প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ায় শুটিংয়ের জন্য গিয়েছিলেন সোহেল খান। সেখানে কাজ শেষ করে ঢাকায় ফেরার কথা ছিল, কিন্তু সেই প্রত্যাবর্তন আর সম্ভব হলো না। হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল খান ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়ার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী। মুকিত জাকারিয়া তার কাছের বন্ধুকে হারিয়ে শোকাহত। বন্ধুর সঙ্গে কাটানো শেষ মুহূর্তের স্মৃতি বারবার মনে পড়ছে তার। মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে সেই স্মৃতিগুলো তুলে ধরেছেন তিনি।
মুকিত জাকারিয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তার সঙ্গে সোহেল খান ও বলিউড অভিনেতা মুকেশ ঋষি উপস্থিত। শুটিং শেষে তারা একসঙ্গে নাস্তা করছিলেন। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে মুকিত জাকারিয়া লিখেছেন, ‘আমি, সোহেল খান আর বলিউড অভিনেতা মুকেশ ঋষি। শুটিং শেষে একসঙ্গে নাস্তা করছি। আর কোনো দিন সোহেল খানের সঙ্গে দেখা হবে না। ওপারে ভালো থাকবেন ভাই।’
এক পোস্টে একসঙ্গে নাস্তা করার স্মৃতিও তুলে ধরেছেন মুকিত জাকারিয়া। তিনি বলেন, ‘সকালে একসঙ্গে নাস্তা করেছি। মুকেশ ঋষিও ছিলেন আমাদের সঙ্গে। আমি তার পাশে বসেছিলাম। তখন সোহেল ভাই বলল, আমাকে মুকেশের পাশে বসতে দাও। তারপর মুকেশকে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো। কথাগুলো এখন বারবার কানে বাজছে। আজ তো সোহেলের কথা শুনে হাসপাতালে ছুটে গেছে মুকেশ। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। তোমারে ঘুমাইতে দিমু না বইলা বন্ধু আমার আজীবনের জন্য ঘুমাইয়া গেল...।’
মুকিত জাকারিয়ার সঙ্গে সোহেল খানের বন্ধুত্ব ও পরিচয় ১৪ বছরেরও বেশি সময়ের। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন মাধ্যমে তারা একসঙ্গে অনেক কাজ করেছেন।
জানা গেছে, সোহেল খান গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে বগুড়ায় ছিলেন। বুধবার (২৫ নভেম্বর) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন তিনি। ইউনিটের একজন সদস্য তাকে ডাকতে হোটেলের কক্ষে যান। সেখানে তাকে বিছানায় পড়ে থাকতে দেখে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে অন্যদের ডাকেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় মোবাইল অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে সোহেল খানের পর্দায় অভিষেক ঘটে। পরে ফারুকীর নির্মাণেই রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। এরপর নাটকের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি।
নাটকের পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন