প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সূচিতেই অটল রয়েছে। ঢাবি প্রশাসন তাদের পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু করার পক্ষে অবস্থান নিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
তিনি উল্লেখ করেন, ‘নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে গেছে। করোনাকাল থেকে যে সেশনজট সৃষ্টি হয়েছে, তা অনেকটা কাটিয়ে উঠেছে। এখন যদি পুরো বাংলাদেশের সমন্বয়ের সঙ্গে আমরা ডিসিশন নিই, তাহলে আমরা আবার বিশাল সেশন জটে পড়ে যাবো। এজন্য আমাদের আগের সিদ্ধান্ত বহাল রয়েছে। আমরা ভর্তি কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্তে বহাল থাকবো এবং চূড়ান্ত করবো। আমাদের পরীক্ষা ৫ ডিসেম্বর থেকেই শুরু হবে।’
এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচী নিয়ে সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষা গ্রহণ ও এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ইউজিসির সভায় আগামী জানুয়ারি থেকে আবেদন কার্যক্রম শুরু এবং ১ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইউজিসির সভায় শিক্ষার্থীদের স্বার্থ, ভর্তি পরীক্ষার সময়সূচী, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমে সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়েছে।
সরকার আগামী ৩১ ডিসেম্বরের পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে। এর পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হবে। এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার সময়সূচী নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচী পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখে যেন সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
ঢাবির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় অনলাইনে আবেদন শুরু হবে। আর ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে এ কার্যক্রম শেষ হবে। ‘আইবিএ ইউনিট’-এর মাধ্যমে আগামী ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাবির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর (শনিবার), ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর (শনিবার), ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর (শনিবার), ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর (মঙ্গলবার) এবং ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।
‘আইবিএ ইউনিট’ ছাড়া সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন