প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের হালুয়াঘাটের দুটি স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি কার্যক্রম শুরু হয়েছে, যা প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয়। গত ২৭ জুন থেকে এই দুটি বন্দরে আমদানি কার্যক্রম স্থগিত ছিল।
কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান, কড়ইতলী-গোবরাকুড়া আমদানি ও রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সদস্য, ব্যবসায়ী এবং শ্রমিকরা আমদানি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে এসব বন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হয়েছিল। এতে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব এবং ১৮ লাখ টাকা ভ্যাট আদায় হয়েছে।
ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান মন্তব্য করেন, "২৫টি পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে এই বন্দর দিয়ে মাত্র একটি পণ্যই (কয়লা) আসছে, যা বন্দর ও ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ। তবে আমরা চাই সবসময় বন্দর সচল থাকুক। এতে সরকার রাজস্ব পাবে এবং শ্রমিক-ব্যবসায়ী সবাই ভালো থাকবে।"
ব্যবসায়ী শামসুল আলম সামস জানান, "আগে প্রতিদিন কয়লা আসত এবং দিন শেষে অন্তত চারশত থেকে পাঁচ শ গাড়ি কয়লা পাওয়া যেত। তখন ব্যবসা ভালো ছিল এবং শ্রমিকদের মধ্যে কর্মচঞ্চলতা থাকত। ২০১৫ সাল থেকে দেখা যাচ্ছে যেদিন কয়লা আসে, পরদিন থেকে আবার বন্ধ থাকে। প্রতিদিন নিয়মিত কয়লা এলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে।"
কড়ইতলী ও গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, "পাঁচ মাস বন্ধ থাকার পর বন্দর চালু হয়েছে। ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত ২ থেকে ৩ জন কয়লা পেয়েছেন। কাজ না থাকায় শ্রমিকরা অপেক্ষায় ছিলেন, কাজ শুরু হওয়ায় তাদের মাঝে কর্মযজ্ঞ ফিরে এসেছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন