ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদীতে মা-মেয়ের মরদেহ মিলল


নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদীতে মা-মেয়ের মরদেহ মিলল

সিলেটের সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হন ওই মা ও মেয়ে।

আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

মৃত মা ও মেয়ের নাম হলো: সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) এবং তার ১১ মাসের মেয়ে জয়স্মিতা বিশ্বাস।

এ বিষয়ে মঞ্জুশ্রী চক্রবর্তীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, ‘আমার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। আমাদের ১১ মাস বয়সের মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স যখন মাত্র তিন মাস, তখনই এ রোগ ধরা পড়ে। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে আমার স্ত্রী সব সময় দুশ্চিন্তায় থাকতেন।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।’

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

তিনি জানান, নিখোঁজ মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৩০ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৩০ ডিসেম্বর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন।

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা সিআইডি এদিন প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরবর্তীতে ওই অর্থ ফিলিপাইন পাঠানো হয়। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে।

এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারা ও ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোহেল খানের শেষ নাস্তার টেবিলে বলা কথাগুলো স্মরণ করলেন মুকিত জাকারিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


সোহেল খানের শেষ নাস্তার টেবিলে বলা কথাগুলো স্মরণ করলেন মুকিত জাকারিয়া

বগুড়ায় শুটিংয়ের জন্য গিয়েছিলেন সোহেল খান। সেখানে কাজ শেষ করে ঢাকায় ফেরার কথা ছিল, কিন্তু সেই প্রত্যাবর্তন আর সম্ভব হলো না। হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহেল খান ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়ার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী। মুকিত জাকারিয়া তার কাছের বন্ধুকে হারিয়ে শোকাহত। বন্ধুর সঙ্গে কাটানো শেষ মুহূর্তের স্মৃতি বারবার মনে পড়ছে তার। মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে সেই স্মৃতিগুলো তুলে ধরেছেন তিনি।

মুকিত জাকারিয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তার সঙ্গে সোহেল খান ও বলিউড অভিনেতা মুকেশ ঋষি উপস্থিত। শুটিং শেষে তারা একসঙ্গে নাস্তা করছিলেন। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে মুকিত জাকারিয়া লিখেছেন, ‘আমি, সোহেল খান আর বলিউড অভিনেতা মুকেশ ঋষি। শুটিং শেষে একসঙ্গে নাস্তা করছি। আর কোনো দিন সোহেল খানের সঙ্গে দেখা হবে না। ওপারে ভালো থাকবেন ভাই।’

এক পোস্টে একসঙ্গে নাস্তা করার স্মৃতিও তুলে ধরেছেন মুকিত জাকারিয়া। তিনি বলেন, ‘সকালে একসঙ্গে নাস্তা করেছি। মুকেশ ঋষিও ছিলেন আমাদের সঙ্গে। আমি তার পাশে বসেছিলাম। তখন সোহেল ভাই বলল, আমাকে মুকেশের পাশে বসতে দাও। তারপর মুকেশকে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো। কথাগুলো এখন বারবার কানে বাজছে। আজ তো সোহেলের কথা শুনে হাসপাতালে ছুটে গেছে মুকেশ। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। তোমারে ঘুমাইতে দিমু না বইলা বন্ধু আমার আজীবনের জন্য ঘুমাইয়া গেল...।’

মুকিত জাকারিয়ার সঙ্গে সোহেল খানের বন্ধুত্ব ও পরিচয় ১৪ বছরেরও বেশি সময়ের। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন মাধ্যমে তারা একসঙ্গে অনেক কাজ করেছেন।

জানা গেছে, সোহেল খান গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে বগুড়ায় ছিলেন। বুধবার (২৫ নভেম্বর) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন তিনি। ইউনিটের একজন সদস্য তাকে ডাকতে হোটেলের কক্ষে যান। সেখানে তাকে বিছানায় পড়ে থাকতে দেখে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে অন্যদের ডাকেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় মোবাইল অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে সোহেল খানের পর্দায় অভিষেক ঘটে। পরে ফারুকীর নির্মাণেই রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। এরপর নাটকের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি।

নাটকের পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ বছরে ৬৭৫৬ ক্যামেরায় মাত্র ১২ বার ধরা পড়েছে বিরল বুশ ডগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


২৫ বছরে ৬৭৫৬ ক্যামেরায় মাত্র ১২ বার ধরা পড়েছে বিরল বুশ ডগ

দক্ষিণ আমেরিকার বিরল প্রজাতির বন্য কুকুর, বুশ ডগ, ২৫ বছরে মাত্র ১২ বার শনাক্ত হয়েছে। গবেষকরা ৬ হাজার ৭৫৬টি ট্রেইল ক্যামেরা স্থাপন করে সাতটি দেশের ৯৭টি এলাকায় দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ চালানোর পর এই তথ্য সংগ্রহ করেছেন।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত এই গবেষণার ফলাফল Canid Biology & Conservation সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় ৬ লাখ ১১ হাজার ১৫৯ রাতের ক্যামেরা পর্যবেক্ষণের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই পর্যবেক্ষণে মোট ১৪টি বুশ ডগ শনাক্ত হয়েছে, যা ১২টি ঘটনার মধ্যে ধরা পড়েছে।

বুশ ডগ একটি ছোট আকারের মাংসাশী বন্য কুকুর, যা মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে বসবাস করে। এই প্রাণীটির কাঁধের উচ্চতা প্রায় ৩০ সেন্টিমিটার এবং ওজন ৫ থেকে ৭ কেজি। ২০১১ সাল থেকে প্রাণীটি ‘বিপন্নতার কাছাকাছি’ (Near Threatened) হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

গবেষণায় প্যারাগুয়ে, পেরু ও ভেনেজুয়েলায় বুশ ডগের উপস্থিতি শনাক্ত করা যায়নি। তবে, প্রাণীটির ছবি পাওয়া গেছে বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া ও ইকুয়েডরে।

বুশ ডগের উপস্থিতি অন্যান্য প্রাণীর তুলনায় অনেক কম ছিল একই ক্যামেরায়। ছোট কানওয়ালা বন্য কুকুরের তুলনায় ৫০ গুণ, ওসেলটের তুলনায় প্রায় ২৮০ গুণ এবং জাগুয়ারের তুলনায় ১০০ গুণ কম ক্যামেরায় ধরা পড়েছে প্রাণীটি।

গবেষণার সহলেখক এবং ডব্লিউসিএসের জীববিজ্ঞানী মারিয়া এস্তেলা ভিসকারা মন্তব্য করেন, "হাজার হাজার ক্যামেরায় ২৫ বছর ধরে অসংখ্য বন্যপ্রাণীর ছবি পাওয়া গেলেও বুশ ডগের উপস্থিতি ছিল হাতেগোনা।" তিনি আরও বলেন, এই বিরলতা নির্দেশ করে যে, প্রাণীটির আবাসস্থল বিচ্ছিন্ন বা বিঘ্নিত হলে জনসংখ্যা কতটা ঝুঁকিতে পড়তে পারে।

গবেষকদের অনুমান, আমাজন বনাঞ্চলে প্রতি ৩৫০ বর্গকিলোমিটারে গড়ে একটি বুশ ডগ রয়েছে। বন ধ্বংস, আবাসস্থল বিচ্ছিন্ন হওয়া, জলবায়ু পরিবর্তন, দাবানল, সড়ক নির্মাণ, নিধন এবং গৃহপালিত কুকুর থেকে ছড়ানো রোগ প্রাণীটির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূত্র: ইয়াহু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, এমনটি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি উল্লেখ করেন, মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে। তারেক সাঈদের জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র‍্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।

বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

সংবাদ সম্মেলনে মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, নারায়ণগঞ্জের সাত খুন দেশের এমন একটি নৃশংস অপরাধ, যা সমাজের প্রত্যেক মানুষকে নাড়া দিয়েছে। মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের যে বিবরণ উঠে এসেছে, তা অত্যন্ত ভয়াবহ। প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয় এবং লাশ যেন পানিতে ভেসে উঠতে না পারে, সেজন্য পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। আসামিদের এই জবানবন্দির সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে।

অ্যাটর্নি জেনারেল জানান, সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেছেন। শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ তুলে ধরার পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনা হয়েছে। বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে এবং বৃহস্পতিবারও (২৬ নভেম্বর) মামলাটির শুনানি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিয়াউল আহসানকে সাত খুন মামলায় আসামি না করার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এই মামলার বিচার হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ভিন্ন। এই মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি, সেটি আলাদা বিষয়। তবে মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে তার নাম ও দায়িত্বের বিষয়টি উঠে এসেছে। এ কারণে ইতোমধ্যে সম্পন্ন হওয়া বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল এমন কথা বলার সুযোগ নেই।

রায়ের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এ মামলায় হাইকোর্ট বিভাগ ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া এই রায় বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে।

অ্যাটর্নি জেনারেল জানান, দ্রুত বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের অধিকার। আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে চারটি আলোচিত মামলার শুনানি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাগুলো হলো নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েটের আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%