ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফিফা নির্বাচনে সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তাশিমার


ফিফা নির্বাচনে সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তাশিমার

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬ : ফিফা সভাপতি পদপ্রার্থী কোজো তাশিমা জানিয়েছেন, তিনি আপাতত ফ্রান্সের ফিলিপ দিয়ালোকে এককভাবে লড়াইয়ের সুযোগ করে দিতে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন না। তিনি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জাপানের তাশিমা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় ‘স্বচ্ছতা ও সততা’ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী মার্চের নির্বাচনে বর্তমান সভাপতি ইনফান্তিনো এবং ফরাসি ফুটবলপ্রধান দিয়ালোর সঙ্গে তাঁর নামও রয়েছে প্রার্থী তালিকায়।

ইনফান্তিনো বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার ব্যর্থ পরিকল্পনা নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছেন। তবে তিনি চতুর্থ ও শেষ মেয়াদে নির্বাচিত হওয়ার প্রচেষ্টায় এখনও যথেষ্ট সমর্থন পাচ্ছেন।

আরও পড়ুন: কুঁচকির চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

দিয়ালোর প্রতি ইউরোপের সমর্থন রয়েছে। ইনফান্তিনোকে হটাতে তাঁকেই তুলনামূলক সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। কিন্তু তাশিমা বলেছেন, প্রতিদ্বন্দ্বীতার পথ পরিষ্কার করে দিতে আপাতত সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তাঁর নেই।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সাবেক সভাপতি তাশিমা সাংবাদিকদের জানান, “আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলব। দিয়ালোর প্রশাসনিক ও পরিচালনাগত অভিজ্ঞতা যথেষ্ট। তাই তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা আমার রয়েছে।”

“তবে এই মুহূর্তে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছি না।”

দিয়ালো তাশিমার সঙ্গে আলোচনা করতে চান বলে ইঙ্গিত দিয়েছেন, যাতে ‘একজোট হওয়ার’ লক্ষ্যে কাজ করা যায়।

আরও পড়ুন: স্যান্ডপেপার কাণ্ডে কামিন্সের পদত্যাগে হ্যাজেলউডও সরে দাঁড়ানোর ইঙ্গিত

তাশিমা জানিয়েছেন, দিয়ালো যে নির্বাচনে প্রার্থী হবেন, তা তিনি শেষ মুহূর্তে জানতে পেরেছেন। এ বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি কোনো কথাও হয়নি।

তবে ফরাসি এই প্রার্থীর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন তিনি। তাশিমা বলেন, “আমি ফিলিপ দিয়ালোকে প্রতিপক্ষ হিসেবে দেখছি না, আমি শুধু ফিফায় পরিবর্তন চাই।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, তিনিও মূলত আমার মতো একই লক্ষ্যে লড়াই করবেন। সে অর্থে তাঁর মতো একজনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আসা আমাকে উৎসাহিত করেছে।”

ফিফা কাউন্সিলের সদস্য তাশিমা জোর দিয়ে বলেছেন, তিনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে চান। স্বচ্ছতা ও সততাকে নির্বাচনী প্রচারের মূল ভিত্তি করার কথাও জানিয়েছেন।

আরও পড়ুন: স্যান্ডপেপার কেলেঙ্কারির কারণে খাজা-ওয়ার্নারকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ

২০১৬ সালে সভাপতি হওয়ার পর ইনফান্তিনো ‘বেশ কিছু ভালো কাজ করেছেন’ বলে স্বীকার করেছেন তাশিমা।

তবে চলতি বছরের বিশ্বকাপ ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো তাঁকে পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর মার্কিন খেলোয়াড় ফোলারিন বালোগুনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফিফার আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন তাশিমা।

৬৯ বছর বয়সী তাশিমা বলেন, “আমি শুধু ফিফা সভাপতি হতে চাই বলেই নির্বাচনে প্রার্থী হইনি। ফিফার উন্নতির জন্য সভাপতি হওয়াকেই সবচেয়ে কার্যকর উপায় মনে করেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন: টেস্ট অধিনায়ক হিসেবে কামিন্সের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বসম্মত সমর্থন

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তাশিমা। বর্তমানে তিনি সংস্থাটির অনারারি প্রেডিডেন্ট।

খেলোয়াড়, কোচ ও প্রশাসক- তিন ভূমিকাতেই কাজ করেছেন তিনি। দায়িত্বশীল ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে তাঁর সুনাম রয়েছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন তিনি।

তাশিমা বলেন, “ফিফা সভাপতিকেই যে সব সময় আলোচনার কেন্দ্রে থাকতে হবে, তা আমি মনে করি না।”

আরও পড়ুন: পেনাল্টি মিসে আল নাসরের হার, রোনালদো ১ হাজার গোলের কাছে

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, সবচেয়ে বেশি দৃশ্যমান হওয়া উচিত খেলোয়াড়, রেফারি ও দলগুলো। তাঁদেরই সামনে থাকা উচিত। আর সেটি নিশ্চিত করতে আমাদের সংস্থাটিকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় অস্ত্র, দড়ি ও পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


নওগাঁয় অস্ত্র, দড়ি ও পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুর থানার পুলিশ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নওগাঁ জেলার সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রেজাউল করিম, যিনি লসিমন নামে পরিচিত, একই উপজেলার চক গোয়ালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে রিমন হোসেন এবং বগুড়া জেলার আদমদীঘি উপজেলার শান্তাহার গ্রামের বাবু মিয়ার ছেলে সাগর।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত আটজন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে পিকআপে নিয়ামতপুরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ডাকাত চক্রের অপর পাঁচ সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ডাকাতদলের কাছ থেকে দেশীয় অস্ত্র, দড়ি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুরো জেলায় নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। দ্রুত ও কার্যকর অভিযানের মাধ্যমে ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্র ও পিকআপসহ গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা নওগাঁ ছাড়াও রাজশাহী ও নাটোরের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া সদস্যদের গ্রেপ্তার এবং পুরো নেটওয়ার্ক ভেঙে দিতে জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দেশে বছরের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

স্বর্ণের দাম কমলেও দীর্ঘমেয়াদে বিনিয়োগে আশাবাদী বিশ্লেষকরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


স্বর্ণের দাম কমলেও দীর্ঘমেয়াদে বিনিয়োগে আশাবাদী বিশ্লেষকরা

বিশ্ববাজারে স্বর্ণের দামের উল্লেখযোগ্য পতন সত্ত্বেও, অনেক পণ্যবাজার বিশ্লেষকরা মনে করছেন যে, দীর্ঘমেয়াদে স্বর্ণ এখনও বিনিয়োগের একটি কার্যকর মাধ্যম হতে পারে। মরগান স্ট্যানলির ধাতু ও খনিশিল্পবিষয়ক কৌশল বিভাগের প্রধান অ্যামি গাওয়ার সিএনবিসির ‘স্কোয়াক বক্স ইউরোপ’ অনুষ্ঠানে মন্তব্য করেন যে, চলতি বছরের দরপতনের পরেও বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ ধরে রাখার অনেক কারণ বিদ্যমান।

তিনি আরও উল্লেখ করেন যে, স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে যে মৌলিক কারণগুলো কাজ করেছিল, সেগুলো এখনও সক্রিয় রয়েছে। তবে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে আকস্মিক পরিবর্তন, ভূরাজনৈতিক জোটের পরিবর্তন এবং ইরান যুদ্ধের কারণে স্বর্ণের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে।

অ্যামি গাওয়ার আশা প্রকাশ করেন যে, ২০২৭ সালের মধ্যে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসবে। তিনি বলেন, যদি তেলের দাম স্বাভাবিক হয় এবং জ্বালানি খরচ কমে, তবে সুদের হারও স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সোনার বাজার পুনরুদ্ধার হতে পারে।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনও স্বর্ণ কিনছে। সাধারণ বিনিয়োগকারীরা যখন তাদের হাতে থাকা স্বর্ণ বিক্রি করছেন, তখন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো চুপিচুপি স্বর্ণ কিনে নিজেদের ভান্ডার সমৃদ্ধ করছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা সর্বাধিক ছিল। তবে, বছরের পুরো সময়ের মধ্যে কেনাকাটা গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কম হয়েছে।

ব্যানকবার্ন ক্যাপিটাল মার্কেটসের ব্যবস্থাপনা অংশীদার ও প্রধান বাজার কৌশলবিদ মার্ক চ্যান্ডলার বলেন, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে, তিনি শুধুমাত্র চীন কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দিকে নজর না দেওয়ার পরামর্শ দেন। চ্যান্ডলার বলেন, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ন্যাটোর সদস্য পোল্যান্ডও চলতি বছরের বেশিরভাগ সময় বড় ক্রেতাদের তালিকায় রয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুদের হার বৃদ্ধি পাওয়ায় স্বর্ণ ও বিটকয়েনের মতো সুদবিহীন সম্পদের প্রতি আগ্রহ কমেছে।

দেশের বাজারে স্বর্ণের দাম বর্তমানে বছরের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। উল্লেখযোগ্যভাবে স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সিদ্ধান্ত অনুযায়ী, আজ (শনিবার, ২১ নভেম্বর) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে।

সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুস দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা ও ৩৫০ টাকা কমানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এটি দেশের বাজারের চলতি বছরের সর্বনিম্ন দাম। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকায় বিক্রি হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নালিতাবাড়ী সীমান্তে অবৈধ প্রবেশের চেষ্টা, ৬ ভারতীয় আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


নালিতাবাড়ী সীমান্তে অবৈধ প্রবেশের চেষ্টা, ৬ ভারতীয় আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছয়জন ভারতীয় নাগরিককে আটক করেছে, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে বিজিবি তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে।

একইদিনের বিকেলে, উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকার মঞ্জু মুক্তির ছেলে আবিদ মুক্তি (২৬), একই এলাকার আনারুলের মেয়ে আনোয়ারা (২০), আবিদ মুক্তির ছেলে আকিব (শিশু), শেখ রাজার মেয়ে নুরজাহান খাতুন, মেহেদী হাসান শেখের ছেলে সাকিব হাসান শেখ (২) এবং রাকিব হাসান (৮)।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায়, রামচন্দ্রকুড়া বিওপির টহল দল পানিহাতা মিশনমোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ছয়জন ভারতীয় নাগরিককে আটক করে।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, তারা ২০২৪ সালে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। এরপর থেকে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিল।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিজিবি তিন শিশুসহ ছয়জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারমাণবিক ঝুঁকি কমাতে চীনের ত্রিপক্ষীয় আলোচনায় রাজি হওয়ার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


পারমাণবিক ঝুঁকি কমাতে চীনের ত্রিপক্ষীয় আলোচনায় রাজি হওয়ার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে চীন সম্মত হয়েছে পারমাণবিক ঝুঁকি কমানোর লক্ষ্যে। তবে তিনি উল্লেখ করেন যে, চীন পূর্বে এই বিষয়ে অনীহা প্রকাশ করেছিল এবং পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় তারা অনেক পিছিয়ে রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘তারা (চীন) এতে রাজি হতে চায়নি। কারণ, চীন অনেক পিছিয়ে রয়েছে।’

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়া এই ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেখানে চীন অনেক পিছিয়ে অবস্থান করছে। তবে তিনি মনে করেন যে, আগামী ১০ বছরের মধ্যে চীন যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে পৌঁছে যাবে।

তিনি আরও জানান, চীন আগে ত্রিপক্ষীয় পারমাণবিক ঝুঁকি কমানোর আলোচনা করতে আগ্রহী ছিল না। কিন্তু বর্তমানে তারা আলোচনায় বসতে সম্মত হয়েছে।

তবে ট্রাম্প সংবাদ সম্মেলনে আলোচনা করার সম্ভাব্য সময়সূচি, কাঠামো এবং আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। চীনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%