প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণের অভাবে প্রায় দুই দশক ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন এই অঞ্চলের লক্ষাধিক মানুষ। অতীতে একাধিক অনিয়ম ও দুর্নীতির কারণে ফাইলবন্দী থাকা প্রকল্পের পর, সম্প্রতি সাধারণ মানুষের দাবির মুখে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) ৪৫ দিনের মধ্যে একটি অস্থায়ী ভবন নির্মাণের কার্যাদেশ প্রদান করলেও সাত মাস পেরিয়ে গেলেও সেই কাজ এখনও সম্পন্ন হয়নি। এর ফলে সাধারণ রোগীরা চিকিৎসা সেবার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, পিরোজপুরের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনটি প্রায় ১৮ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরবর্তী সময়ে ২০০৮ সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর টেন্ডারের মাধ্যমে বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স নূরী এন্টারপ্রাইজ’-কে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের জন্য ওয়ার্ক অর্ডার প্রদান করে। ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরণের প্রকল্পের আওতায় ওপিডি ভবন এবং দুটি আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও, ২০০৮ সালের ২৫ জুন চুক্তি স্বাক্ষরিত হয়ে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা সম্পন্ন করেনি।
অভিযোগ রয়েছে, নূরী এন্টারপ্রাইজ কাজ শুরু থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয় এবং আংশিক কাজ করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় সরকারি অর্থের অপচয় ঘটে এবং ভবনটি কোনো কাজে আসেনি। এই সমস্ত অনিয়মের কারণে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে।
দীর্ঘদিন ধরে নতুন হাসপাতাল ভবন নির্মাণের জন্য দুই দফায় টেন্ডার হলেও অজানা কারণে নির্মাণকাজ ঝুলে থাকে। সাধারণ মানুষের চরম ভোগান্তি ও দাবির মুখে কর্তৃপক্ষ বিকল্প হিসেবে একটি অস্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED), পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী তাঞ্জিলা ফেরদৌসি স্বাক্ষরিত গত ০৫ মে ২০২৬ তারিখের কার্যাদেশে (স্মারক নং- 45.02.0079.363.18.001.26-343) ‘মেসার্স হাওলাদার ফাউন্ডেশন’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওপিডি এবং কিচেন ব্লকের জন্য ১ তলা বিশিষ্ট আধা-স্থায়ী কাঠামো নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। ১ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকারও বেশি চুক্তিমূল্যের এই কাজের শর্ত অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের সাত দিনের মধ্যে সাইট বুঝে নিয়ে এবং পরবর্তীতে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করে তা হস্তান্তর করার কথা ছিল।
তবে বিস্ময়ের বিষয় হলো, কার্যাদেশে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার কড়া নির্দেশ থাকলেও দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও সেই অস্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। ফলে যুগ যুগ ধরে চলা স্বাস্থ্যসেবা প্রাপ্তির দুর্ভোগ থেকে কাউখালীবাসী আজও মুক্তি পাচ্ছেন না। স্থানীয় এলাকাবাসী অবিলম্বে এই নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কর্মকার জানিয়েছেন, ভবন সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা নেই। তবে তিনি জানান স্বাস্থ্য কমপ্লেক্সের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে আইনি জটিলতা নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর মহোদয় নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বস্ত করেছেন।
এ ব্যাপারে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী তাঞ্জিলা ফেরদৌসি বলেন, ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি অসুস্থ থাকার কারণে আগামী দিন থেকে তার প্রতিনিধির মাধ্যমে অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন এবং দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন