সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৭ পি.এম
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের কারণে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে প্রভাব পড়েছে। সোমবার (২৩ নভেম্বর) অন্তত ৪৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা। শ্রমিকদের অসন্তোষ ও কর্মবিরতির কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ২৫টি কারখানায়। এছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে কর্মস্থলে অবস্থান করছেন।
সোমবার সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিলেও কিছু কারখানায় উৎপাদন শুরু করতে পারেননি কর্তৃপক্ষ। কোথাও শ্রমিকেরা হাজিরা দিয়ে উৎপাদন বন্ধ রাখেন। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ২২টি কারখানা হলো সুসুকা নিট, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রিন লাইফ নিটেক্স, মণ্ডল নিটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, অ্যালায়েন্স নিট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডটকম, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন।
অন্যদিকে শ্রমিক অসন্তোষের কারণে সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সাদাতিয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বান্দো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি, কমপ্লিট কম্পোজিট ও উঁচু ফ্যাশন কারখানায়।
এছাড়া ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশনের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত থাকলেও উৎপাদনকাজে অংশ নেননি। তাঁরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।
সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। নিউ এইজ গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার ৪৪০ জন শ্রমিক কর্মরত রয়েছেন বলে বিজিএমইএর তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সকাল ৮ টার দিকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কারখানায় প্রবেশ করেন। তবে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন তাঁরা। সকাল ৮ টা ৫০ মিনিটের দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় তাঁদের একাংশ কারখানার ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় বাসের শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বাগ্বিতণ্ডা হয়। পরে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ বাসটির গ্লাস ভাঙচুর করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায়ও হাঙ্গামার চেষ্টা করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও দৌড়াদৌড়ি শুরু হয়। এ সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান সিরাতুব নামের এক নারী শ্রমিক। এ ছাড়া রেখা ও সুইটি নামের আরও দুই নারী শ্রমিক পায়ে আঘাত পান। তাঁদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়। আহত তিনজনই আশঙ্কামুক্ত রয়েছেন।
এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এইজ গ্রুপের আশপাশের অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইনসহ কয়েকটি কারখানায়ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান।
এদিকে শিল্পাঞ্চলের দেওয়ান ইদ্রিস রোডের গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টসেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু রোডের এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেডে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।
শ্রমিকদের ভাষ্য, ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হলেও নতুন বেতন কাঠামো নিয়ে তাঁদের অনিশ্চয়তা কাটেনি। চাকরি হারানোর ভয়ে অনেক শ্রমিক সরাসরি আন্দোলনে অংশ নিচ্ছেন না। তবে তাঁদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। সরকার ও মালিকপক্ষ আন্তরিক হলে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে যৌক্তিক বেতন কাঠামো ঘোষণা করা সম্ভব বলে মনে করেন তাঁরা।
শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, কয়েকটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছেন। দুই একটা জায়গায় শ্রমিকরা কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে সামগ্রিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বর্ষায় নদীগুলো যৌবনবতী হয়ে উঠলেও হেমন্তে তাদের রূপ পরিবর্তিত হয়। প্রকৃতিপ্রেমীরা শান্ত, স্নিগ্ধ ও মায়াবী সেই রূপে মুগ্ধ হন। বর্ষা মৌসুমে উত্তাল ঢেউ এবং ঘোলা জল কমে যাওয়ার পর জল অনেকটা স্বচ্ছ হয়ে ওঠে।
শীতলক্ষ্যা নদীও এক সময় এর ব্যতিক্রম ছিল না। ভোরে নদীর জলে সূর্যের আলো কুয়াশার চাদর ভেদ করে পড়লে সেখানে সোনালি আভা সৃষ্টি হতো। শীতলক্ষ্যার তীর ঘেঁষে গড়ে ওঠা কলকারখানার শ্রমিক এবং জনপদের মানুষের কাছে এটি ছিল দারুণ উপভোগ্য। কিন্তু সেই দিনগুলো এখন অতীত। প্রকৃতির এই মৌসুমী পরিবর্তনের সময় নদীটির যৌবনে ভাটার সুর দেখা দিয়েছে।
নদীপারের মানুষের ভাষ্যমতে, এক সময় স্রোতস্বিনী শীতলক্ষ্যার বুকে ছিল পানির অফুরন্ত প্রবাহ। পালতোলা নৌকা, পণ্যবাহী জাহাজ এবং ছোট-বড় অসংখ্য নৌযানের বিচরণে মুখর থাকতো এর দুই তীর। শুকনো মৌসুমেও নদীতে পর্যাপ্ত পানি ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিরচেনা দৃশ্য বদলে যাচ্ছে। দখল ও দূষণের কারণে নদীটি এখন কাহিল হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, গাজীপুরের কালীগঞ্জ এবং এর আশপাশের জনপদের পাশ দিয়ে বয়ে চলা শীতলক্ষ্যা নদী এই অঞ্চলের অর্থনীতি, যোগাযোগ, কৃষি ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। নদীর বুকে এখনো পণ্যবাহী কার্গো ও বিভিন্ন নৌযান চলাচল করছে। তবে পানির স্বাভাবিক প্রবাহ, গভীরতা এবং নাব্যতা নিয়ে উদ্বেগ রয়েছে।
সম্প্রতি সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় নদীতীর ঘুরে দেখা গেছে, কোথাও নদীর বুক কচুরিপানায় ঠাসা। নদীর দুই তীর ঘিরে গড়ে উঠেছে অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র এবং জনবসতি। আবার চর জেগে ওঠার দৃশ্য নদীর পরিবর্তিত অবস্থার ইঙ্গিত দেয়।
কালীগঞ্জের মুক্তারপুর এলাকার বাসিন্দা আলভি জানাচ্ছেন, ঋতুর পরিবর্তনে শীতলক্ষ্যার পানি কমছে। তবে পানি আগের মতো পরিষ্কার নয়। নদীটিকে বাঁচাতে চেষ্টা করা উচিত।
নদীপথের সঙ্গে জীবিকা নির্বাহে যুক্ত কালীগঞ্জের জামালপুর এলাকার নৌযান শ্রমিক জয়নাল হোসেন বলছেন, কচুরিপানা বেশি জমে গেলে নৌকা চালাতে সময় বাড়ে। কখনো কখনো নৌকার ইঞ্জিনে কচুরিপানা আটকে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। এতে সময় ও জ্বালানি অপচয় হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের মধ্যেও নদী দখল, দূষণ এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ চলছে। নিয়মিত খনন না করাও নদীর নাব্যতা সংকটের একটি কারণ। তবে শীতলক্ষ্যার বর্তমান পরিস্থিতিতে কোন কারণ কতটা দায়ী, তা নির্ধারণে বৈজ্ঞানিক সমীক্ষা এবং পানিপ্রবাহের দীর্ঘমেয়াদি তথ্য প্রয়োজন।
তারা বলছেন, নদীকে বাঁচিয়ে রাখতে শুধু বর্ষা মৌসুমে পানির অপেক্ষায় থাকলে চলবে না, প্রয়োজন নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, অবৈধ দখল উচ্ছেদ, দূষণ নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত খনন। একইসঙ্গে নিয়মিত নদীর পানির স্তর, স্রোত ও নাব্যতা পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন কালের কণ্ঠকে বলেছেন, শীতলক্ষ্যা শুধু একটি নদীর নাম নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনৈতিক জীবনের অংশ। নদীর যৌবন ফিরিয়ে আনা মানে কেবল নৌপথ সচল রাখা নয়, একটি জনপদের পরিবেশ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার বিষয়ও। তাই সময় থাকতে শীতলক্ষ্যাকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম জানাচ্ছেন, নদী ও নদীর সৌন্দর্য রক্ষায় বর্তমান সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। খুব শিগগির ভালোভাবে দৃশ্যমান হবে আশা করি। বর্তমানে শীতলক্ষ্যার প্রাকৃতিক সৌন্দর্য এবং নাব্যতা রক্ষায় আমরা কাজ করছি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : জনমত জরিপে পিছিয়ে থাকা স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগামী রোববারের নির্বাচনে ক্ষমতায় ফেরার জন্য আবারও লড়াইয়ে নেমেছেন। তবে রাজনৈতিকভাবে বিভক্ত দেশটির এই নির্বাচনে বিরোধী রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) এবং উগ্র ডানপন্থীদের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্পেনের এই নির্বাচনের ফলাফল ইউরোপ জুড়ে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। কারণ, আগামী ১২ মাসে ইউরোপের বিভিন্ন দেশে ধারাবাহিক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে।
আট বছর ধরে ক্ষমতায় থাকা সানচেজ ইউরোপের অন্যতম পরিচিত বামপন্থী নেতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। চলতি সপ্তাহান্তে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট দিন, জয়ী হোন এবং আরও চার বছর দেশ পরিচালনার সুযোগ দিন।’
তবে জনমত জরিপে ৬৫ বছর বয়সী পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখোর চেয়ে সানচেজ এখনও পিছিয়ে রয়েছেন। যদিও দুই নেতার মধ্যে ব্যবধান ক্রমেই কমে আসছে।
সমর্থকদের উদ্দেশে ফেইখো বলেন, ‘স্পেনের পরিবর্তন প্রয়োজন। আর আমরা সবাই মিলে সেই পরিবর্তন আনব।’ তিনি একই সঙ্গে জনমত জরিপের ওপর নির্ভর না করার আহ্বান জানান।
নির্বাচনে পিপি সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে দলটি এককভাবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের সর্বশেষ সাধারণ নির্বাচনের পর যেমন কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এবারও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছে, যা জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকটি সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হয়।
এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন সিএফ এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় সংসদে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এই সংলাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিরোধী দলগুলো সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার পাশাপাশি এই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি চাপ প্রয়োগ করবে, এমন ইঙ্গিত পাওয়া গেছে।
এনসিপির সঙ্গে আজকের সংলাপ শুরু হলেও প্রধানমন্ত্রীর অন্য দলগুলোর সঙ্গে সংলাপের সূচি এখনও চূড়ান্ত হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে গতকাল রোববার মুখোমুখি হয় ভারত ‘এ’ এবং পাকিস্তান ‘এ’। ম্যাচ শুরুর আগে টসের সময় একটি বিতর্কের সৃষ্টি হয়। ম্যাচের রেফারি নিয়ামুর রশিদ ভুলবশত টসের ফল ভারতের পক্ষে ঘোষণা করেন।
ভারতের অধিনায়ক তিলক ভার্মা কয়েন ছুড়েছিলেন। পাকিস্তানের অধিনায়ক আবদুল সামাদ ডাক দেন ‘হেড’। কয়েনটি দুই অধিনায়কের মাঝখানে পড়ে যায়। রশিদ এগিয়ে গিয়ে দেখেন এবং সম্প্রচারের উপস্থাপককে তিনি ‘টেইল’ বলেছেন বলে মনে হয়। তবে সামাদ নিশ্চিত হতে পারেননি এবং নিজেই কয়েনটি দেখেন। এরপর তিনি বলেন, ‘হেড।’
রশিদ এই সিদ্ধান্ত মেনে নেন। শেষ পর্যন্ত টস পাকিস্তানের পক্ষে ঘোষণা করা হয় এবং সামাদ প্রথমে ব্যাটিং বেছে নেন।
ঘটনাটির ভিডিও এক্সে ছড়িয়ে পড়ে, যেখানে একটি পোস্টে উল্লেখ করা হয় যে রেফারি প্রথমে টসের ফল ভুল ঘোষণা করেন। সামাদ সঙ্গে সঙ্গে ভুলটি ধরিয়ে দেন এবং পুনরায় দেখতে বলেন। সামাদ সঠিক ছিলেন এবং রেফারি পরে নিজের সিদ্ধান্ত সংশোধন করেন। পোস্টে আরও বলা হয়, ভারত-পাকিস্তান ম্যাচে নাটক লেগেই থাকে এবং এবার টসের নাটক ক্যামেরায় ধরা পড়েছে।
এ ঘটনায় পাকিস্তানের কিছু ভক্ত ভারতের প্রতি ‘পক্ষপাতের’ অভিযোগ তুলেছেন। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
দুই অধিনায়কের কথায় বোঝা গেছে, টসটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সামাদ বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করতে চাই। দল আজ খুব আত্মবিশ্বাসী। পিচ শুকনো দেখাচ্ছে। তাই আমরা ব্যাটিং করতে চেয়েছি। ছেলেরা খুব আত্মবিশ্বাসী। প্রতিটি ব্যাটার, প্রতিটি বোলার ও দলের সবাই আত্মবিশ্বাসী। আজ ভালো ম্যাচ দেখবেন।’
তিলক বলেন, ‘আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। পিচ একটু শুকনো দেখাচ্ছে। আমাদের কাছে এটা আরেকটি ম্যাচ। কিন্তু দর্শকদের কাছে এটা আকর্ষণীয় ম্যাচ। তারা সব সময় এর অপেক্ষায় থাকে।’
শেষমেশ, টস জেতা দলই ম্যাচ জিতেছে। পাকিস্তান ৩১৩ রানের পাহাড় গড়ে ৪৮ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ