শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৬ পি.এম
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে অপহরণের নাটক রচনা করছিল একটি সংঘবদ্ধ চক্র। এরপর তারা কণ্ঠ নকল করে কান্নার আওয়াজ শুনিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণের টাকা হাতিয়ে নিত। মানিকগঞ্জের এক কলেজছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় একই কৌশলে অর্থ হাতানোর পর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের নাম ফয়সাল ও আলামিন। সম্প্রতি নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসআরবি জানিয়েছে, চক্রটি গত এক বছরে এভাবে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে।
ভুক্তভোগীর পরিবার এবং এসআরবি সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরে বোনের বাসা থেকে রাজধানীর মগবাজারে ফেরার উদ্দেশ্যে বাসে ওঠেন মানিকগঞ্জের কলেজছাত্র হৃদয়ন আনসারী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর হৃদয়নের সন্ধান চেয়ে স্বজন ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দেন।
নিখোঁজের পরদিন, ওই বিজ্ঞপ্তিতে থাকা মোবাইল নম্বরে ফোন করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে অপহরণকারী হিসেবে পরিচয় দেয়। হৃদয়নকে আটকে রাখা হয়েছে দাবি করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। ফোনের অপর প্রান্ত থেকে কণ্ঠ নকল করে কান্নার আওয়াজ শোনানো হলে পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় সরল বিশ্বাসে বিকাশ ও নগদের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠান স্বজনরা। তবে টাকা পাওয়ার পর থেকেই প্রতারকরা নম্বরটি ব্লক করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এ বিষয়ে হৃদয়নের বাবা বলেন, ‘ওকে পেতে চাইলে ৫০ হাজার টাকা বিকাশ করতে বলে ওরা। পরে বিকাশ ও নগদ অ্যাপের মাধ্যমে আমাদের কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়েছে।’ হৃদয়নের মা আক্ষেপ করে বলেন, ‘ওরা টাকা দাবি করার সঙ্গে সঙ্গে আমরা টাকা দিয়ে দিয়েছি। কিন্তু ওরা আমার সন্তানটাকে ফিরিয়ে দেয়নি।’
মুক্তিপণের টাকা দিয়েও হৃদয়নের কোনো সন্ধান না পেয়ে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মানিকগঞ্জের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন।
ঘটনার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ফয়সাল ও তার সহযোগী আলামিনকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৩-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান বলেন, পত্রিকা বা বিভিন্ন জায়গায় সাঁটানো হারানো বিজ্ঞপ্তি থেকে তথ্য ও নম্বর সংগ্রহ করত চক্রটি। এরপর পরিবারকে ফোন দিয়ে ভুক্তভোগীর কণ্ঠ নকল করে কান্নাকাটি করত। স্বজনরা আতঙ্কিত থাকায় কণ্ঠের পার্থক্য বুঝতে পারতেন না। হৃদয়নের পরিবার প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১০ হাজার টাকা পাঠায়। কিন্তু এদের কাছে তো অপহৃত ব্যক্তি নেই, তাই ফেরত দেয়ারও প্রশ্ন আসে না। টাকা নেয়ার পরই তারা নম্বর বন্ধ করে দেয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুধু নিখোঁজ ব্যক্তির পরিবারই নয়, বিদেশগামী কর্মীদের পরিবারকে ফোন করেও প্রতারণা করত চক্রটি। এ প্রসঙ্গে স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় এদের এজেন্ট রয়েছে। তারা বিদেশগামী ব্যক্তিদের স্বজনদের ফোন করে বলত, বিমানবন্দরে পাসপোর্ট ও টিকিট হারিয়ে গেছে; দ্রুত ১০ হাজার টাকা পাঠালে পরের ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হবে। এতে স্বজনরা ভয় পেয়ে টাকা পাঠিয়ে দিতেন।
এসআরবি জানায়, চক্রের হোতা ফয়সালের মোবাইল ব্যাংকিং হিসাবে গত এক বছরে অর্ধকোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। দেশে এ ধরনের আরও একাধিক চক্র সক্রিয় রয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ১৫ থেকে ৮টা ২৫ মিনিটের মধ্যে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা এই হামলা চালায়। পরপর তিনটি বিকট শব্দের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের মতে, তারা বিকট শব্দ শুনে বাইরে এসে ধোঁয়া দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা এবং স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ অন্যান্য নেতাকর্মীরা।
তারা অভিযোগ করেন, শান্তিপ্রিয় যশোর শহরকে অশান্ত করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে এ ধরনের অপচেষ্টা চালিয়ে আসছে। এর আগে জুলাই মাসে স্মৃতির স্তম্ভে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছিল। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা জোর দাবি জানিয়ে বলেন, সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ককটেল হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, যশোরের প্রেস ক্লাবের সামনে সহকারী জজ আদালতের দেয়ালে দুটি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। ঘটনার প্রতিবাদে রাতেই জাতীয়তাবাদী যুবদল শহরে একটি বিক্ষোভ মিছিল করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তুরস্কের নতুন অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘সয়’ মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। সিনেমাটি নির্মিত হয়েছে পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে।
স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে তুরস্কের নতুন হরর সিনেমা ‘সয়’। সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সম্প্রতি তুরস্কে মুক্তি পাওয়া এই ভৌতিক সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। আজ ১৩ নভেম্বর, দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে।
সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। এর চিত্রনাট্য রচনা করেছেন তুর্কি আল-শেখ, মেলিহ ওজিলমাজ এবং শুকরু নেজাতি শাহিন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বারিশ আরদুচ (ক্যান), ফারাহ জয়নব আবদুল্লাহ (বাসাক) এবং তুবা বুয়ুকস্তুন। এছাড়াও তামের লেভেন্ট, মেহমেত ইলমাজ আক ও ওজগে ওজাকার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমাটি তুরস্কে মুক্তি পায় চলতি বছরের ৯ অক্টোবর। নিজ দেশে মুক্তির ১ মাস পর, ১৩ নভেম্বর থেকে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। ৯৪ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি ১৬ বছরের বেশি বয়সী দর্শকদের জন্য নির্মিত।
সিনেমাটির কাহিনী শুরু হয় প্রায় ৬০ বছর আগে প্রাচীন মিসরের একটি সমাধি লুণ্ঠনের ঘটনার মাধ্যমে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান এবং অজান্তেই এক ভয়ংকর অভিশাপের সূত্রপাত ঘটান। ফলে প্রাচীন মিসরীয় অশুভ শক্তি আবার জেগে ওঠে। এতে পরিচিত ও কাছের মানুষদের মধ্যে অবিশ্বাস ও ভয়াবহ আক্রমণ শুরু হয়।
এই ভিন্নধর্মী গল্পটি তুরস্কের প্রচলিত জিন-নির্ভর ভৌতিক সিনেমার বাইরে গিয়ে প্রাচীন মিসরীয় অভিশাপ ও পারিবারিক গোপন ইতিহাসের মেলবন্ধন ঘটিয়েছে। পাশাপাশি, নির্জন প্রাসাদের গুমোট পরিবেশ, বংশপরম্পরায় বয়ে চলা পাপ এবং মনস্তাত্ত্বিক ভয় সিনেমাটিতে বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শুষ্ক মৌসুমের শুরুতে পূর্ব বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় যমুনা নদীতে নাব্য সংকট সৃষ্টি হয়েছে। প্রবাহমান নদীর পানি অস্বাভাবিকভাবে হ্রাস পাওয়ার ফলে অসংখ্য চর জেগে উঠেছে। এর ফলে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে, যা চরবাসীর জীবনযাত্রা এবং কৃষি পণ্য পরিবহনকে কষ্টসাধ্য করে তুলেছে। যমুনায় কোথাও হাঁটু পানি আবার কোথাও পায়ের গোড়ালি পর্যন্ত পানি রয়েছে। গত কয়েক মাস ধরে যমুনা নদীর পানি একেবারেই তলানিতে গিয়ে পৌঁছেছে। ফলে এই তিন উপজেলায় এখন নদীতে প্রকট নাব্য সংকট বিরাজ করছে। নাব্য সংকটের কারণে দুর্গম চরাঞ্চলে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এদিকে, সারাবছর স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর এই পয়েন্টগুলো খনন করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসে প্রধানমন্ত্রীর বগুড়া সফরকালে তিনি হয়তো বিষয়টি সরেজমিনে দেখতে যাবেন বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানিয়েছে, নদী ভাঙনরোধ ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার খনন কাজের জন্য প্রজেক্ট প্রোফর্মা অধিদপ্তরে জমা রয়েছে। উক্ত প্রোফাইলটি অনুমোদন পেলে বগুড়া অঞ্চলের ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা এলাকায় ভাঙনরোধ করা সম্ভব হবে। একই সাথে নদী খনন হলে যমুনায় নাব্য পরিস্থিতির উন্নতি হবে।
চরাঞ্চলের কৃষকরা জানাচ্ছেন, শুষ্ক মৌসুমে বাদাম, ভুট্টা, মসুর ডাল, বোরো ধান ও মিষ্টি আলু চাষ করে তারা জীবিকা নির্বাহ করেন। কিন্তু রাস্তাঘাটের অভাবে এসব ফসল বাজারে তুলতে কাঁধে করে কাঁচামাল নিয়ে যেতে হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সারিয়াকান্দিতে নৌবন্দর স্থাপনের কাজ চলমান রয়েছে। নৌবন্দর স্থাপিত হলে সারাবছর নৌপথ ড্রেজিংয়ের আওতায় থাকবে।
জানা যায়, বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে শুষ্ক মৌসুম এলেই নাব্য সংকট দেখা দেয়। যমুনার পানি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তবে বর্তমানে এ সংকট দিনদিন চরম আকার ধারণ করছে। ফলে উপজেলার চারটি ইউনিয়নের সম্পূর্ণসহ আটটি ইউনিয়নের আংশিক এলাকায় ধূধূ বালুচরের সৃষ্টি হয়েছে। এসব বালুচরে কোনপ্রকার যানবাহন চলাচল করছে না। ফলে উপজেলার কৃষকেরা তাদের কৃষিপণ্য পরিবহন নিয়ে বিপাকে পড়েছেন।
সারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানিয়েছেন, সারি সারি মালবাহী ঘোড়ার গাড়ি কৃষি পণ্যসহ অন্যান্য মালামাল আনা-নেওয়া করছে। এসব ঘোড়ার গাড়িতে কৃষকেরা অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের কৃষিফসল বাজারজাত করছেন। আবার জমিতে সার ও কীটনাশকও ঘোড়ার গাড়ি দিয়েই পরিবহন করতে হচ্ছে। এতে একদিকে কৃষি ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে ফসল বিক্রি করতে গিয়েও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এ বছর রবি মৌসুমে চরাঞ্চলে ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া, পিঁয়াজসহ প্রায় হাজার কোটি টাকার ফসলের ফলন হয়েছে। যার সবগুলো ফসল কৃষকদের ঘোড়ার গাড়ি দিয়েই পরিবহন করতে হবে। বিকল্প কোন উপায় নেই।
সারিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডল জানিয়েছেন, ৩ কিলোমিটার রাস্তায় এক বস্তা মরিচ পরিবহন করতে ঘোড়ার গাড়ির ভাড়া বাবদ তাদের ১২০ টাকা খরচ করতে হচ্ছে। অপরদিকে নদীপার থেকে সেই ফসল আবারো ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাজারজাত করতে হচ্ছে। সেখানেও পরিবহন ভাড়া গুনতে হচ্ছে। তারা বলেন, বালুচরের জন্য যদি সরকার বিশেষ ধরনের কোন রাস্তার পরিকল্পনা করেন, তাহলে সেই রাস্তা দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে এবং কৃষিফসলের উৎপাদন খরচও কমবে। এতে বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে।
এদিকে সারিয়াকান্দি উপজেলায় নাব্য সংকটে পারতিতপরল গ্রামের আলতাফ আলীর খেয়াঘাট, হাসনাপাড়া, নিজবলাই, দিঘাপাড়া, চারালকান্দি খেয়াঘাটসহ বেশকিছু খেয়াঘাট বন্ধ হয়ে গেছে। অন্যদিকে পায়ে হেঁটে মাইলের পর মাইল পাড়ি দিয়ে যেতে হচ্ছে ফসলের জমিতে।
সদর ইউনিয়নের চর বাটিয়ার কৃষক আলমগীর হোসেন জানিয়েছেন, এ বছর ১০ বিঘা জমিতে মরিচসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ করেছেন। চরাঞ্চলে এখন প্রচুর পরিমাণে ভুট্টাসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ হচ্ছে। শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকায় নৌকা চলাচল করছে না। বিকল্প পদ্ধতি ঘোড়ার গাড়িতে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে কৃষিপণ্য পরিবহন করতে হচ্ছে। ৩ কিলোমিটার রাস্তা ঘোড়ার গাড়িতে পরিবহনের জন্য ১ বস্তা মরিচের জন্য ১২০ টাকা ভাড়া গুনতে হচ্ছে। সেটি বাজারে নিয়ে যেতে আবারও অটোরিকশা ভাড়া দিতে হচ্ছে। ফলে লাভের অংশ কমে যাচ্ছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হক জানিয়েছেন, নদী ভাঙনরোধ ও নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার খনন কাজের জন্য প্রফাইল অধিদপ্তরে জমা রয়েছে। উক্ত প্রোফাইলটি অনুমোদন পেলে বগুড়া অঞ্চলের ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা এলাকায় ভাঙনরোধ করা সম্ভব হবে। সাথে সাথে নদী খনন করলে যমুনায় নাব্যতা ফিরে পাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তাঁর সফরসঙ্গীদের সমাধিসৌধের সামনে নীরবতা ও সম্মান বজায় রাখার নির্দেশনা প্রদানকারী সেনাসদস্য থমাস ইগলেসিয়াসকে পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পেন্টাগনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইগলেসিয়াসের বুকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ পরিয়ে দেন হেগসেথ।
পেন্টাগনের একজন কর্মকর্তা জানান, ১১ নভেম্বর ভেটেরান্স ডে-তে আর্লিংটন ন্যাশনাল সেমেটারির ‘টম্ব অব দ্য আননোন সোলজার’-এ দায়িত্ব পালনের জন্য ইগলেসিয়াসকে এই পদক প্রদান করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্য, যা ‘দ্য ওল্ড গার্ড’ নামে পরিচিত। এই রেজিমেন্টের সেনাসদস্যরা সমাধিসৌধটির নিরাপত্তা নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পদক প্রদান করার ছবি প্রকাশ করে হেগসেথ উল্লেখ করেন, ‘আমরা সৈন্যদের ভালোবাসি। আমরা শৃঙ্খলা ও মানদণ্ড ভালোবাসি। সাবাশ, স্পেশালিস্ট। এগিয়ে চলো, দেশপ্রেমিকেরা।’
ঘটনাটি ঘটে বুধবার (১১ নভেম্বর) ভেটেরান্স ডে উপলক্ষে আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে আয়োজিত অনুষ্ঠানের পর। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসন ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে হেগসেথ, তাঁর স্ত্রী জেনিফার এবং কয়েকজন জ্যেষ্ঠ সহযোগী সমাধিসৌধের সামনে ছবি তুলছিলেন। ছবি তোলার পর দলের কয়েকজনকে কথা বলতে ও হাসতে দেখা যায়। তখন পাহারার দায়িত্বে থাকা ইগলেসিয়াস হাঁটা থামিয়ে তাঁদের দিকে ফিরে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।’
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, ওই সেনাসদস্য সবাইকে শালীনতা বজায় রাখার কথা যথাযথভাবে ও সম্মানের সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধস্মৃতিসৌধ ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে অবস্থিত। ১৯২১ সালে প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা মার্কিন সেনাসদস্যকে সেখানে সমাহিত করা হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কোরীয় যুদ্ধে নিহত অজ্ঞাতনামা সেনাসদস্যদের দেহাবশেষও সেখানে সমাহিত করা হয়।
সমাধিসৌধটি ২৪ ঘণ্টা পাহারা দেন ‘দ্য ওল্ড গার্ড’-এর প্রশিক্ষিত সেনাসদস্যরা। দর্শনার্থীদের নীরবতা ও সম্মান বজায় রাখা নিশ্চিত করাও তাঁদের দায়িত্বের অংশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ