প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্ষায় নদীগুলো যৌবনবতী হয়ে উঠলেও হেমন্তে তাদের রূপ পরিবর্তিত হয়। প্রকৃতিপ্রেমীরা শান্ত, স্নিগ্ধ ও মায়াবী সেই রূপে মুগ্ধ হন। বর্ষা মৌসুমে উত্তাল ঢেউ এবং ঘোলা জল কমে যাওয়ার পর জল অনেকটা স্বচ্ছ হয়ে ওঠে।
শীতলক্ষ্যা নদীও এক সময় এর ব্যতিক্রম ছিল না। ভোরে নদীর জলে সূর্যের আলো কুয়াশার চাদর ভেদ করে পড়লে সেখানে সোনালি আভা সৃষ্টি হতো। শীতলক্ষ্যার তীর ঘেঁষে গড়ে ওঠা কলকারখানার শ্রমিক এবং জনপদের মানুষের কাছে এটি ছিল দারুণ উপভোগ্য। কিন্তু সেই দিনগুলো এখন অতীত। প্রকৃতির এই মৌসুমী পরিবর্তনের সময় নদীটির যৌবনে ভাটার সুর দেখা দিয়েছে।
নদীপারের মানুষের ভাষ্যমতে, এক সময় স্রোতস্বিনী শীতলক্ষ্যার বুকে ছিল পানির অফুরন্ত প্রবাহ। পালতোলা নৌকা, পণ্যবাহী জাহাজ এবং ছোট-বড় অসংখ্য নৌযানের বিচরণে মুখর থাকতো এর দুই তীর। শুকনো মৌসুমেও নদীতে পর্যাপ্ত পানি ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিরচেনা দৃশ্য বদলে যাচ্ছে। দখল ও দূষণের কারণে নদীটি এখন কাহিল হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, গাজীপুরের কালীগঞ্জ এবং এর আশপাশের জনপদের পাশ দিয়ে বয়ে চলা শীতলক্ষ্যা নদী এই অঞ্চলের অর্থনীতি, যোগাযোগ, কৃষি ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। নদীর বুকে এখনো পণ্যবাহী কার্গো ও বিভিন্ন নৌযান চলাচল করছে। তবে পানির স্বাভাবিক প্রবাহ, গভীরতা এবং নাব্যতা নিয়ে উদ্বেগ রয়েছে।
সম্প্রতি সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় নদীতীর ঘুরে দেখা গেছে, কোথাও নদীর বুক কচুরিপানায় ঠাসা। নদীর দুই তীর ঘিরে গড়ে উঠেছে অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র এবং জনবসতি। আবার চর জেগে ওঠার দৃশ্য নদীর পরিবর্তিত অবস্থার ইঙ্গিত দেয়।
কালীগঞ্জের মুক্তারপুর এলাকার বাসিন্দা আলভি জানাচ্ছেন, ঋতুর পরিবর্তনে শীতলক্ষ্যার পানি কমছে। তবে পানি আগের মতো পরিষ্কার নয়। নদীটিকে বাঁচাতে চেষ্টা করা উচিত।
নদীপথের সঙ্গে জীবিকা নির্বাহে যুক্ত কালীগঞ্জের জামালপুর এলাকার নৌযান শ্রমিক জয়নাল হোসেন বলছেন, কচুরিপানা বেশি জমে গেলে নৌকা চালাতে সময় বাড়ে। কখনো কখনো নৌকার ইঞ্জিনে কচুরিপানা আটকে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। এতে সময় ও জ্বালানি অপচয় হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের মধ্যেও নদী দখল, দূষণ এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ চলছে। নিয়মিত খনন না করাও নদীর নাব্যতা সংকটের একটি কারণ। তবে শীতলক্ষ্যার বর্তমান পরিস্থিতিতে কোন কারণ কতটা দায়ী, তা নির্ধারণে বৈজ্ঞানিক সমীক্ষা এবং পানিপ্রবাহের দীর্ঘমেয়াদি তথ্য প্রয়োজন।
তারা বলছেন, নদীকে বাঁচিয়ে রাখতে শুধু বর্ষা মৌসুমে পানির অপেক্ষায় থাকলে চলবে না, প্রয়োজন নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, অবৈধ দখল উচ্ছেদ, দূষণ নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত খনন। একইসঙ্গে নিয়মিত নদীর পানির স্তর, স্রোত ও নাব্যতা পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন কালের কণ্ঠকে বলেছেন, শীতলক্ষ্যা শুধু একটি নদীর নাম নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনৈতিক জীবনের অংশ। নদীর যৌবন ফিরিয়ে আনা মানে কেবল নৌপথ সচল রাখা নয়, একটি জনপদের পরিবেশ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার বিষয়ও। তাই সময় থাকতে শীতলক্ষ্যাকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম জানাচ্ছেন, নদী ও নদীর সৌন্দর্য রক্ষায় বর্তমান সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। খুব শিগগির ভালোভাবে দৃশ্যমান হবে আশা করি। বর্তমানে শীতলক্ষ্যার প্রাকৃতিক সৌন্দর্য এবং নাব্যতা রক্ষায় আমরা কাজ করছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন