সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪৫ পি.এম
পদ্মা ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা কোর ব্যাংকিং সিস্টেমের আপগ্রেডের জন্য টানা প্রায় ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ডাউনটাইম কার্যকর হবে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এই ডাউনটাইমের অনুমোদন প্রদান করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই সময়ের মধ্যে পদ্মা ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। একইসাথে, চেক, ইএফটি, আরটিজিএস ও এনপিএসবি লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে না।
এছাড়া, ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পিওএস, এটিএম, ই-কমার্স সাইট এবং ইন্টারনেট ব্যাংকিং সেবাগুলোও বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ও পর্যাপ্ত প্রচারণা অব্যাহত রাখার শর্তে এই ডাউনটাইমের অনুমতি দিয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই অনুমোদন প্রদান করা হয়েছে।
এই সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরে হত্যার দায়ে আদালত শেখ রুম্মান নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশনা রয়েছে। মামলার অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং চার জনকে খালাস করা হয়েছে।
পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান সোমবার দুপুরে এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের শেখ রুম্মান হোসেন, সুমনা বেগম এবং সাদিয়া ইসলাম। শেখ রুম্মানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, বাকি দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর অপু নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার তিন দিন পর অভিযুক্ত রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে ওই দিনই নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই মামলার রায় ঘোষণা করে।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাদারীপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে শিবচর উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক কসরত (পিটি) চলাকালীন এই ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো দুপুর ১২টার সময় বিদ্যালয় মাঠে শারীরিক চর্চার আয়োজন করেন শিক্ষকরা। শারীরিক শিক্ষার শিক্ষক বাঁশিতে ফু (আওয়াজ) দিলে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে লাইনে দাঁড়ায়। এর ৩-৪ মিনিট পর হঠাৎ করে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে।
পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর বিদ্যালয়ে উপস্থিত অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ এখনও জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সকলেই শঙ্কামুক্ত।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে মিজান বলেন, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি জানার জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষকেও সতর্ক ও আরও দায়িত্বশীল হতে পরামর্শ দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাবনার চাটমোহর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, খেসারি ও মশুর ফসল উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য অ্যাড. আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং সাংবাদিক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ হাজার ৫ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১৩ হাজার ৬৫০ কেজি বীজ এবং ২ লাখ ৮ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের অংশগ্রহণের ১০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের অগ্রগতি নিয়ে একটি ব্লু পেপার প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে এ প্রকাশনা তৈরি করে।
আজ ঢাকার একটি হোটেলে বাংলাদেশে চীনা দূতাবাসের আয়োজনে প্রকাশনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
‘সিল্ক রোড ধরে স্বপ্নের পথে, পারস্পরিক কল্যাণে ভবিষ্যৎ বিনির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে চীনা দূতাবাসের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, গবেষক ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। বিসিসিসিআইয়ের সভাপতি, সহসভাপতি, পরিচালক ও সদস্যদের একটি প্রতিনিধিদলও অনুষ্ঠানে উপস্থিত ছিল।
অনুষ্ঠানে সিইএবির সভাপতি হান কুন অবকাঠামো, জ্বালানি, যোগাযোগ, প্রযুক্তি, শিক্ষা ও শিল্প উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সহযোগিতার অগ্রগতি তুলে ধরেন। তিনি বিসিসিসিআইয়ের দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ভূমিকার প্রশংসা করেন।
বিসিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, চীনা বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ম্যান-মেড ফাইবার, মূলধনী যন্ত্রপাতি, কারিগরি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ওষুধশিল্প, আবাসন ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
একই সঙ্গে বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজারে আরও বেশি প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা পাওয়া সম্ভব।
অনুষ্ঠানে ড. ইমতিয়াজ আহমেদ ব্লু পেপারটি উপস্থাপন করেন। এতে ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশ বিআরআইতে যুক্ত হওয়ার পর গত এক দশকে বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।
প্রকাশনায় বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতের সহযোগিতার চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন সুপারিশও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়েইন গবেষক দল ও আয়োজকদের প্রশংসা করেন। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে চীনের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ