সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪৭ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের অংশগ্রহণের ১০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের অগ্রগতি নিয়ে একটি ব্লু পেপার প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে এ প্রকাশনা তৈরি করে।
আজ ঢাকার একটি হোটেলে বাংলাদেশে চীনা দূতাবাসের আয়োজনে প্রকাশনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
‘সিল্ক রোড ধরে স্বপ্নের পথে, পারস্পরিক কল্যাণে ভবিষ্যৎ বিনির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে চীনা দূতাবাসের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, গবেষক ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। বিসিসিসিআইয়ের সভাপতি, সহসভাপতি, পরিচালক ও সদস্যদের একটি প্রতিনিধিদলও অনুষ্ঠানে উপস্থিত ছিল।
অনুষ্ঠানে সিইএবির সভাপতি হান কুন অবকাঠামো, জ্বালানি, যোগাযোগ, প্রযুক্তি, শিক্ষা ও শিল্প উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সহযোগিতার অগ্রগতি তুলে ধরেন। তিনি বিসিসিসিআইয়ের দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ভূমিকার প্রশংসা করেন।
বিসিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, চীনা বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ম্যান-মেড ফাইবার, মূলধনী যন্ত্রপাতি, কারিগরি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ওষুধশিল্প, আবাসন ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
একই সঙ্গে বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজারে আরও বেশি প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা পাওয়া সম্ভব।
অনুষ্ঠানে ড. ইমতিয়াজ আহমেদ ব্লু পেপারটি উপস্থাপন করেন। এতে ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশ বিআরআইতে যুক্ত হওয়ার পর গত এক দশকে বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।
প্রকাশনায় বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতের সহযোগিতার চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন সুপারিশও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়েইন গবেষক দল ও আয়োজকদের প্রশংসা করেন। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে চীনের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) নাম লিখিয়েছেন দেশের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দল তাকে অনগ্রসর শ্রেণি (ওবিসি) মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে নিয়োগ করেছে।
শনিবার (২১ নভেম্বর) বিজেপিতে যোগ দেওয়ার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে চাহাল লেখেন, ‘বিজেপি পরিবারের মধ্যে আমাকে স্থান ও সম্মান দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌরিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’
বিজেপিতে নাম লেখানোর আগে চাহাল মৌরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। মৌরিয়া বিজেপির জাতীয় সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তিনি রাজ্যসভার একজন সংসদ সদস্যও।
চাহাল ২০১৬ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। সম্প্রতি তিনি লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে প্রস্তুত রাখলেও, তিনি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন ২০২৩ সালে। এখন পর্যন্ত তিনি ৭২টি ওয়ানডেতে ১২১ এবং ৮০টি টি-টোয়েন্টিতে ৯৬ উইকেট নিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতুর মধ্যে সোনা অন্যতম। সোনা শুধুমাত্র অলংকার বা বিনিয়োগের মাধ্যম হিসেবেই নয়, বরং এই মূল্যবান ধাতু বর্তমানে একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ সূচকে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের সোনা উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে চীন।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছর চীন ৩৮৪ দশমিক ৩ টন সোনা উৎপাদন করেছে (২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)। আগের বছর (২০২৪ সাল) দেশটি ৩৮০ দশমিক ২ টন সোনা উৎপাদন করে বিশ্বের শীর্ষ সোনা উৎপাদক হিসেবে অবস্থান করে।
চীন কেবল সোনা উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে না, বরং তারা এই মূল্যবান ধাতুর সবচেয়ে বড় ভোক্তাও।
সোনা উৎপাদনের ক্ষেত্রে চীন দুটি পদ্ধতি অনুসরণ করে। দেশটি নিজেদের খনি থেকে প্রাপ্ত কাঁচামাল থেকে সোনা উৎপাদন করে এবং পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল থেকেও সোনা উৎপাদন করে।
চীনের পণ্যবাজার বিষয়ক তথ্য ও পরামর্শক প্রতিষ্ঠান সানসার্স গত ৫ নভেম্বর চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
৪ নভেম্বর প্রকাশিত চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত) চীন দেশীয় কাঁচামাল থেকে মোট ২২০ দশমিক ৯৩৫ টন সোনা উৎপাদন করেছে।
অন্যদিকে, আমদানি করা কাঁচামাল থেকে চীনে সোনা উৎপাদিত হয়েছে ১২৭ দশমিক শূন্য ৫৫ টন।
অর্থাৎ, দেশীয় এবং আমদানি করা উভয় ধরনের কাঁচামাল থেকে চীনে মোট সোনা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৭ দশমিক ৯৯ টন। আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন ১১ দশমিক ৪৪ শতাংশ কম।
এ বছরের প্রথম তিন প্রান্তিকে ভোক্তা হিসেবে চীনে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন সোনার ব্যবহার হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেশি।
এর মধ্যে গয়না তৈরিতে ব্যবহৃত হয়েছে ১৭৮ দশমিক ৬১২ টন সোনা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৮৬ শতাংশ কম।
অন্যদিকে, সোনার বার ও কয়েন কেনায় ব্যবহৃত হয়েছে ৪৪৪ দশমিক ৫৭৬ টন, যা গত বছরের তুলনায় ২৬ দশমিক ২৬ শতাংশ বেশি। চীনের সাধারণ জনগণ সোনার বার ও কয়েন কিনে এ খাতে বিনিয়োগ করে।
শিল্পসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন সোনা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪১ শতাংশ বেশি।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে সোনার দাম প্রথমে বেড়েছে, পরে কমেছে। তবে সামগ্রিকভাবে দাম উচ্চপর্যায়েই ছিল। স্বল্প মেয়াদে দামের ওঠানামা বেড়ে যাওয়ায় সোনার বাজারের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।
চীনের সবচেয়ে বড় ৫ সোনার খনি
যুক্তরাজ্যভিত্তিক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান গ্লোবালডেটার খনি ও প্রকল্প বিষয়ক তথ্যভান্ডার অনুযায়ী, বর্তমানে বিশ্বে ১ হাজার ৩৫২টির বেশি সোনার খনি কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে ১১৭টি চীনে অবস্থিত।
তাদের খনিবিষয়ক তথ্যভান্ডারের ২০২৩ সালের উৎপাদনের হিসাব অনুযায়ী, চীনের সবচেয়ে বড় পাঁচটি সোনার খনি হলো—
শাসি কপার মাইন: চীনের আনহুই প্রদেশে অবস্থিত এটি একটি ভূগর্ভস্থ খনি। এর মালিক টংলিং ননফেরাস মেটালস গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে।
ইশিংঝাই গোল্ড মাইন: এই সোনার খনিটি চীনের শানসি প্রদেশে অবস্থিত। ইশিংঝাই গোল্ড মাইনের মালিক জিজিন মাইনিং গ্রুপ। ভূগর্ভস্থ এই খনি থেকে ২০২৩ সালে আনুমানিক ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৩৯ সাল পর্যন্ত খনিটি চালু থাকবে।
সানশানদাও গোল্ড মাইন: সানশানদাও গোল্ড মাইন চীনের শানদং প্রদেশে অবস্থিত। এর মালিক শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৮৯ হাজার ১৬০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত খনিটি চালু থাকবে।
জিয়াওজিয়া গোল্ড মাইন: এটি চীনের শানদং প্রদেশে অবস্থিত একটি ভূগর্ভস্থ সোনার খনি। এর মালিক শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ৪৭০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০২৬ সাল পর্যন্ত খনিটি চালু থাকার কথা রয়েছে।
দে শিং মাইন: দে শিং মাইন চীনের জিয়াংসি প্রদেশে অবস্থিত একটি উন্মুক্ত খনি। এর মালিক জিয়াংসি কপার। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৬৫ হাজার ২৩০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৫০ সাল পর্যন্ত খনিটি চালু থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটের দুটি স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি কার্যক্রম শুরু হয়েছে, যা প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয়। গত ২৭ জুন থেকে এই দুটি বন্দরে আমদানি কার্যক্রম স্থগিত ছিল।
কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান, কড়ইতলী-গোবরাকুড়া আমদানি ও রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সদস্য, ব্যবসায়ী এবং শ্রমিকরা আমদানি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে এসব বন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হয়েছিল। এতে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব এবং ১৮ লাখ টাকা ভ্যাট আদায় হয়েছে।
ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান মন্তব্য করেন, "২৫টি পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে এই বন্দর দিয়ে মাত্র একটি পণ্যই (কয়লা) আসছে, যা বন্দর ও ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ। তবে আমরা চাই সবসময় বন্দর সচল থাকুক। এতে সরকার রাজস্ব পাবে এবং শ্রমিক-ব্যবসায়ী সবাই ভালো থাকবে।"
ব্যবসায়ী শামসুল আলম সামস জানান, "আগে প্রতিদিন কয়লা আসত এবং দিন শেষে অন্তত চারশত থেকে পাঁচ শ গাড়ি কয়লা পাওয়া যেত। তখন ব্যবসা ভালো ছিল এবং শ্রমিকদের মধ্যে কর্মচঞ্চলতা থাকত। ২০১৫ সাল থেকে দেখা যাচ্ছে যেদিন কয়লা আসে, পরদিন থেকে আবার বন্ধ থাকে। প্রতিদিন নিয়মিত কয়লা এলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে।"
কড়ইতলী ও গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, "পাঁচ মাস বন্ধ থাকার পর বন্দর চালু হয়েছে। ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত ২ থেকে ৩ জন কয়লা পেয়েছেন। কাজ না থাকায় শ্রমিকরা অপেক্ষায় ছিলেন, কাজ শুরু হওয়ায় তাদের মাঝে কর্মযজ্ঞ ফিরে এসেছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : টাইব্রেকারে ৪-৩ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে জাতীয় বিশ্ববিদ্যালয় ফাইনালে পৌঁছেছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায়। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ফাইনালে রাজশাহীর বিরুদ্ধে খেলবে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের খেলায় গোল না হওয়ার কারণে ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয়লাভ করে জাতীয় বিশ্ববিদ্যালয় ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্মান অর্জন করে।
প্রতিযোগিতার শুরু থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের দল শক্তিশালী প্রদর্শন করেছে। প্রথম ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করে দলটি। দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে এবং তৃতীয় ম্যাচে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারায়। টানা তিনটি জয়ের পর চতুর্থ ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে জাতীয় বিশ্ববিদ্যালয় ফাইনালে তাদের স্থান নিশ্চিত করে।
ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ হচ্ছে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম মন্তব্য করেন, "প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাতীয় বিশ্ববিদ্যালয় দল। আশা করি আমরা আমাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।"
এছাড়া উল্লেখযোগ্য, গতবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ