প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মক্কার পবিত্র নগরীতে অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার দুটি বিশ্বরেকর্ড অর্জন করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে ভবনের ভেতরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে এই স্থাপনাটি।
১৭ নভেম্বর সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য ইসলামিক ইনফরমেশন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের ৪২৬ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত জাদুঘরটি বিশ্বের সর্বোচ্চ জাদুঘর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৬০ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত, যা বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে চিহ্নিত হয়েছে।
মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন জানায়, ক্লক টাওয়ারের কসমস সায়েন্স অ্যান্ড ক্রিসেন্ট অবজারভেশন সেন্টার এবং মক্কা ক্লক উভয়ই স্বীকৃতির সনদ গ্রহণ করেছে।
কেন্দ্রটিতে মহাকাশবিজ্ঞান, মহাবিশ্বের রহস্য, চাঁদ দেখার প্রযুক্তি এবং সময় পরিমাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা এখানে জ্যোতির্বিজ্ঞানের বিকাশ, এর ইতিহাস এবং বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবেন।
রয়্যাল কমিশনের মতে, এই স্বীকৃতি ক্লক টাওয়ারের স্থাপত্যশৈলী ও বৈজ্ঞানিক সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গণ্য করা হচ্ছে। একই সঙ্গে, এটি দর্শনার্থীদের জন্য জ্ঞান অর্জন ও পর্যটনের নতুন অভিজ্ঞতা সৃষ্টির সুযোগ তৈরি করেছে।
কেন্দ্রটির পর্যবেক্ষণ মঞ্চ থেকে পবিত্র মসজিদুল হারাম ও পুরো মক্কা নগরীর মনোরম দৃশ্য উপভোগ করা সম্ভব। ফলে ক্লক টাওয়ারটি শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন নয়, বরং বিজ্ঞান, শিক্ষা ও পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবেও পরিচিতি লাভ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন