প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে রাজধানী ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এই ঘটনা ঘটে। সচিবালয়, বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়। পরে বেলা আড়াইটার দিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অধিকাংশ এলাকার সংযোগ স্বাভাবিক করা হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মহাখালী, মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ ছিল না। একই সময়ে চট্টগ্রামের একাংশ এবং নরসিংদীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।
তবে জাতীয় গ্রিডে ঠিক কী ধরনের ত্রুটি দেখা দিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পরপরই পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ শুরু করেন।
ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, জাতীয় গ্রিডের ব্যবস্থা পুনরুদ্ধার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে। ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের উদ্যোগ নেন।
বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে অধিকাংশ এলাকার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সরবরাহ নিশ্চিত করার আশা করা হচ্ছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানিয়েছেন, গ্রিড মেরামতের কাজ চলছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ছিল।
বিদ্যুৎ না থাকায় ট্রাইব্যুনালের বিচারকাজ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রমেও। বিদ্যুৎ না থাকায় ট্রাইব্যুনালের বিচারকাজ ব্যাহত হয়। প্রায় আধঘণ্টা অপেক্ষার পরও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সেদিনের মতো বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, "বিদ্যুৎ না থাকার কারণে এর আগে কখনো ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ হয়েছিল কি না, তা তাঁর মনে পড়ছে না।"
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ সরকারি ও আর্থিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।
চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম ছিল ২৯৮ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৬০১ মেগাওয়াট। ওই সময় উৎপাদন হয়েছিল ১৪ হাজার ৩০৩ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন কম ছিল ২৯৮ মেগাওয়াট।
তবে বিদ্যুতের এই ঘাটতির সঙ্গে জাতীয় গ্রিডের বিপর্যয়ের কোনো সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারাও তাৎক্ষণিকভাবে বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি।
আগেও বড় বিপর্যয়ে বিদ্যুৎহীন হয়েছিল দেশের বড় অংশ। বাংলাদেশে এর আগেও জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ২০২২ সালের ৪ অক্টোবর বেলা ২টা ৫ মিনিটে পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিভিন্ন এলাকায় তিন থেকে আট ঘণ্টার মধ্যে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারা দেশে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
মঙ্গলবারের বিপর্যয়ের পরও সংশ্লিষ্ট প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ চালিয়ে যান। তবে ঠিক কী কারণে এবার গ্রিডে বিপর্যয় ঘটেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন