ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো সন্ত্রাসবাদের পথে হাঁটার প্রয়োজন নেই


ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো সন্ত্রাসবাদের পথে হাঁটার প্রয়োজন নেই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানি কর্মকর্তাদের হত্যা এবং সাধারণ মানুষের ওপর হামলার মাধ্যমে চরমভাবে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ চালাচ্ছে। এই মন্তব্য তিনি সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে করেছেন।

ইসমাইল বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে প্রকাশ্যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। তারা একদিকে ইরানি কর্মকর্তাদের গুপ্তহত্যা করছে, অন্যদিকে সাধারণ বেসামরিক নাগরিকদেরও হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে।

তিনি উল্লেখ করেন যে, ইরান এর জবাবে বৈধ আত্মরক্ষা ও দৃঢ় প্রতিরোধের পথ বেছে নিয়েছে এবং তা অব্যাহত রেখেছে। ইরানের শত্রুদের মতো সন্ত্রাসী সহিংসতার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। তেহরানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করারও কোনো কারণ নেই, কারণ ওই সাধারণ মানুষ নিজেরাই এখন তাদের নেতাদের ভুল ও বিপর্যয়কর সিদ্ধান্তের ভুক্তভোগী।

আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

মার্কিন কর্মকর্তাদের সামরিক বাংকারে আশ্রয় নেওয়ার বিষয়টি উল্লেখ করে বাঘাই বলেন, কয়েক দিন ধরে যুদ্ধে জয়ের দাবি করার পর এখন তাদের সামরিক বাংকারে লুকিয়ে পড়া মূলত জনগণের সহানুভূতি পাওয়ার একটি কৌশল মাত্র। মার্কিন জনগণ ইতোমধ্যে তাদের নেতাদের মিথ্যাচারে ক্ষুব্ধ এবং তারা বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্র এখন ইসরাইলের স্বার্থ রক্ষার একটি হাতিয়ারে পরিণত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরেরও বেশি সময়ের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


এক বছরেরও বেশি সময়ের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে গেছে। সোমবার (১৬ নভেম্বর) লেনদেনের এক পর্যায়ে মূল্যবান এই ধাতুর দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

বার্তা সংস্থা রয়টার্সের এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ শতাংশ কমে ৩ হাজার ৮৪০ ডলার ৫২ সেন্টে দাঁড়িয়েছে। দিনের শুরুতে দাম গত বছরের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের আগাম দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪৩ ডলার ৬০ সেন্টে পৌঁছেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার মন্তব্য করেছেন, "শক্তিশালী ডলার, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের উচ্চ মুনাফা এবং ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশার কারণে স্বর্ণের দাম চাপের মুখে রয়েছে।" বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজার নিরপেক্ষ থেকে কিছুটা নিম্নমুখী অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের ডলারের মূল্য গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। ডলারের মূল্য বৃদ্ধি অন্য মুদ্রায় স্বর্ণ কেনার জন্য বিনিয়োগকারীদের জন্য ব্যয়বহুল করে তুলছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব পড়ছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সুদের হার বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে। রোববার কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ স্মিড বলেছেন, "যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো অনেক বেশি। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আরও কাজ করতে হবে।"

এর আগে শুক্রবার ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন বলেছেন, তিনি মুদ্রানীতি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতির গতিপ্রকৃতিকে গুরুত্ব দিচ্ছেন। বিশ্লেষকেরা তার বক্তব্যকে সুদের হার আরও বৃদ্ধির পক্ষে অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন।

শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেড সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা রয়েছে—এমনটি বাজারের ৯২ শতাংশ অংশগ্রহণকারী মনে করছেন। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৮ শতাংশ হিসেবে ধরা হচ্ছে।

সুদের হার বৃদ্ধি হলে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। কারণ, বিনিয়োগকারীরা তখন সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন। এর ফলে স্বর্ণের আকর্ষণ কমে যায় এবং দামের ওপর চাপ সৃষ্টি হয়।

বর্তমানে বিনিয়োগকারীরা ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি আগামী বুধবার প্রকাশিত হতে যাচ্ছে ফেডারেল ওপেন মার্কেট কমিটির অক্টোবরের বৈঠকের কার্যবিবরণী। এসব বক্তব্য ও নথি থেকে ভবিষ্যতে সুদের হার কোন পথে যেতে পারে, সে বিষয়ে ধারণা পেতে চান বিনিয়োগকারীরা।

টিম ওয়াটারার বলেছেন, "ফেডের চেয়ারম্যানের বক্তব্যে সুদের হার বৃদ্ধির পক্ষে আরও কঠোর অবস্থান প্রকাশ পেলে স্বর্ণের ওপর বর্তমান চাপ আরও বাড়তে পারে।" অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির শক্তি নিয়ে সতর্কতার ইঙ্গিত পাওয়া গেলে স্বর্ণের বাজার কিছুটা স্বস্তি পেতে পারে।

এদিকে, গত শুক্রবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্ববাজারে রুপার চাহিদা ৫ শতাংশ কমতে পারে। গয়না কেনার চাহিদা হ্রাস এবং সৌরবিদ্যুৎকোষে রুপার ব্যবহার কমে যাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষণায় আরও বলা হয়েছে, রুপার দাম বেশি থাকায় বিকল্প উপাদানের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে সোমবার প্রতি আউন্স রুপার দাম ৩ শতাংশ কমে ৪৭ ডলার ২৬ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৭৭ ডলার ৮ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৯৮২ ডলার ৩৩ সেন্টে দাঁড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে অভিযুক্ত মোহাম্মদ সাব্বির হাসান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে অভিযুক্ত মোহাম্মদ সাব্বির হাসান গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে মো. সাইফুদ্দিন মুরাদ (৪৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় পুলিশ মুহাম্মদ সাব্বির হাসান (৩২) নামের একজন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাউজান থানা পুলিশ সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি টিপ চাকু দিয়ে ভুক্তভোগীকে ছুরিকাঘাত করা হয়েছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম দ্রুত আসামিকে গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন পিপিএম এবং রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে ১৫ নভেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাউজানের ১১ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় নোয়াপাড়া-গুজরা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি তার হেফাজতে আরো অস্ত্র থাকার কথা জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ নভেম্বর রাত ১২টা ২৫ মিনিটে রাউজানের ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় রান্নাঘরের সানশেডের ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে আরো একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এর মধ্যে একটি টিপ চাকু সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতের ঘটনায় ব্যবহৃত হয়েছিল।

এ ঘটনায় ১৬ নভেম্বর রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে। গ্রেপ্তার সাব্বির হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।

থানার ওসি জানান, শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে রাউজান উপজেলার ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোর নামের দোকানের ভেতরে এ ঘটনা ঘটে। ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়কে কেন্দ্র করে পটিয়াপাড়া এলাকার শামসুদ্দিন সওদাগরের ছেলে সাইফুদ্দিন মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান একই এলাকার মো. শফির ছেলে সাব্বির হাসান। গুরুতর আহত সাইফুদ্দিন বর্তমানে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বর নিয়ে মেসেজ লেখায় ফেঁসে যান এসপি জাহাঙ্গীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


ডিসেম্বর নিয়ে মেসেজ লেখায় ফেঁসে যান এসপি জাহাঙ্গীর

মোবাইল ফোনে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগ এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ার পর চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী।

গত শনিবার রাতে চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির অফিসার্স মেস থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন। পরে চট্টগ্রামের একটি আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাহাঙ্গীর গোয়েন্দা জালের উপস্থিতি টের পাননি। তিনি মেসেজগুলো পাঠিয়েছিলেন তার ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টটির নাম 'Daydreamer'। নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতাকে মেসেজগুলো পাঠানো হয়েছিল, সে বিষয়ে কেউ মুখ খুলছেন না।

এর আগে রাত ৯টা ২৩ মিনিটে ইংরেজিতে লেখা একটি মেসেজ যায়, ‘Dear sir Best wishes for you. Inshallah Bangladesh will be restored to previous state in December. Stay fine sir. Regards sir.’ (ইনশাআল্লাহ বাংলাদেশ ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাবে)।

জাহাঙ্গীর জানতেন না যে তিনি রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে প্রশাসনিক তথ্য পাচারের জন্য গোয়েন্দাদের সন্দেহের তালিকায় রয়েছেন। মেসেজ চালাচালির তথ্য নীরবে গোয়েন্দাদের কাছে পৌঁছাচ্ছিল। ১০ নভেম্বর তার ব্যক্তিগত ও অফিসিয়াল দুটি মোবাইল জব্দ করা হয়। ফরেনসিক পরীক্ষায় মেসেজ আদান-প্রদানের প্রমাণ মেলে। তদন্তে তথ্যপ্রমাণ উঠে আসে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির দুই নম্বর সড়কে পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী। রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্যের অভিযোগে রাষ্ট্রদ্রোহিতা ও দাঙ্গা সহিংসতায় উসকানি দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১২৪ (এ) ও ১৫৩ ধারায় মামলাটি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীর আলম পুলিশ কর্মকর্তা হয়েও টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা বা তাদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তারা বর্তমান সরকার বা রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করে বাস্তবায়নে সহায়তা করছিলেন।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী আগামীর সময়কে জানান, ‘তার (জাহাঙ্গীর) মোবাইলে দুটি স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। সেগুলোয় রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে। মামলা হয়েছে। তদন্তে বিষয়গুলো আরও পরিষ্কার হবে।’

জাহাঙ্গীরের সঙ্গে এ ধরনের ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করা হবে বলে ডিআইজি জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তারা বলেন, জাহাঙ্গীর আলম মেসেজগুলো পাঠিয়েছিলেন তার ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টটির নাম ‘Daydreamer’। নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতাকে মেসেজগুলো পাঠানো হয়েছিল, সে বিষয়ে তথ্য কেউ প্রকাশ করছেন না।

তবে আওয়ামী লীগের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক নেতা ও নিষিদ্ধ দলটির প্রেসিডিয়ামের ‘গুরুত্বপূর্ণ’ এক নেতাকে মেসেজগুলো পাঠানো হতে পারে বলে আভাস মিলেছে পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘কার কাছে মেসেজ পাঠানো হয়েছে সেটা ক্লিয়ার না। তাকে (জাহাঙ্গীর) জিজ্ঞাসাবাদে তথ্যগুলো নিশ্চয় উঠে আসবে।’

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলাটি তদন্তের দায়িত্বে আছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পরিদর্শক রাসেল মাহমুদ।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি পুলিশ সুপার পদমর্যাদায় আরআরএফ, চট্টগ্রামের ডেপুটি কমান্ড্যান্ট ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামে।

জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

ইরানের হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। হামলা থেকে বেঁচে যাওয়া এক মার্কিন সেনা কর্মকর্তা সেনাদের নিরাপত্তায় পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন।

দেশটির সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই কর্মকর্তার উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গণমাধ্যমটির হাতে আসা অভিযোগপত্রের অনুলিপি অনুযায়ী, গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন সেনাবাহিনীর মেজর স্টিফেন রামসবটম। এর আগে সিবিএস নিউজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রামসবটম বলেন, গত ১ মার্চের হামলাটি ছিল সেনাবাহিনী, সামরিক নেতৃত্ব এবং তার নিজের জন্যও একটি ‘কৌশলগত ব্যর্থতা’। তিনি জানান, ‘আমরা যথাযথভাবে পরিকল্পনা করতে পারিনি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন।’

এ বছরের মার্চ মাসে কুয়েতের শুয়াইবা বন্দরে একটি অস্থায়ী সামরিক পরিচালনাকেন্দ্রে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর তারাই ছিলেন নিহত প্রথম মার্কিন সেনাসদস্য। আহত হন আরও কয়েক ডজন সেনা, যাদের মধ্যে রামসবটমও ছিলেন।

রামসবটমের অভিযোগ, আকাশপথের হামলা থেকে সেনাদের সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি তিনি একাধিক বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু তাকে বলা হয়েছিল, ‘সুরক্ষা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।’

পরে সেখানে ড্রোন প্রতিরোধব্যবস্থা পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও সেটি কখনো পৌঁছায়নি। এমনকি ব্যবস্থাটি পাঠানোর অনুরোধ আদৌ করা হয়েছিল কি না, সেটিও নিশ্চিত নয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগপত্রে বলা হয়েছে, হামলার সময় স্থাপনাটিতে কোনো চিকিৎসক বা স্থায়ী চিকিৎসাকেন্দ্র ছিল না। সেখানে মাত্র একটি অ্যাম্বুলেন্স ছিল।

সিএনএনের এক সূত্রের তথ্য অনুযায়ী, স্থাপনাটি ঘিরে কংক্রিটের প্রতিবন্ধকতা থাকলেও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষার ব্যবস্থা ছিল না। হামলার আগে সেনাদের সতর্ক করতে কোনো সাইরেনও বাজেনি।

এদিকে হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, স্থাপনাটি সুরক্ষিত ছিল। তবে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে সেখানে আঘাত হেনেছে বলে স্বীকার করেন তিনি।

ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হেগসেথকে গোপনীয় ব্রিফিংয়ে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। একই সঙ্গে শুয়াইবা বন্দরের স্থাপনাটির নিরাপত্তা নিয়ে করা সব মূল্যায়ন প্রতিবেদন চেয়েছেন তিনি।

এদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তৃত তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। ফলে সেনাদের নিরাপত্তা নিয়ে এই অভিযোগ ওয়াশিংটনে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%