প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তাঁর সফরসঙ্গীদের সমাধিসৌধের সামনে নীরবতা ও সম্মান বজায় রাখার নির্দেশনা প্রদানকারী সেনাসদস্য থমাস ইগলেসিয়াসকে পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পেন্টাগনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইগলেসিয়াসের বুকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ পরিয়ে দেন হেগসেথ।
পেন্টাগনের একজন কর্মকর্তা জানান, ১১ নভেম্বর ভেটেরান্স ডে-তে আর্লিংটন ন্যাশনাল সেমেটারির ‘টম্ব অব দ্য আননোন সোলজার’-এ দায়িত্ব পালনের জন্য ইগলেসিয়াসকে এই পদক প্রদান করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্য, যা ‘দ্য ওল্ড গার্ড’ নামে পরিচিত। এই রেজিমেন্টের সেনাসদস্যরা সমাধিসৌধটির নিরাপত্তা নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পদক প্রদান করার ছবি প্রকাশ করে হেগসেথ উল্লেখ করেন, ‘আমরা সৈন্যদের ভালোবাসি। আমরা শৃঙ্খলা ও মানদণ্ড ভালোবাসি। সাবাশ, স্পেশালিস্ট। এগিয়ে চলো, দেশপ্রেমিকেরা।’
ঘটনাটি ঘটে বুধবার (১১ নভেম্বর) ভেটেরান্স ডে উপলক্ষে আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে আয়োজিত অনুষ্ঠানের পর। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসন ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে হেগসেথ, তাঁর স্ত্রী জেনিফার এবং কয়েকজন জ্যেষ্ঠ সহযোগী সমাধিসৌধের সামনে ছবি তুলছিলেন। ছবি তোলার পর দলের কয়েকজনকে কথা বলতে ও হাসতে দেখা যায়। তখন পাহারার দায়িত্বে থাকা ইগলেসিয়াস হাঁটা থামিয়ে তাঁদের দিকে ফিরে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।’
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, ওই সেনাসদস্য সবাইকে শালীনতা বজায় রাখার কথা যথাযথভাবে ও সম্মানের সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধস্মৃতিসৌধ ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে অবস্থিত। ১৯২১ সালে প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা মার্কিন সেনাসদস্যকে সেখানে সমাহিত করা হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কোরীয় যুদ্ধে নিহত অজ্ঞাতনামা সেনাসদস্যদের দেহাবশেষও সেখানে সমাহিত করা হয়।
সমাধিসৌধটি ২৪ ঘণ্টা পাহারা দেন ‘দ্য ওল্ড গার্ড’-এর প্রশিক্ষিত সেনাসদস্যরা। দর্শনার্থীদের নীরবতা ও সম্মান বজায় রাখা নিশ্চিত করাও তাঁদের দায়িত্বের অংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন