০৪:৩৯ পি.এম
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার মঞ্চে ‘শান্তি’র বার্তা নিয়ে হাজির হয়ে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে মিস ইসরাইল ড্যানিয়েল ইয়াবলঙ্কাকে। ফিলিস্তিনে ইসরাইলের সামরিক অভিযান, গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার প্রেক্ষাপটে তার পোশাকের বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
গত সপ্তাহান্তে পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত মিস ইউনিভার্সের জাতীয় পোশাক প্রদর্শনীতে অংশগ্রহণ করেন ২৫ বছর বয়সী এই প্রতিযোগী। সোনালি অলংকারখচিত পোশাক, বুট ও মুকুট পরে মঞ্চে ওঠেন তিনি। তার পোশাকের পেছনে ছিল জলপাইগাছ ও জাফা কমলার ছবি। নিচে ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় লেখা ছিল ‘শান্তি’ শব্দটি।
বিচারকদের সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার সময় দর্শকদের একাংশ তাকে লক্ষ্য করে দুয়োধ্বনি দিতে শুরু করেন। মঞ্চের সংগীতের মধ্যেও সেই আওয়াজ স্পষ্ট শোনা যায়।
আরও পড়ুন: ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর কিশোরী মেয়েকে হত্যা
এরপর পোশাকের পেছনের অংশ প্রদর্শন করেন ইয়াবলঙ্কা। সেখানে জেরুজালেমের একটি চিত্র তুলে ধরা হয়। ছবির কেন্দ্রে ছিল আল-আকসা মসজিদ কমপ্লেক্সের সোনালি ও নীল রঙের অবয়ব। চারপাশে দেখানো হয় পুরোনো শহরের দৃশ্য। ছবিতে ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় জেরুজালেমের নামও লেখা ছিল।
তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী পূর্ব জেরুজালেম অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচিত। ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবেও পূর্ব জেরুজালেমকে দাবি করে আসছেন।
‘শান্তির বার্তা’ নিয়েই কেন বিতর্ক
ইসরাইলের এই প্রতিযোগীর পোশাক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের বক্তব্য, গাজায় ইসরাইলের সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার মধ্যে ‘শান্তি’র বার্তা তুলে ধরা দ্বিচারিতার শামিল।
আরও পড়ুন: ইউক্রেন সংঘাতে প্রতি চার মিনিটে নিহত হচ্ছে একজন রুশ সেনা
এক্সে এক ব্যবহারকারী লেখেন, ফিলিস্তিনে দখলদারত্ব ও গণহত্যা চলার মধ্যে শান্তির বার্তা লেখা পোশাক পরে মঞ্চে ওঠার দুঃসাহসের কারণেই মিস ইসরাইলকে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে।
পোশাকে ব্যবহৃত জলপাইগাছ ও কমলার ছবিও সমালোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ, জলপাইগাছ ও জাফা কমলা ফিলিস্তিনের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে পরিচিত।
একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাইগাছ উপড়ে ফেলা হচ্ছে, অথচ সেই গাছের ছবিই শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর ১ হাজার ৩৬৯টি হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর অভিযানে বহু জলপাইগাছ উপড়ে ফেলার ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন: মোদি সরকারের শাসনে ভারতের গণতন্ত্রের ভিত্তি দুর্বল: এইচআরডব্লিউ
‘মরুভূমিকে ফুলে-ফলে ভরিয়ে তোলা’
মঞ্চে ইয়াবলঙ্কার পরিচয় করিয়ে দেওয়ার সময় উপস্থাপক ইসরাইলকে এমন একটি ভূখণ্ড হিসেবে বর্ণনা করেন, যেখানে ইতিহাস বেঁচে আছে, বিভিন্ন সংস্কৃতির মিলন ঘটেছে এবং মরুভূমিও ফুলে-ফলে ভরে উঠেছে। ইসরাইল কীভাবে শুষ্ক ভূমিকে কৃষিসমৃদ্ধ জনপদে পরিণত করেছে, সেটিও তুলে ধরেন তিনি।
তবে উপস্থাপকের এই বক্তব্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঔপনিবেশিক বয়ান হিসেবে আখ্যা দিয়েছেন অনেকে। সমালোচকদের মতে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে ফিলিস্তিনের ঐতিহাসিক উপস্থিতি ও কৃষিভিত্তিক সমাজের ইতিহাস আড়াল করা হয়।
ইতিহাসবিদদের বিভিন্ন গবেষণায় অটোমান শাসনামলসহ বিভিন্ন সময়ে ফিলিস্তিনে কৃষি, বাণিজ্য ও কমলা উৎপাদনের সমৃদ্ধ ইতিহাসের উল্লেখ রয়েছে। বিশেষ করে জাফা কমলা একসময় আন্তর্জাতিক বাজারে পরিচিত পণ্য ছিল।
আরও পড়ুন: মার্কিন পাহারায় থাকা ছয় জাহাজে হামলা, ট্রাম্পের রুট এড়িয়ে চলার হুঁশিয়ারি ইরানের
মিস ফিলিস্তিনের পোশাকের সঙ্গে মিল
মিস ইসরাইলের পোশাক নিয়ে বিতর্কের মধ্যে গত বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মিস ফিলিস্তিন নাদা আইয়ুবের পোশাকের প্রসঙ্গও সামনে এসেছে। ২০২৫ সালে প্রথম ফিলিস্তিনি নারী হিসেবে প্রতিযোগিতাটিতে অংশ নেওয়া আইয়ুবের পোশাকেও জেরুজালেমের আল-আকসা মসজিদের ডোম অব দ্য রক এবং চার্চ অব দ্য হলি সেপালকারের ছবি ছিল। পোশাকটি তৈরি করেছিলেন ফিলিস্তিনি শিল্পী নেভেন এলকাদি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর এক ভিডিওতে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান আইয়ুব। তিনি লেখেন, ‘আমি ঘুরেছিলাম, বিশ্ব জেরুজালেমকে দেখেছিল। এক বছর পর মিস ইসরাইল ঘুরলেন। দৃশ্যটি কি পরিচিত মনে হচ্ছে?’
তিনি আরও প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক মঞ্চে জেরুজালেমের ছবি তুলে ধরা হলেও সেখানে ফিলিস্তিনিদের কণ্ঠস্বর কোথায়?
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনে ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা
এবারের প্রতিযোগিতায় মিস ফিলিস্তিনের অংশ না নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। আইয়ুব জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় একজন সুন্দরী প্রতিযোগীকে পাঠাতে বিপুল অর্থ ও সাংগঠনিক প্রস্তুতি প্রয়োজন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের জন্য ফিলিস্তিনে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব রয়েছে।
গাজায় ইসরাইলের সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পরিস্থিতিও নতুন প্রতিভা তৈরির সুযোগ সংকুচিত করছে বলে মন্তব্য করেন তিনি।
আগামী প্রতিযোগিতার জন্য মিস ফিলিস্তিন নির্বাচন ও অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যবসায়ী, সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন আইয়ুব। তার মতে, আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের নিজস্ব পরিচয় ও কণ্ঠস্বর তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: বড় ক্ষতির সম্মুখীন শত্রু বাহিনী, হটিয়ে দিতে প্রস্তুত ইরানের সেনারা: আইআরজিসি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন