প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শুষ্ক মৌসুমের শুরুতে পূর্ব বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় যমুনা নদীতে নাব্য সংকট সৃষ্টি হয়েছে। প্রবাহমান নদীর পানি অস্বাভাবিকভাবে হ্রাস পাওয়ার ফলে অসংখ্য চর জেগে উঠেছে। এর ফলে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে, যা চরবাসীর জীবনযাত্রা এবং কৃষি পণ্য পরিবহনকে কষ্টসাধ্য করে তুলেছে। যমুনায় কোথাও হাঁটু পানি আবার কোথাও পায়ের গোড়ালি পর্যন্ত পানি রয়েছে। গত কয়েক মাস ধরে যমুনা নদীর পানি একেবারেই তলানিতে গিয়ে পৌঁছেছে। ফলে এই তিন উপজেলায় এখন নদীতে প্রকট নাব্য সংকট বিরাজ করছে। নাব্য সংকটের কারণে দুর্গম চরাঞ্চলে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এদিকে, সারাবছর স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর এই পয়েন্টগুলো খনন করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসে প্রধানমন্ত্রীর বগুড়া সফরকালে তিনি হয়তো বিষয়টি সরেজমিনে দেখতে যাবেন বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানিয়েছে, নদী ভাঙনরোধ ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার খনন কাজের জন্য প্রজেক্ট প্রোফর্মা অধিদপ্তরে জমা রয়েছে। উক্ত প্রোফাইলটি অনুমোদন পেলে বগুড়া অঞ্চলের ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা এলাকায় ভাঙনরোধ করা সম্ভব হবে। একই সাথে নদী খনন হলে যমুনায় নাব্য পরিস্থিতির উন্নতি হবে।
চরাঞ্চলের কৃষকরা জানাচ্ছেন, শুষ্ক মৌসুমে বাদাম, ভুট্টা, মসুর ডাল, বোরো ধান ও মিষ্টি আলু চাষ করে তারা জীবিকা নির্বাহ করেন। কিন্তু রাস্তাঘাটের অভাবে এসব ফসল বাজারে তুলতে কাঁধে করে কাঁচামাল নিয়ে যেতে হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সারিয়াকান্দিতে নৌবন্দর স্থাপনের কাজ চলমান রয়েছে। নৌবন্দর স্থাপিত হলে সারাবছর নৌপথ ড্রেজিংয়ের আওতায় থাকবে।
জানা যায়, বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে শুষ্ক মৌসুম এলেই নাব্য সংকট দেখা দেয়। যমুনার পানি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তবে বর্তমানে এ সংকট দিনদিন চরম আকার ধারণ করছে। ফলে উপজেলার চারটি ইউনিয়নের সম্পূর্ণসহ আটটি ইউনিয়নের আংশিক এলাকায় ধূধূ বালুচরের সৃষ্টি হয়েছে। এসব বালুচরে কোনপ্রকার যানবাহন চলাচল করছে না। ফলে উপজেলার কৃষকেরা তাদের কৃষিপণ্য পরিবহন নিয়ে বিপাকে পড়েছেন।
সারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানিয়েছেন, সারি সারি মালবাহী ঘোড়ার গাড়ি কৃষি পণ্যসহ অন্যান্য মালামাল আনা-নেওয়া করছে। এসব ঘোড়ার গাড়িতে কৃষকেরা অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের কৃষিফসল বাজারজাত করছেন। আবার জমিতে সার ও কীটনাশকও ঘোড়ার গাড়ি দিয়েই পরিবহন করতে হচ্ছে। এতে একদিকে কৃষি ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে ফসল বিক্রি করতে গিয়েও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এ বছর রবি মৌসুমে চরাঞ্চলে ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া, পিঁয়াজসহ প্রায় হাজার কোটি টাকার ফসলের ফলন হয়েছে। যার সবগুলো ফসল কৃষকদের ঘোড়ার গাড়ি দিয়েই পরিবহন করতে হবে। বিকল্প কোন উপায় নেই।
সারিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডল জানিয়েছেন, ৩ কিলোমিটার রাস্তায় এক বস্তা মরিচ পরিবহন করতে ঘোড়ার গাড়ির ভাড়া বাবদ তাদের ১২০ টাকা খরচ করতে হচ্ছে। অপরদিকে নদীপার থেকে সেই ফসল আবারো ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাজারজাত করতে হচ্ছে। সেখানেও পরিবহন ভাড়া গুনতে হচ্ছে। তারা বলেন, বালুচরের জন্য যদি সরকার বিশেষ ধরনের কোন রাস্তার পরিকল্পনা করেন, তাহলে সেই রাস্তা দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে এবং কৃষিফসলের উৎপাদন খরচও কমবে। এতে বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে।
এদিকে সারিয়াকান্দি উপজেলায় নাব্য সংকটে পারতিতপরল গ্রামের আলতাফ আলীর খেয়াঘাট, হাসনাপাড়া, নিজবলাই, দিঘাপাড়া, চারালকান্দি খেয়াঘাটসহ বেশকিছু খেয়াঘাট বন্ধ হয়ে গেছে। অন্যদিকে পায়ে হেঁটে মাইলের পর মাইল পাড়ি দিয়ে যেতে হচ্ছে ফসলের জমিতে।
সদর ইউনিয়নের চর বাটিয়ার কৃষক আলমগীর হোসেন জানিয়েছেন, এ বছর ১০ বিঘা জমিতে মরিচসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ করেছেন। চরাঞ্চলে এখন প্রচুর পরিমাণে ভুট্টাসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ হচ্ছে। শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকায় নৌকা চলাচল করছে না। বিকল্প পদ্ধতি ঘোড়ার গাড়িতে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে কৃষিপণ্য পরিবহন করতে হচ্ছে। ৩ কিলোমিটার রাস্তা ঘোড়ার গাড়িতে পরিবহনের জন্য ১ বস্তা মরিচের জন্য ১২০ টাকা ভাড়া গুনতে হচ্ছে। সেটি বাজারে নিয়ে যেতে আবারও অটোরিকশা ভাড়া দিতে হচ্ছে। ফলে লাভের অংশ কমে যাচ্ছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হক জানিয়েছেন, নদী ভাঙনরোধ ও নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার খনন কাজের জন্য প্রফাইল অধিদপ্তরে জমা রয়েছে। উক্ত প্রোফাইলটি অনুমোদন পেলে বগুড়া অঞ্চলের ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা এলাকায় ভাঙনরোধ করা সম্ভব হবে। সাথে সাথে নদী খনন করলে যমুনায় নাব্যতা ফিরে পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন