ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি প্রস্তাব


ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি প্রস্তাব

বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস কর্তৃক জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দূতাবাসের প্রটোকল শাখায় ‘স্থানীয় কর্মী’ পদে একজন প্রার্থী নিয়োগ করা হবে। আগ্রহী ব্যক্তিরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করা আবশ্যক। বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে মাতৃভাষা হিসেবে জাপানি ভাষা থাকতে হবে অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের (জেএলপিটি) এন২ পর্যায়ের সনদপত্র থাকতে হবে।

আরও পড়ুন: শনিবার সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

এছাড়া, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের মৌলিক ব্যবহারে দক্ষতা প্রয়োজন। সচিবালয় বা প্রটোকল-সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বাংলাদেশের মধ্যে কাজ করার জন্য বৈধ অনুমতি বা রেসিডেন্স স্ট্যাটাসও থাকতে হবে।

কাজের ধরণ:

নিয়োগপ্রাপ্ত কর্মীকে রাষ্ট্রদূত ও মিনিস্টারের সময়সূচি ব্যবস্থাপনা, সভা ও বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি, ইমেইল ও ফোন কল পরিচালনা এবং দাপ্তরিক নথিপত্র তৈরির দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত নৈশভোজের প্রস্তুতি সহ দূতাবাসের বিভিন্ন প্রটোকল-সংক্রান্ত কাজেও অংশগ্রহণ করতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:

আরও পড়ুন: মুকসুদপুর থানায় অস্ত্র উদ্ধার: সালথা ওসির টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

নির্বাচিত প্রার্থীর বেতন দ্বিতীয় ধাপের সাক্ষাৎকার শেষে যোগ্যতা অনুযায়ী নির্ধারণ করা হবে। কর্মঘণ্টা প্রতি রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থাকবে। বিশেষ প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে, এবং এ ক্ষেত্রে ওভারটাইম ভাতার সুবিধা থাকবে। সামাজিক নিরাপত্তা তহবিল বা প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের ২০ শতাংশ জমা হবে, যার মধ্যে কর্মীর পক্ষ থেকে ১০ শতাংশ এবং দূতাবাসের পক্ষ থেকে ১০ শতাংশ প্রদান করা হবে। চাকরি শেষে এই অর্থ এককালীন প্রদান করা হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মীর চাকরিতে যোগদানের সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ১ জানুয়ারি অথবা এর পরবর্তী কোনো সময় হতে পারে।

আবেদন যেভাবে:

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (আবেদনের আগ্রহের কারণ উল্লেখসহ), পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতার সনদপত্র এবং পূর্ববর্তী কর্মস্থলের সুপারিশপত্র (যদি থাকে) একত্র করে ইমেইলে পাঠাতে হবে।

আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন আটক, সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক অভিযোগে

আবেদন পাঠানোর শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬। আবেদন পাঠাতে হবে এই [email protected] ঠিকানায়। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই ‘Job Application (প্রার্থীর নাম)’ উল্লেখ করতে হবে।

প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। পুরো নিয়োগ প্রক্রিয়া ও সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন থমকে, ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন থমকে, ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভানের’ কারণে গাজীপুরের কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে উপজেলার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের মতে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই আকাশ মেঘে ঢাকা পড়ে আছে। কখনো হালকা আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, পোশাক শ্রমিক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে।

চন্দ্রা ত্রিমোড় ও চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকার সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল কমেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও ট্রাক চললেও রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের বাড়তি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই ছাতা মাথায় কিংবা পলিথিন মুড়ি দিয়ে চলাচল করছেন। এক অটোরিকশা চালক মন্তব্য করেন, ‘সকাল থেকে বৃষ্টি, যাত্রী কম। ভিজে ভিজে গাড়ি চালাতে হচ্ছে, আজ আয়ও অনেক কম।’

মৌচাক শিল্প এলাকায় পোশাক শ্রমিকদের ভোগান্তি সবচেয়ে বেশি ছিল। সকাল থেকে বৃষ্টিতে ভিজে শ্রমিকদের কারখানায় যেতে হয়েছে। কারখানার সামনে কাদা-পানি জমে থাকায় চলাচলে কষ্ট হচ্ছে। এক নারী শ্রমিক জানান, ‘সকালে বৃষ্টিতে ভিজে কারখানায় এসেছি। জামাকাপড় ভিজে যাওয়ায় কাজ করতে খুব কষ্ট হচ্ছে।’

সফিপুর বাজার ও শিল্প এলাকায় দোকানপাট খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল কম। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এক চা-দোকানি বলেন, ‘সারা দিন বৃষ্টি। দোকানে বসে আছি, কাস্টমার নেই।’ একইভাবে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করতে গিয়ে বৃষ্টিতে ভিজতে হয়েছে যাত্রীদের, বেড়েছে রিকশা ভাড়াও।

উপজেলার ভেতরের গ্রামগুলোর কাঁচা রাস্তায় কাদা-পানি জমে যাওয়ায় শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। এক দিনমজুর জানান, ‘আমরা দিন আনি দিন খাই। বৃষ্টির কারণে আজ কাজ পাইনি, ঘরে বসে আছি।’

বৃষ্টির ফলে কালিয়াকৈরে শীতের অনুভূতি বেড়েছে এবং সকাল থেকে ঠান্ডা বাতাস বইছে। এর ফলে শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছেন। এক বয়স্ক ব্যক্তি জানান, বৃষ্টিতে ঠান্ডা লেগে যাওয়ায় ঘর থেকে বের হতে পারছেন না।

এদিকে, উপজেলার কৃষকদের বক্তব্য হলো, এই বৃষ্টিপাত যদি তিন দিনের বেশি স্থায়ী হয়, তবে মাঠে থাকা শীতকালীন সবজি, ধান ও সরিষা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কালিয়াকৈর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বৃষ্টির পরিমাণ ও স্থায়িত্বের ওপর নজর রাখা হচ্ছে এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে গাজীপুরসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা আরও এক-দুই দিন অব্যাহত থাকতে পারে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষক জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত কালিয়াকৈরে মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আকাশ এখনো মেঘাচ্ছন্ন রয়েছে।

বৃষ্টির কারণে কালিয়াকৈর উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পৌরসভার পক্ষ থেকে ড্রেন পরিষ্কারের কাজ চলছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনো বড় ক্ষয়ক্ষতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

চন্দ্রা থেকে মৌচাক, সফিপুর থেকে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এবং পল্লী বিদ্যুৎ থেকে সূত্রাপুর—সর্বত্রই একই চিত্র দেখা যাচ্ছে। বৃষ্টি থেমে গেলে আকাশ পরিষ্কার হয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে কালিয়াকৈরের জনজীবন, এমনটাই এলাকাবাসীর প্রত্যাশা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার কর অঞ্চল-১৪ এ ৪৯ পদে নিয়োগ, এসএসসি পাশ আবশ্যক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


ঢাকার কর অঞ্চল-১৪ এ ৪৯ পদে নিয়োগ, এসএসসি পাশ আবশ্যক

কর অঞ্চল-১৪, ঢাকা কর্তৃক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের অধীনে ৬টি ক্যাটাগরির জন্য ৪৯ জনকে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এই পদগুলোর জন্য শুধুমাত্র ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২২ নভেম্বর থেকে।

১৫ নভেম্বর তারিখে কর অঞ্চল-১৪, ঢাকার উপকর কমিশনার (সদর দপ্তর-প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-১৪, ঢাকা।

পদের সংখ্যা: ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯টি।

আবেদন শুরু: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১৩ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫টা।

আবেদনের যোগ্যতা ও পদসংখ্যা:

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি।

গ্রেড: ১৩তম।

বেতনস্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: ৮টি।

গ্রেড: ১৩তম।

বেতনস্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৫টি।

গ্রেড: ১৪তম।

বেতনস্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১৫টি।

গ্রেড: ১৪তম।

বেতনস্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৯টি।

গ্রেড: ১৬তম।

বেতনস্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৬. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১১টি।

গ্রেড: ২০তম।

বেতনস্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে সকল পদের প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

জেলা: শুধুমাত্র ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম জমা দিয়ে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৫ নং পদগুলোর জন্য ১১২ টাকা, ৬ নং পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দেখুন ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসায় পেট্রোল বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসায় পেট্রোল বোমা হামলা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টায় দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে জানা যায়। হামলার সময় বাসায় অবস্থানরত স্বজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বোমার বিকট শব্দ শুনে তাঁরা দ্রুত বাসা থেকে বেরিয়ে আসেন এবং দেখতে পান আগুনের লেলিহান শিখা জ্বলছে।

আগুনের কারণে বাসার প্রধান ফটক পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

এদিকে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এই ঘটনার বিষয়ে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে ৮ সবজি, যেভাবে রান্না করবেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


ক্যানসারের ঝুঁকি কমাতে পারে ৮ সবজি, যেভাবে রান্না করবেন

ক্যানসার প্রতিরোধ বা নিরাময়ের জন্য কোনো একটি খাবার একা যথেষ্ট নয়। তবে উদ্ভিদনির্ভর খাদ্যাভ্যাস ও সুষম খাদ্য গ্রহণ ক্যানসারের ঝুঁকি কমাতে বিশেষ ভূমিকা পালন করে। শাকসবজি শরীরে আঁশ, ভিটামিন এবং বিশেষ ধরনের উদ্ভিজ্জ রাসায়নিক উপাদান সরবরাহ করে। পাশাপাশি, স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে।

‘নিউট্রিশন জার্নাল’-এ প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাসের মাধ্যমে সব ধরনের ক্যানসারের ৩০ থেকে ৪০ শতাংশ প্রতিরোধ সম্ভব। ভারতের হায়দরাবাদের ক্যানসার সার্জন চিকিৎসক অর্জুন শঙ্করন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক আটটি সবজির নাম উল্লেখ করেছেন। তিনি এসব সবজি রান্নার সঠিক পদ্ধতিও তুলে ধরেছেন।

চিকিৎসক তার পোস্টে উল্লেখ করেছেন, “আমি একজন ক্যানসার সার্জন। ক্যানসারের ঝুঁকি কমানোর জন্য আটটি সবজির কথা জানাচ্ছি। তবে সম্ভবত আপনারা এগুলো ভুলভাবে রান্না করছেন।”

ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক আটটি সবজি

১. রসুন

রসুনের সঙ্গে পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমানোর সম্পর্ক পাওয়া গেছে। এর উপকারিতা পেতে রসুন কুচি বা থেঁতো করে প্রায় ১০ মিনিট রেখে দেওয়ার পর রান্নায় ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। রান্নার শেষের দিকে রসুন যোগ করলে এর কার্যকর উপাদানগুলো বেশি অক্ষত থাকে। কাঁচা থেঁতো রসুন রায়তা বা দইয়ের সালাদেও মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে ১০ মিনিটের বেশি রান্না করলে রসুনের কিছু উপকারী গুণ কমে যেতে পারে।

২. পেঁয়াজ

পেঁয়াজে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। বিশেষ করে পেঁয়াজের বাইরের স্তরে এসব উপাদানের পরিমাণ বেশি থাকে। প্রতিদিনের খাবারে কাঁচা পেঁয়াজ রাখা যেতে পারে। সালাদ বা রায়তায় এটি খাওয়া সম্ভব। চাইলে পেঁয়াজ ও টমেটো দিয়ে চাটনি তৈরি করেও খাওয়া যেতে পারে। অল্প আঁচে হালকা রান্না করলে পেঁয়াজের অধিকাংশ পুষ্টিগুণ বজায় থাকে। অতিরিক্ত রান্না করা উচিত নয়।

৩. টমেটো

টমেটো রান্না করলে এর পুষ্টিগুণ, বিশেষ করে লাইকোপিনের প্রাপ্যতা বৃদ্ধি পায়। লাইকোপিন টমেটোর লাল রঙের জন্য দায়ী একটি উপাদান, যা ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত। চিকিৎসক শঙ্করন লিখেছেন, তেল শরীরে লাইকোপিন শোষণে সহায়তা করে। তবে বাজারে পাওয়া টমেটো কেচাপে অতিরিক্ত চিনি ও লবণ থাকতে পারে। তাই এ ধরনের কেচাপ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

৪. গাজর

ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত আরেকটি সবজি গাজর। সামান্য তেল দিয়ে হালকা রান্না করলে এতে থাকা ভিটামিন এ শরীরে সহজে শোষিত হতে পারে। চিকিৎসক শঙ্করের মতে, কাঁচা গাজরের তুলনায় রান্না করা গাজর থেকে তিন থেকে ছয় গুণ বেশি ভিটামিন এ পাওয়া যেতে পারে।

৫. ফুলকপি

ফুলকপি ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত। এর পুষ্টিগুণ ধরে রাখতে ভাপে সেদ্ধ করা বা অল্প সময় নেড়েচেড়ে রান্না করা ভালো। পানিতে দীর্ঘ সময় সেদ্ধ করলে এর উপকারী উপাদানের কিছু অংশ পানিতে চলে যেতে পারে। ডালের সঙ্গে ফুলকপি রান্না করা যায়, আবার মটরশুঁটির সঙ্গেও রান্না করা সম্ভব। তবে ফুলকপির মাঞ্চুরিয়ানকে স্বাস্থ্যকর রান্নার বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না বলে মন্তব্য করেছেন চিকিৎসক।

৬. বাঁধাকপি

ফুলকপির মতো বাঁধাকপিও একই গোত্রের সবজি। রান্নার আগে এটি ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। অল্প সময় নেড়েচেড়ে রান্না করা বা ভাপে সেদ্ধ করা এর পুষ্টিগুণ ধরে রাখার ভালো উপায়। বাঁধাকপি দিয়ে বিভিন্ন ধরনের ভাজি বা তরকারি তৈরি করা যায়। তবে অতিরিক্ত সেদ্ধ করে পানি ফেলে দিলে এর পুষ্টি উপাদান নষ্ট হতে পারে।

৭. ব্রকলি

ব্রকলি রান্নার সবচেয়ে ভালো পদ্ধতি হলো অল্প সময় ভাপে সেদ্ধ করা। তিন থেকে চার মিনিট ভাপে রাখলেই যথেষ্ট। এ সময় ব্রকলির রং উজ্জ্বল সবুজ থাকবে। এরপর ওপর থেকে সামান্য কাঁচা সরিষা দানা গুঁড়া ছড়িয়ে দেওয়া যেতে পারে। এই সমন্বয় সালফোরাফেন নামের একটি উপাদানের কার্যকারিতা বাড়াতে পারে, যা ক্যানসার প্রতিরোধে সহায়ক বলে বিবেচিত। তবে অতিরিক্ত তাপে রান্না করলে এর উপকারী এনজাইম নষ্ট হতে পারে।

৮. মাশরুম

মাশরুম খাওয়ার সঙ্গে স্তন ক্যানসারের ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে। তবে মাশরুম কাঁচা না খেয়ে রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। পাঁচ থেকে সাত মিনিট অল্প তেলে ভেজে বা গ্রিল করে খাওয়া যেতে পারে। মাশরুম ও মটরশুঁটির তরকারি কিংবা অমলেটেও এটি ব্যবহার করা যায়। তবে বনে বা খোলা জায়গায় পাওয়া অপরিচিত মাশরুম কখনোই খাওয়া উচিত নয়। কারণ কিছু বুনো মাশরুম বিষাক্ত হতে পারে।

প্রতিদিন কতটুকু সবজি ও ফল খাবেন?

চিকিৎসক শঙ্করনের মতে, প্রতিদিন এই আট ধরনের সবজি খাওয়ার প্রয়োজন নেই। বরং প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল ও সবজি মিলিয়ে প্রায় ৪০০ গ্রাম বা পাঁচ মুঠো পরিমাণ রাখার লক্ষ্য নেওয়া যেতে পারে। এতে বিভিন্ন সবজির আলাদা পুষ্টিগুণ পাওয়ার সুযোগ তৈরি হবে।

সবশেষে চিকিৎসক বলেন, কোনো একটি সবজি ক্যানসার নিরাময় করে না। বরং সামগ্রিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধরনই স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%