার মিনিটে নিহত হচ্ছে একজন রুশ সেনা

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আলুগুলো ছোট টবে উৎপাদন করা হয়েছিল। তুলনামূলক পরীক্ষায় পৃথিবীর মাটিতে উৎপাদিত আলুর গড় ওজনও ছিল ১০ গ্রামের কম। ফলে বড় পরিসরে চাষের ক্ষেত্রে একই ফল পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

গবেষক গোয়ে জানিয়েছেন, উৎপাদিত আলুর নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। গবেষকেরা এখনো সেগুলোর স্বাদ গ্রহণ করেননি। পরবর্তী পর্যায়ে বড় টবে আলুর ১০টি জাত নিয়ে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

গবেষকদের মতে, ভবিষ্যতে নভোচারীরা পৃথিবী থেকে সীমিত পরিমাণ জৈব পদার্থ চাঁদে নিয়ে যেতে পারেন। পরে খাবারের উচ্ছিষ্ট ও উদ্ভিদের বর্জ্য ব্যবহার করে সেখানেই জৈব সার তৈরি করা সম্ভব হতে পারে। এতে চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তোলার ক্ষেত্রে খাদ্য উৎপাদনের নতুন পথ খুলতে পারে।

সব মিলিয়ে, কৃত্রিম চাঁদের মাটিতে আলু উৎপাদনের এই সাফল্য মহাকাশে কৃষি এবং ভবিষ্যৎ চন্দ্রাভিযানের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে চাঁদের প্রকৃত পরিবেশে এই পদ্ধতি কতটা কার্যকর হবে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

আরও পড়ুন: মোদি সরকারের শাসনে ভারতের গণতন্ত্রের ভিত্তি দুর্বল: এইচআরডব্লিউ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদল ২৯ ও ৩০ নভেম্বর সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


যুবদল ২৯ ও ৩০ নভেম্বর সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে ২৯ ও ৩০ নভেম্বর সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

আজ বুধবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজধানীর বিভিন্ন স্থানে পৃথকভাবে সমাবেশ ও মিছিলের আয়োজন করবে।

একই দিনে, দেশের অন্যান্য জেলা ও মহানগর যুবদলও তাদের নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিলের আয়োজন করবে। পরবর্তী দিন ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদল তাদের নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে।

ঘোষিত কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের সম্মেলন

মহাবিপন্ন প্রাণী শকুনের রক্ষা ও তার বংশ বৃদ্ধির উদ্দেশ্যে সুন্দরবনে একটি দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বন বিভাগ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি ভ্যাসেল জাহাজে এই সভাটি পরিচালনা করে। এতে অংশগ্রহণ করেন এশিয়ার ছয়টি দেশসহ বিশ্বের ১০টি দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী, আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা এবং বাংলাদেশের শীর্ষ বন কর্মকর্তাগণ।

বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী সভায় জানান, সুন্দরবনে মহাবিপন্ন শকুনের সংখ্যা বর্তমানে মাত্র ২৪৮টি। চার দশক আগে এই সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। তিনি উল্লেখ করেন, মহাবিপন্ন এই প্রাণীর বিলুপ্তি রোধে এশিয়াস ভলচার্স ফ্রম একটিংশন ২০১১ সাল থেকে কাজ করে আসছে। ২০০৫ সালে কম্বোডিয়ায় এ সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল।

এবার বাংলাদেশে শকুন রক্ষায় প্রথমবারের মতো আন্তর্জাতিক সভার আয়োজন করা হয়েছে। সভায় শকুনের সম্পূরক খাদ্য সরবরাহ, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, প্রাণীটির দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারিত্বকে শক্তিশালী করা এবং অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকার চিহ্নিত করার বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া, এশিয়ার শকুনদের বিলুপ্তি রোধে সম্মিলিত পদক্ষেপকে ত্বরান্বিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে বলেও প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী উল্লেখ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫৪ পয়েন্ট দরপতন, লেনদেন ৯১৮ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫৪ পয়েন্ট দরপতন, লেনদেন ৯১৮ কোটি টাকা

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ একটি উল্লেখযোগ্য দরপতন ঘটেছে। দিনের শেষে, প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে পৌঁছেছে। একই দিনে, ডিএসইতে মোট ২ লাখ ৩৪ হাজার ৪০৬টি ট্রেডের মাধ্যমে ২৯ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এই লেনদেনের মোট মূল্য ৯১৭ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা হিসেবে নির্ধারিত হয়েছে।

ডিএসইর লেনদেন শেষে বাজার পরিসংখ্যান অনুযায়ী, আজ ডিএসইএক্স সূচক ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিনের তুলনায় ৫৪ দশমিক ৭০ পয়েন্ট কম। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১০ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ব¬ু-চিপ কোম্পানির সূচক ডিএস৩০ ১৭ দশমিক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ৯৬ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৭৫টি ইস্যু লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৩টির দর বেড়েছে, ২৭৬টির কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত ছিল। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৮৭টি প্রতিষ্ঠানের ২১টির দর বেড়েছে, ১৫৫টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরির ৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টির দর বেড়েছে, ৫৪টির কমেছে ও ২টির দর অপরিবর্তিত ছিল। ‘জেড’ ক্যাটাগরির ১২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দর বেড়েছে, ৬৭টির কমেছে ও ৩৩টির দর অপরিবর্তিত ছিল।

এ ছাড়া, ৩১টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৪টির দর বেড়েছে, ১৮টির কমেছে এবং ৯টির দর অপরিবর্তিত ছিল। তিনটি করপোরেট বন্ডের মধ্যে একটি বেড়েছে, একটি কমেছে ও একটির দর অপরিবর্তিত ছিল।

দিন শেষে, ডিএসইর বাজার মূলধন ৬ লাখ ৭১ হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ ৯ হাজার ৮১২ টাকা দাঁড়িয়েছে। এর মধ্যে ইকুইটির বাজার মূলধন ৩ লাখ ৩৯ হাজার ৭২১ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৬০০ টাকা, মিউচুয়াল ফান্ডের ২ হাজার ৮৪৩ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৫৬১ টাকা এবং ঋণপত্রের বাজার মূলধন ৩ লাখ ২৮ হাজার ৯৪২ কোটি ১৪ লাখ ৪ হাজার ৬৫১ টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় ইনিংসেও চাপে বাংলাদেশ, ২৯৪ রান করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


দ্বিতীয় ইনিংসেও চাপে বাংলাদেশ, ২৯৪ রান করতে হবে

সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠানোর সময় স্বাগতিকদের ৪০৩ রানের বিশাল লিড ছিল। তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ৩ উইকেটে ১০৯ রান। শান্তর দল এখনো ২৯৪ রানে পিছিয়ে রয়েছে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর দক্ষিণ আফ্রিকার মারকেস অ্যাকারম্যান ও উইয়ান মুল্ডার ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখান। অ্যাকারম্যান ১৩৮ বলে ১৫০ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। আগের টেস্টেও তিনি সেঞ্চুরি করেছিলেন। টানা দ্বিতীয় টেস্টে শতকের দেখা পান এই ওপেনার।

সাত নম্বরে ব্যাট করতে নেমে মুল্ডার ১৭৮ বলে ১০০ রান করেন। তিনি মার্কো ইয়ানসেনের সঙ্গে সপ্তম উইকেটে ১০৬ রানের জুটি গড়েন। ইয়ানসেন ৯১ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া টনি ডি জর্জি ৬৬ রান করেন। শেষ পর্যন্ত ১১৫ ওভারে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ দুটি করে উইকেট নেন। ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ একটি করে উইকেট পান। তবে ৯১ রানে অলআউট হওয়া বাংলাদেশের জন্য দক্ষিণ আফ্রিকার বিশাল লিড সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শুরুতে প্রথম ইনিংসের তুলনায় ভালো করে। ওপেনিং জুটিতে তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম ৫৮ রান যোগ করেন। তানজিদ ৪৮ বলে ২৯ রান করে উইয়ান মুল্ডারের বলে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দেন।

এরপর একই স্কোরে ফিরে যান মুমিনুল হক। মুল্ডারের বলেই রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। তৃতীয় উইকেটে মাহফিজুল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ৬২ বলে ৩৮ রান করে মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হন মাহফিজুল।

মধ্যাহ্নবিরতিতে শান্ত ৫৩ বলে ১২ এবং তাওহিদ হৃদয় ১৮ বলে ২৩ রান নিয়ে অপরাজিত ছিলেন। হৃদয়ের ইনিংসে পাঁচটি চার ছিল। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৩১ রান আসে।

বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ইনিংস হার এড়াতে লম্বা সময় ব্যাট করা। দ্বিতীয় ইনিংসে আরও ২৯৪ রান তুলতে হবে প্রথম ইনিংসের ঘাটতি কাটিয়ে উঠতে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%