ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : বিভিন্ন মতপার্থক্য থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া চীনের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রেখেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, দুই দেশের সম্পর্কের বিরোধপূর্ণ বিষয়গুলো কূটনৈতিকভাবে সমাধান করা হচ্ছে।

শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের শেনজেনে দুই নেতা বৈঠক করেন। সাংবাদিকদের সামনে আলবানিজ বলেন, দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করার জন্য দীর্ঘ সময় ধরে কাজ চলছে।

আরও পড়ুন: হোদায়দা বন্দরে হুথি স্থাপনায় সউদী নেতৃত্বাধীন জোটের হামলা, জাজানে সতর্কতা

অস্ট্রেলিয়ার মোট রপ্তানি পণ্যের প্রায় এক-চতুর্থাংশ চীনে যায়। দেশটির প্রধান রপ্তানি পণ্য আকরিক লোহার প্রায় ৭৫ শতাংশের গন্তব্যও চীন।

তবে চীনের দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই কারণে আলবানিজ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করছে। পাশাপাশি জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠিত নিরাপত্তা জোট ‘কোয়াড’-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে অস্ট্রেলিয়া।

আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। আমাদের মতপার্থক্যগুলো সামাল দিতে হবে, তবে সেই মতপার্থক্য যেন দ্বিপক্ষীয় সম্পর্কের মূল পরিচয় হয়ে না দাঁড়ায়।’

তিনি আরও বলেন, ‘চীনে কী ঘটছে, তা অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতীয় মন্তব্য, সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতি

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে সি চিনপিং বলেছেন, ‘বর্তমানে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা ক্রমেই গভীর হচ্ছে।’

বার্ষিক বৈঠকে অংশ নিতে শুক্রবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন আলবানিজ।

এছাড়া দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তারা। এতে রিও টিন্টো ও বিএইচপির মতো বিশ্বের বড় খনি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিশ্বের সবচেয়ে বড় আকরিক লোহা উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়া। তবে গত সোমবার দেশটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, চীনের পদক্ষেপের কারণে এই পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন: দুবাইয়ে স্বর্ণের দামে পতন, দোকানে ক্রেতাদের ভিড়

অস্ট্রেলীয় উৎপাদকদের কাছ থেকে ইস্পাত তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত আকরিক লোহা কম দামে কিনতে চীন একটি কেন্দ্রীয় ক্রয় সংস্থা গঠন করেছে। অস্ট্রেলিয়ার আশঙ্কা, এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার বাণিজ্যে প্রভাব বিস্তার এবং দাম কমিয়ে রাখার চেষ্টা করছে চীন।

২০২০ সালে রাজনৈতিক বিরোধের কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। কোভিড-১৯ মহামারির উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিল অস্ট্রেলিয়া। এর প্রতিক্রিয়ায় চীন প্রায় ২০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার (১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের অস্ট্রেলীয় কয়লা, ওয়াইন ও কৃষিপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

পরবর্তী সময়ে এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও দুই দেশের মধ্যে কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ খাতে বিদেশি বিনিয়োগ যাচাই-বাছাই নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর অবস্থান এবং দেশটির উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরে চীনা কোম্পানির মালিকানাধীন অংশীদারত্ব বিক্রি করে দেওয়ার জন্য আলবানিজের দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়ে গেছে।

আরও পড়ুন: মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক (৪৪) কে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে পৌর এলাকার আলমনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, নবীনগর উপজেলা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্যসচিব ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য ওমর ফারুক আজ দুপুরে তার গ্রামের বাড়ি আলমনগর মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা নবীনগর থানার পুলিশ তাকে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুককে অনেক দিন ধরেই খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারণ, তিনি নিয়মিতভাবে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারবিরোধী প্রচার-প্রচারণায় লিপ্ত ছিলেন।

নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘সরকার ও রাষ্ট্রবিরোধী নানা প্রচার-প্রচারণায় যারা ফেসবুকে নিয়মিত অপপ্রচার চালাত, তাদের মধ্যে অন্যতম ছিল এই ওমর ফারুক। তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘যারা নিয়মিত রাষ্ট্র ও সরকারবিরোধী ফেসবুকে নানা মিথ্যা ও উসকানিমূলক প্রচারণায় লিপ্ত রয়েছে, তাদের তালিকা করা হচ্ছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

বগুড়া, ২০ নভেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না।

তিনি উল্লেখ করেন, "এ দেশে যারা তাঁবেদার রাষ্ট্র কায়েমের চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করবে।"

আজ বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করছে। তবে, তিনি সতর্ক করেন যে, সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিদেশ থেকে টেলিফোন পেয়ে কেউ যেন উসকানিতে পা না দেন, সে আহ্বান জানিয়ে তিনি বলেন, "যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাদের দেশে এসে নেতৃত্ব দেওয়া উচিত।"

অনুষ্ঠানে মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন মীর শাহে আলম। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন তিনি (প্রধানমন্ত্রী) ফলক উন্মোচন করে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ প্রকল্পেরও ফলক উন্মোচন করবেন বলে জানান তিনি।

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও মগ বিতরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা ১ লাখ ২২ হাজার। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। আগামী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি।

এসময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি গাছের চারা লাগিয়ে তার পরিচর্যা করা এবং নিজেদের ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেন এতে অংশ নেন।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ

গোপালগঞ্জে সহিংসতার কয়েক দিনের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। জেলা শহরের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিকভাবে চলছে।

জেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির কারণে জেলার কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরে খাবারের দোকানসহ অন্যান্য দোকানপাট খুলতে শুরু করেছে।

জেলা শহরের সড়কগুলোতে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতায় শহরে সাধারণ মানুষের উপস্থিতি কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। এর ফলে শহরের রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। সকালে শহরের প্রধান সড়কে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে টহল দিতে দেখা যায়।

টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। সংসদ সদস্যসহ গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কার্যালয় এবং বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৌহিদ আহম্মেদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ‘বৃহস্পতিবার রাতেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। রাত থেকে যানবাহন চলাচল শুরু করেছে। লকডাউনের কারণে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে আটকাপড়া যানবাহন গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। আজ শুক্রবার সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।’

তবে গত কয়েক দিন গোপালগঞ্জে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কর্মকর্তারা ফোন ধরেননি। এই কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রা বিশ্লেষণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রা বিশ্লেষণ

রাজনীতিতে নেতৃত্বের মূল্যায়ন শুধুমাত্র পদ-পদবি, ক্ষমতার অবস্থান কিংবা নির্বাচনী সাফল্যের ভিত্তিতে হয় না। একজন রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় তাঁর দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতার মুখে অবস্থান, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক দূরদর্শিতা এবং রাষ্ট্র ও সমাজ সম্পর্কে তাঁর চিন্তার মধ্য দিয়ে গড়ে ওঠে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রাকে বিশ্লেষণ করতে হলে এই বিষয়গুলোকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে। ২০ নভেম্বর তাঁর জন্মদিন। এই উপলক্ষে বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ সংগ্রাম, নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা পর্যালোচনার সুযোগ সৃষ্টি হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল একটি ঐতিহাসিক রাজনৈতিক ও পারিবারিক পরিমণ্ডলে। তবে পারিবারিক পরিচয় তাঁর রাজনৈতিক পথচলার একমাত্র ভিত্তি হয়ে থাকেনি। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে তিনি মায়ের সঙ্গে রাজপথের রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯০-এর গণ-আন্দোলন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচন এবং পরবর্তী সময়ে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ তাঁকে রাজনীতির মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে পরিচিত করে তোলে।

তারেক রহমানের রাজনৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তৃণমূল সংগঠনের প্রতি তাঁর আগ্রহ। বগুড়ায় বিএনপির সাংগঠনিক কাঠামোয় গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ ছিল দলীয় রাজনীতিতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সমস্যা, সুশাসন ও জনস্বার্থের বিষয়গুলো নিয়ে গবেষণা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগও তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ ছিল। ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর দল পুনর্গঠন ও তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ জোরদারে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের মাধ্যমে উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করে।

তবে তারেক রহমানের রাজনৈতিক জীবনের পথ কখনোই মসৃণ ছিল না। ২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৭ মার্চ মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে কারাবন্দি অবস্থায় তাঁর ওপর অকথ্য শারীরিক নির্যাতনের স্টিমরোলার চালায় কতৃত্ববাদী তত্ত্বাবধায়ক সরকার।

২০০৮ সালের ৯ জানুয়ারি ঢাকার একটি আদালতে তিনি নিজেই রিমান্ডে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছিলেন। তাঁর আইনজীবীরাও কারাগারে নির্যাতনের ফলে মেরুদণ্ডে গুরুতর আঘাতের অভিযোগ আদালতের সামনে উত্থাপন করেন। অবশেষে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তাঁকে লন্ডনে যেতে হয়। কিন্তু চিকিৎসার জন্য সাময়িকভাবে দেশত্যাগের সেই যাত্রা পরিণত হয় দীর্ঘ ১৭ বছরের নির্বাসনে। এই দীর্ঘ সময়ে ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, মা বেগম খালেদা জিয়ার কারাবাস এবং পরিবারের ওপর একের পর এক রাজনৈতিক ও ব্যক্তিগত সংকট তাঁর জীবনে অসহনীয় বেদনার অধ্যায় তৈরি করে।

প্রিয় মাতৃভূমি থেকে দূরে থেকেও তাঁকে বহন করতে হয়েছে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব, দলকে সংগঠিত রাখতে হয়েছে প্রতিকূলতার মধ্যে। ব্যক্তিগত জীবনের গভীর বেদনা ও রাজনৈতিক বিচ্ছিন্নতার এই দীর্ঘ অধ্যায় পেরিয়েও নেতৃত্বের দায়িত্ব থেকে সরে না দাঁড়ানো তাঁর রাজনৈতিক সংগ্রামের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক।

ভৌগোলিক দূরত্ব কখনই তাঁর রাজনৈতিক সম্পৃক্ততাকে বিচ্ছিন্ন করতে পারেনি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে তিনি লন্ডন থেকেই দল পরিচালনা করেন। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রতিকূলতা, মামলা, গ্রেপ্তার ও সাংগঠনিক চাপের মধ্যে থাকা একটি বৃহৎ রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রাখা ছিল কঠিন দায়িত্ব। ভার্চুয়াল যোগাযোগ, নিয়মিত সাংগঠনিক নির্দেশনা, রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ এবং নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মধ্য দিয়ে তিনি সেই দায়িত্ব পালন করেন।

তারেক রহমানের রাজনৈতিক চিন্তার আরেকটি উল্লেখযোগ্য প্রকাশ ঘটে ২০২৩ সালের ১২ জুলাই ঘোষিত এক দফা আন্দোলনের মধ্য দিয়ে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিকে কেন্দ্র করে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলোকে একটি অভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সমবেত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এর ধারাবাহিকতায় তিনি ১৩ জুলাই ২০২৩ রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেন। এই রূপরেখা কেবল সরকার পরিবর্তনের দাবি নয়; বরং রাষ্ট্রের প্রতিষ্ঠান, সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, অর্থনীতি ও স্থানীয় সরকারব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের একটি রাজনৈতিক প্রস্তাব। প্রধানমন্ত্রী পদে মেয়াদের সীমা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা এবং অর্থনৈতিক সংস্কারের মতো বিষয় এতে অন্তর্ভুক্ত হয়েছে। আন্দোলনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার বিকল্প রূপরেখা উপস্থাপনের প্রচেষ্টা, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান তারেক রহমানের রাজনৈতিক জীবনের আরেকটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যখন রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে বিস্তৃত হচ্ছিল, তখন দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসে অবস্থান করেও তিনি ধারাবাহিকভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ গণতন্ত্রকামী মানুষকে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ১৬ জুলাই যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলোর যৌথ বিবৃতি, ১৭ ও ১৯ জুলাই তাঁর ধারাবাহিক বার্তা এবং ২১ জুলাই জাতীয় ঐক্যের আহ্বানের মধ্য দিয়ে আন্দোলনের প্রতি তাঁর প্রকাশ্য রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকে।

এর পাশাপাশি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও কর্মসূচি বাস্তবায়নে তাঁর সাংগঠনিক নির্দেশনার ভূমিকা ছিল অপরিসীম। বিএনপির তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২০২৫ সালের জুনে এক বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করলে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের তা বাস্তবায়নের নির্দেশ দিতেন এবং লন্ডন থেকে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দিকনির্দেশনা দিতেন। ফলে জুলাই গণ-অভ্যুত্থানে তাঁর ভূমিকা কেবল রাজনৈতিক সমর্থন প্রকাশেই সীমাবদ্ধ ছিল না; আন্দোলনের পক্ষে বিএনপির সাংগঠনিক শক্তিকে সক্রিয় ও সম্পৃক্ত রাখতে তিনি প্রধান ভূমিকা পালন করেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অভিযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা করে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় এবং ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ তাঁর রাজনৈতিক জীবনের এক ঐতিহাসিক পরিবর্তন। দীর্ঘদিনের আন্দোলন, সাংগঠনিক নেতৃত্ব ও রাষ্ট্র সংস্কারের প্রস্তাব নিয়ে যে রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, তা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে পৌঁছেছে। ফলে তাঁর নেতৃত্বের বিশ্লেষণের ক্ষেত্রও স্বাভাবিকভাবেই বিস্তৃত হয়েছে। এখন দল পরিচালনার পাশাপাশি রাষ্ট্রের প্রতিষ্ঠান, অর্থনীতি, প্রশাসন এবং নাগরিক প্রত্যাশা পূরণের দায়িত্ব তাঁর ওপর বর্তেছে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উন্নয়নকে কেবল অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনমান, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতার সঙ্গে যুক্ত করা। তাঁর ঘোষিত ‘থ্রি-আর’—রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন কৌশলে অর্থনৈতিক পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি নির্মাণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে তাঁর সরকারের পরিকল্পনা ৩-আর কৌশলের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন ও জ্বালানি নিরাপত্তাকে একটি সমন্বিত উন্নয়ন-ভাবনার আওতায় আনার প্রচেষ্টা লক্ষ করা যাচ্ছে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে তিনি প্রান্তিক পরিবার ও কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর সরকারের গৃহীত কৃষিঋণ মওকুফ, দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন এবং ২৫ কোটি গাছ রোপণের মতো কর্মসূচিগুলো কৃষি উৎপাদন, পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত। অন্যদিকে নারীশিক্ষা সম্প্রসারণ, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম ও মধ্যাহ্নভোজ, শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য এবং ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ মানবসম্পদ উন্নয়ন ও নাগরিক সেবাকে গুরুত্ব দেওয়ার প্রতিফলন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গৃহীত এসব কর্মসূচির বিশেষত্ব হলো, এগুলো উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য সামনে রাখে।

অর্থনৈতিক রূপান্তরের জন্য তাঁর সরকার তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপ সহায়তা, নারী উদ্যোক্তাদের অর্থায়ন, শিল্প করিডর গঠন এবং মোংলা বন্দরের আধুনিকায়নের মতো উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি এবং সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদারের পরিকল্পনা রয়েছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তাঁর প্রথম ভাষণে ৩-আর কৌশলের পাশাপাশি কর্মসংস্থান, জলবায়ু ন্যায়বিচার, রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরা বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকেও নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করেছে। এসব উদ্যোগের মধ্য দিয়ে তারেক রহমানের একটি বৃহত্তর রাষ্ট্রচিন্তা প্রতিফলিত হয় যেখানে সামাজিক সুরক্ষা, উৎপাদনশীল অর্থনীতি, মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক মর্যাদা পরস্পরের পরিপূরক।

পরিশেষে বলা যায়, তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার তাৎপর্য কেবল দীর্ঘ আন্দোলন-সংগ্রাম কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে তাঁর সুস্পষ্ট রাজনৈতিক দর্শন। তারেক রহমানের জন্মদিন তাই কেবল একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত উপলক্ষ নয়; বরং এটি বাংলাদেশের রাজনৈতিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের বিশ্লেষণের সুযোগ। গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং অর্থনৈতিক সমৃদ্ধির সুফল সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার তাঁর রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব, ৩-আর কর্মপরিকল্পনা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে সেই দর্শনের প্রতিফলন ঘটছে।

একটি গণতান্ত্রিক, মানবিক, আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে তাঁর নেতৃত্বে রাষ্ট্রের এই নতুন অভিযাত্রা দেশের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশের মানুষের প্রত্যাশা—আপনার নেতৃত্বে দেশ গণতন্ত্র, ন্যায়বিচার, সমৃদ্ধি ও মানবিক মর্যাদার এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে।

লেখক : গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপি ;

মহাসচিব, ইউট্যাব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%