প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইউরোপের পাঁচটি দেশ রুয়ান্ডায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের পাঠানোর নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও নেদারল্যান্ডস—এই দেশগুলো সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রুয়ান্ডার সঙ্গে যৌথভাবে এই পরিকল্পনার কথা জানায়। ২০২৭ সালের মধ্যে অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তরের প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারগুলোর দাবি, ইউরোপে বৈধ অধিকার হারানো ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে, এই চুক্তির ফলে ঝুঁকিতে থাকা অভিবাসীরা চরম নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারেন।
পরিকল্পনাটি কী?
এই পাঁচটি দেশ রুয়ান্ডায় একটি ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবর্তন কেন্দ্র প্রতিষ্ঠা করতে চায়। ইইউভুক্ত দেশগুলো থেকে যাদের ফেরত যাওয়ার আইনি নির্দেশ রয়েছে, কিন্তু নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব নয়—তাদের রুয়ান্ডায় পাঠানো হবে, এমনকি তারা রুয়ান্ডার নাগরিক না হলেও। তবে যাদের আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হয়েছে, কেবল তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, রুয়ান্ডায় স্থানান্তরিত ব্যক্তিদের সাময়িক আবাসনসহ সব খরচ বহন করবে ইউরোপের ওই পাঁচ দেশ। সেখানে পৌঁছানোর পর অভিবাসীরা চাইলে রুয়ান্ডার সমাজে স্থায়ীভাবে মিশে যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া রুয়ান্ডা ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় তারা স্বেচ্ছায় নিজ দেশে কিংবা বৈধভাবে প্রবেশের অনুমতি আছে এমন অন্য কোনো দেশে চলে যেতে পারবেন।
এখনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং কতজনকে পাঠানো হবে সেটিও নির্দিষ্ট করা হয়নি। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইইউজুড়ে প্রায় ৬ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ প্রথমবারের মতো আশ্রয়ের আবেদন করেছিলেন, যার মধ্যে গড়ে ৪৫ শতাংশ অনুমোদিত হয়। বাকি প্রত্যাখ্যাত আবেদনকারীদের প্রায় ৯০ শতাংশই কোনো না কোনোভাবে ইউরোপে থেকে যান।
কেন রুয়ান্ডাকে বেছে নেওয়া হলো?
নেদারল্যান্ডসের উপপ্রধানমন্ত্রী বার্ট ভ্যান ডেন ব্রিঙ্ক জানিয়েছেন, বিপুলসংখ্যক অভিবাসী সামলানোর দীর্ঘ অভিজ্ঞতা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে ঘনিষ্ঠ কাজের অভিজ্ঞতার কারণেই রুয়ান্ডাকে বেছে নেওয়া হয়েছে।
প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও বুরুন্ডির বিপুলসংখ্যক শরণার্থীকে দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়ে আসছে রুয়ান্ডা। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণের চুক্তি করেছিল দেশটি। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, ইউরোপে থাকার অধিকার হারানো মানুষদের জন্য এই পরিকল্পনা ‘দ্বিতীয় সুযোগ’ তৈরি করবে। পাশাপাশি এই প্রকল্পের অর্থায়ন রুয়ান্ডার অবকাঠামোগত উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাজ্যের পুরোনো পরিকল্পনার সঙ্গে পার্থক্য : ২০২২ সালে যুক্তরাজ্যের তৎকালীন কনজারভেটিভ সরকারও অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর অনুরূপ একটি চুক্তি করেছিল। তবে সেটি ছিল আরও কঠোর; অনিয়মিত পথে যুক্তরাজ্যে আসা সব আশ্রয়প্রত্যাশীকে আবেদন যাচাইয়ের আগেই রুয়ান্ডায় পাঠানোর কথা ছিল। ২০২৩ সালে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ওই পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে এবং ২০২৪ সালে লেবার পার্টি ক্ষমতায় এসে সেটি বাতিল করে। ততদিনে যুক্তরাজ্যের প্রায় ২৯ কোটি পাউন্ড খরচ হয়ে যায়, অথচ স্বেচ্ছায় রুয়ান্ডায় গিয়েছিলেন মাত্র চারজন।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট দাবি করেছেন, যুক্তরাজ্যের পরিকল্পনার সঙ্গে তাদের নতুন উদ্যোগের কোনো তুলনা চলে না। কারণ, ইউরোপের এই পাঁচ দেশ কেবল তাদেরই পাঠাবে, যাদের আশ্রয়ের আবেদন আইনি প্রক্রিয়ায় যাচাইয়ের পর সুরক্ষার অযোগ্য বলে প্রমাণিত হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এই নতুন পরিকল্পনা আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলছে কি না, সে বিষয়ে সরকারগুলোকে পরামর্শ দিচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলোর তীব্র প্রতিবাদ : নিরপেক্ষ পর্যবেক্ষণ ও ইউএনএইচসিআরের সম্পৃক্ততার আশ্বাস সত্ত্বেও মানবাধিকার সংগঠনগুলো এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিসহ ৪৭টি সংগঠনের একটি জোট সতর্ক করে বলেছে, এর ফলে মানুষ ইউরোপে গড়ে তোলা জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে এমন এক দেশে নিক্ষিপ্ত হবে, যেখানে তাদের কোনো পরিবার বা পরিচিতজন নেই। অতীতে ইসরায়েল যাদের রুয়ান্ডায় পাঠিয়েছিল, তাদের অনেকেই নিরাপত্তার অভাবে মানব পাচারকারীদের খপ্পরে পড়েছিলেন বলে জোটটি উল্লেখ করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই উদ্যোগের কড়া সমালোচনা করেছে। সংস্থাগুলোর মতে, তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর ফলে নির্বিচার আটক, নিপীড়ন ও চরম দারিদ্র্যের ঝুঁকি তৈরি হয়। তাছাড়া রুয়ান্ডার নিজস্ব মানবাধিকার পরিস্থিতিও উদ্বেগজনক; দেশটিতে বিরোধী রাজনৈতিক নেতাদের অন্যায় বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার অভিযোগ রয়েছে। এইচআরডব্লিউর মতে, যে পাঁচটি দেশ এই চুক্তি করছে, তাদের মধ্যে চারটি দেশই গত জানুয়ারিতে জাতিসংঘে রুয়ান্ডার মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন