ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অনেক হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী


অনেক হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী

পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং দাবি করেছেন যে ভারত ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে। তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে কথিত ‘হিন্দু হত্যার’ প্রতিশোধও নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনো সন্দেহ নেই।’

এ মন্তব্য গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে।

আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

সম্প্রতি হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান।

এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, হাসিনা দেশে ফিরবেন বন্দি হিসেবে। তাকে হাতকড়া পরিয়ে কঠোর নজরদারির মধ্যে আনা হবে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাওয়ার বিষয়টি ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেছেন।

হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা বারবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। অন্যদিকে নয়াদিল্লি বরাবরই বলছে, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে পরীক্ষা করলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


প্রধানমন্ত্রী ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে পরীক্ষা করলেন

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে তিনি কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন।

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য আনা এসব বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল ভিন্ন, মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখা।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর কাছে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল নিয়ে আসা হয়। তিনি সেগুলো চালিয়ে দেখেন। এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে মজুরি নির্ধারণ করা হলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


পোশাকশ্রমিকদের কোন গ্রেডে মজুরি নির্ধারণ করা হলো

দীর্ঘ আলোচনা, দর কষাকষি এবং গোপন ভোটের পর পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা হিসেবে নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন মজুরিকাঠামোতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য চারটি গ্রেড বজায় রাখা হয়েছে। সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এর জন্য নিম্নতম মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-২-এর মজুরি ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর মজুরি ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর জন্য মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে চতুর্থ সভা শেষে বুধবার ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে নতুন মজুরিকাঠামো ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে বোর্ডের সব সদস্য একমত হলেও চতুর্থ গ্রেডের বিষয়ে তা সম্ভব হয়নি। এ কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। পরে একই বিধিমালার ১২৯(১) বিধি অনুসারে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

শিক্ষানবিশ শ্রমিকদের মজুরির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতাবিরোধী অপরাধের অভিযুক্তদের চিহ্নিত করতে গণশুনানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


মানবতাবিরোধী অপরাধের অভিযুক্তদের চিহ্নিত করতে গণশুনানি শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে জেলায় জেলায় গণশুনানি আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এই গণশুনানির মাধ্যমে গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা এবং রাজনৈতিক নির্যাতনের মতো অপরাধীদের চিহ্নিত করা হবে।

আজ বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন।

চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে প্রেরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা, আহত ও নিহতের পরিবার, প্রেসক্লাবের সদস্যরা, সুশীল সমাজের প্রতিনিধিরা, ছাত্র-জনতা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

এছাড়া, চিঠিতে আরও জানানো হয়েছে যে, সরকার এই প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা প্রদান করবে। গণশুনানির পূর্বে প্রতিটি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচারের ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সমন্বয়ে গণশুনানি আয়োজনের পাশাপাশি ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য ও জলবায়ু পরিবর্তনের অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য ও জলবায়ু পরিবর্তনের অগ্রগতি

॥ গোলাম আহাদ ॥

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম সম্মেলন (কপ৩১)-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ যে কূটনৈতিক অগ্রগতি অর্জন করেছে, সেটির বাস্তবসম্মত মূল্যায়ন করা অত্যন্ত জরুরি।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ গত ২২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় ৫০ ঘণ্টা পর শেষ হওয়া এ সম্মেলন ইতিহাসের দীর্ঘতম কপ সম্মেলন হিসেবে চিহ্নিত হয়েছে। তবে সম্মেলনের মূল রাজনৈতিক সিদ্ধান্ত ‘আন্তালিয়া চুক্তি’ গ্রহণ ছাড়াই এর সমাপ্তি ঘটে। ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত সম্মেলনের পর এই প্রথম কোনো কপ সম্মেলন সামগ্রিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলো।

গত ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের এ সফরে বিশ্বনেতাদের কাছে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও জলবায়ু ন্যায়বিচারের দাবিগুলো তুলে ধরার সুযোগ তৈরি হয়। পাশাপাশি তুরস্ক, অস্ট্রেলিয়া, চীন, উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান প্রধানমন্ত্রী।

আন্তালিয়ায় যা ঘটেছে

জীবাশ্ম জ্বালানির বিষয়ে কোনো উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ছোট দ্বীপরাষ্ট্রগুলো, নরওয়ে, পানামাসহ অনেক দেশ চুক্তির খসড়া প্রত্যাখ্যান করে। অন্যদিকে, আফ্রিকা ও আরব দেশগুলোর জোট জলবায়ু অর্থায়ন অপর্যাপ্ত বলে অভিযোগ করলেও শেষ পর্যন্ত খসড়াটি গ্রহণে সম্মত ছিল। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জোট জানায়, এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি।

কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম ঐকমত্যের অভাবের বিষয়টি স্বীকার করেন এবং নতুন কোনো খসড়া উপস্থাপন করা হবে না বলে জানান। তবে সম্মেলন পুরোপুরি ব্যর্থ হয়নি।

অভিযোজন, ক্ষয়ক্ষতি, ন্যায়সংগত জ্বালানি রূপান্তর, কার্বন বাজার ও জলবায়ু অর্থায়ন বিষয়ে পৃথক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশের অর্জন

প্রথমত, এলডিসিভুক্ত দেশগুলোর জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) বাস্তবায়নে সহায়তার জন্য একটি পৃথক প্ল্যাটফর্ম গঠনে দেশগুলো সম্মত হয়েছে। বাংলাদেশ এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম দিকেই জাতীয় অভিযোজন পরিকল্পনা জমা দিয়েছিল। ফলে নতুন এ উদ্যোগ থেকে সরাসরি উপকৃত হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।

দ্বিতীয়ত, অভিযোজন তহবিলের (অ্যাডাপটেশন ফান্ড) পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হয়েছে। প্যারিস চুক্তির ৬.৪ অনুচ্ছেদের আওতায় কার্বন বাজার থেকে অর্জিত অর্থের একটি অংশ এখন থেকে এ তহবিলে জমা হবে। একই সঙ্গে তহবিলের পরিচালনা পর্ষদে উন্নয়নশীল দেশগুলোর সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে। বাংলাদেশ যখন নিজস্ব কার্বন বাণিজ্য কাঠামো গড়ে তোলার কাজ করছে, তখন এ সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করে।

তৃতীয়ত, বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের (গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন) সূচকগুলো পরিমার্জনের দায়িত্বে থাকা টাস্কফোর্সে এলডিসি জোটের মনোনীত তিনজন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত হবেন।

চতুর্থত, কয়েকটি উন্নত দেশের আপত্তি সত্ত্বেও জলবায়ু অর্থায়ন কর্মসূচি ২০২৮ সাল পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর অর্থায়নের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকছে।

পঞ্চমত, ক্ষয়ক্ষতি তহবিলবিষয়ক সিদ্ধান্তে প্রতিশ্রুত অর্থ দ্রুত প্রকৃত অর্থ পরিশোধে রূপান্তরের আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, এ তহবিলের পরিচালনা পর্ষদ আগামী ডিসেম্বর থেকে অর্থ বিতরণ শুরু করার কথা রয়েছে।

ষষ্ঠত, সম্মেলন শুরুর আগে গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে আন্তালিয়া সম্মেলনে বাংলাদেশ এলডিসি জোটের অংশ হিসেবে আলোচনা ও দর-কষাকষিতে অংশ নিতে পেরেছে।

সর্বশেষ, প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচটি প্রস্তাব এবং তুরস্কের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্ট ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মতো বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক দৃশ্যমানতা বেড়েছে।

এ ছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

যেসব ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হয়নি

সবচেয়ে বড় হতাশা এসেছে অভিযোজন অর্থায়নের ক্ষেত্রে। এলডিসি জোট ও বাংলাদেশের প্রতিনিধিদল ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন বছরে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছিল। কিন্তু গৃহীত কোনো সিদ্ধান্তেই এ পরিমাণ অর্থায়নের লক্ষ্যমাত্রা কিংবা এর ভিত্তিবছর নির্ধারণ করা হয়নি।

সুশীল সমাজের কয়েকটি সংগঠনের তথ্য অনুযায়ী, ফ্রান্স ২০১৯ সালকে ভিত্তিবছর হিসেবে নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। এতে লক্ষ্যমাত্রা কমে বছরে মাত্র ৬০ বিলিয়ন ডলারে দাঁড়াত।

জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচি (ইউএনইপি) বলছে, ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর বার্ষিক অভিযোজন ব্যয়ের প্রয়োজন দাঁড়াবে ৩০৫ বিলিয়ন ডলার। সে হিসাবে ১২০ বিলিয়ন ডলারও মোট প্রয়োজনের মাত্র ২০ থেকে ২৯ শতাংশ পূরণ করতে পারত। কিন্তু আন্তালিয়া সম্মেলনে এ ন্যূনতম পরিমাণ অর্থায়ন নিয়েও কোনো সমঝোতা হয়নি। ফলে এ বিষয়ে অবস্থান অনেকটা কপ৩০-এর শেষ সময়ের মতোই রয়ে গেছে।

নতুন কোনো অর্থায়নের প্রতিশ্রুতিও আসেনি। একটি বিশ্লেষণে দেখা গেছে, সরকারি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ৭০ শতাংশ কমেছে। ক্ষয়ক্ষতি তহবিলে প্রতিশ্রুত অর্থের পরিমাণ ৩৪২ মিলিয়ন ডলার, যেখানে প্রয়োজনীয় অর্থের দাবি ২ দশমিক ৮ বিলিয়ন ডলার।

প্রধানমন্ত্রীর সফরের মূল্যায়ন

গত ১২ নভেম্বর কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সুরক্ষায় পাঁচটি জরুরি প্রস্তাব তুলে ধরেন। তিনি আরও ন্যায়সংগত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক সহায়তার সাধারণ আবেদন থেকে বাংলাদেশের দাবি একটি সুনির্দিষ্ট আলোচনার কাঠামো পেয়েছে। জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঋণের পরিবর্তে অনুদান প্রদান, ঋণের বোঝা লাঘব ও প্রযুক্তিতে ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়গুলো এতে গুরুত্ব পেয়েছে।

এসব দাবি এলডিসি জোটের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জলবায়ু আলোচনার পরবর্তী ধাপগুলোতে বাংলাদেশের অবস্থান নির্ধারণে প্রধানমন্ত্রীর এ বক্তব্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

এখন বাংলাদেশের করণীয়

২০২৭ সালের জুনে বন সম্মেলন এবং নভেম্বরে আদ্দিস আবাবায় অনুষ্ঠিতব্য কপ৩২-এর জন্য বাংলাদেশের কৌশল এখনই চূড়ান্ত করা প্রয়োজন। মূল দাবি হওয়া উচিত, ২০২৫ সালের ৪০ বিলিয়ন ডলারকে ভিত্তি ধরে ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলার অভিযোজন অর্থায়ন নিশ্চিত করা এবং তা ঋণের পরিবর্তে অনুদান হিসেবে প্রদান করা।

এ লক্ষ্যে এলডিসি জোট ও নেপালের মতো সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করতে হবে।

নতুন জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তির জন্য অর্থায়নযোগ্য প্রকল্পের একটি তালিকা প্রস্তুত রাখতে হবে। এলডিসি তহবিলের কর্মসূচিতে আগে যেসব প্রকল্প অন্তর্ভুক্ত হয়নি, সেগুলোর বিষয়ে ব্যাখ্যা চাইতে হবে এবং নতুন কর্মসূচিতে পুনরায় জমা দেওয়ার প্রস্তুতি নিতে হবে।

ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থ পাওয়ার জন্য বাংলাদেশের আবেদন প্রস্তুত করে আগামী ডিসেম্বরে তহবিলের পরিচালনা পর্ষদের বৈঠকের আগেই জমা দেওয়া প্রয়োজন।

অভিযোজন তহবিলের নতুন অর্থের উৎস কাজে লাগাতে জাতীয় কার্বন বাণিজ্য কাঠামো দ্রুত চূড়ান্ত করতে হবে। এ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। প্যারিস চুক্তির ৬ অনুচ্ছেদের আওতায় কার্বন বাজারের বিধিবিধান এখনো বিতর্কিত এবং ২০২৮ সালে এ বিষয়ে পর্যালোচনার কথা রয়েছে। তাই বাংলাদেশের কাঠামোতে পরিবেশগত অখণ্ডতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে হবে।

কপ৩১ বাংলাদেশকে একেবারে শূন্য হাতে ফেরায়নি। অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের প্ল্যাটফর্ম ও অভিযোজন তহবিলের জন্য কার্বন বাজার থেকে অর্থের সংস্থান ও এলডিসি দেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার মতো প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি হয়েছে। তবে অর্থায়নের পরিমাণ কত হবে, কখন পাওয়া যাবে ও কী শর্তে দেওয়া হবে— এসব কেন্দ্রীয় প্রশ্নের সমাধান এখনো হয়নি।

প্রধানমন্ত্রীর বক্তব্য ও বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান আরও স্পষ্ট করেছে। এখন প্রয়োজন সমন্বিত প্রস্তুতি, শক্তিশালী আন্তর্জাতিক জোট ও দেশের অভ্যন্তরে জবাবদিহির ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণ। তাহলেই এ কূটনৈতিক অর্জন উপকূলীয় ও নিম্নাঞ্চলের মানুষের জন্য বাস্তব সুরক্ষায় রূপ নিতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%