শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৯ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তাঁর সফরসঙ্গীদের সমাধিসৌধের সামনে নীরবতা ও সম্মান বজায় রাখার নির্দেশনা প্রদানকারী সেনাসদস্য থমাস ইগলেসিয়াসকে পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পেন্টাগনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইগলেসিয়াসের বুকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ পরিয়ে দেন হেগসেথ।
পেন্টাগনের একজন কর্মকর্তা জানান, ১১ নভেম্বর ভেটেরান্স ডে-তে আর্লিংটন ন্যাশনাল সেমেটারির ‘টম্ব অব দ্য আননোন সোলজার’-এ দায়িত্ব পালনের জন্য ইগলেসিয়াসকে এই পদক প্রদান করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্য, যা ‘দ্য ওল্ড গার্ড’ নামে পরিচিত। এই রেজিমেন্টের সেনাসদস্যরা সমাধিসৌধটির নিরাপত্তা নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পদক প্রদান করার ছবি প্রকাশ করে হেগসেথ উল্লেখ করেন, ‘আমরা সৈন্যদের ভালোবাসি। আমরা শৃঙ্খলা ও মানদণ্ড ভালোবাসি। সাবাশ, স্পেশালিস্ট। এগিয়ে চলো, দেশপ্রেমিকেরা।’
ঘটনাটি ঘটে বুধবার (১১ নভেম্বর) ভেটেরান্স ডে উপলক্ষে আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে আয়োজিত অনুষ্ঠানের পর। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসন ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে হেগসেথ, তাঁর স্ত্রী জেনিফার এবং কয়েকজন জ্যেষ্ঠ সহযোগী সমাধিসৌধের সামনে ছবি তুলছিলেন। ছবি তোলার পর দলের কয়েকজনকে কথা বলতে ও হাসতে দেখা যায়। তখন পাহারার দায়িত্বে থাকা ইগলেসিয়াস হাঁটা থামিয়ে তাঁদের দিকে ফিরে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।’
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, ওই সেনাসদস্য সবাইকে শালীনতা বজায় রাখার কথা যথাযথভাবে ও সম্মানের সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধস্মৃতিসৌধ ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে অবস্থিত। ১৯২১ সালে প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা মার্কিন সেনাসদস্যকে সেখানে সমাহিত করা হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কোরীয় যুদ্ধে নিহত অজ্ঞাতনামা সেনাসদস্যদের দেহাবশেষও সেখানে সমাহিত করা হয়।
সমাধিসৌধটি ২৪ ঘণ্টা পাহারা দেন ‘দ্য ওল্ড গার্ড’-এর প্রশিক্ষিত সেনাসদস্যরা। দর্শনার্থীদের নীরবতা ও সম্মান বজায় রাখা নিশ্চিত করাও তাঁদের দায়িত্বের অংশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে ভারতের পক্ষ থেকে একটি লজ্জাজনক রেকর্ড গড়া হয়েছে। ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে যে রেকর্ডটি গড়েছে, তা তাদের ইতিহাসে কখনোই ঘটেনি। প্রথম ওভারের মধ্যে তারা তিনটি উইকেট হারিয়ে ফেলে, এবং ওই ওভারের শেষে তাদের স্কোর ছিল ০/৩।
মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে ৩৩৪ রান তাড়া করার সময় ইনিংসের প্রথম বলেই রোহিত শর্মা ফিন অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তিনি গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন।
এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তিনি ম্যাট হেনরির বলে ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে যান। চারটি বল খেলার পরও তিনি কোনো রান করতে পারেননি।
এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ার মাঠে নামেন, যিনি অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচ খেলছেন। রোহিতের মতো তিনিও গোল্ডেন ডাকের শিকার হন এবং এলবিডব্লিউ হয়ে ফিরে যান সেই হেনরির কাছে।
ওয়ানডেতে রান না করেই প্রথম তিন উইকেট হারানোর ঘটনা এটি পঞ্চমবারের মতো ঘটলো। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে এমন ঘটনা দুবার ঘটেছিল। প্রথমবার ১৯৮৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং দ্বিতীয়বার ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একই অবস্থায় পড়েছিল। অস্ট্রেলিয়া চলতি বছরের ১১ জুন মিরপুরে বাংলাদেশের বিপক্ষে এমন পরিস্থিতির শিকার হয়েছিল।
তবে আজকের আগে ভারতের নাম এই লজ্জার ইতিহাসে ছিল না। মাউন্ট মঙ্গানুইয়ে আজ তারা সেই লজ্জার ইতিহাস সৃষ্টি করল। ফলে, তারা পঞ্চম দল হিসেবে এই তালিকায় অন্তর্ভুক্ত হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি এই পরিস্থিতিতে ঘি ঢালছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি এই অভিযোগ তুলে ধরেন।
রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন যে, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ প্রদর্শন করছেন। তার মতে, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি।
তিনি লেখেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পরিকল্পিতভাবে অশোভন আচরণ করছে, যা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ৯০ বিরোধীদলীয় এমপির আচরণে এর প্রতিফলন দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাশেদ খাঁন বলেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর রয়েছে, অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোন অংশে ভালো নয়। সব মিলিয়ে আওয়ামী লীগ আগুন দিচ্ছে এবং জামায়াত-এনসিপি তাতে ঘি ঢেলে সেই নাশকতার দায়কে সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
বিরোধীদলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, আওয়ামী দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধীদল রাজপথে থাকবে—এমন কথা তারা একবারের জন্যও বলছে না। বরং সরকার দুর্বল হলে তারা ক্ষমতায় যেতে পারবে, এই আশায় তারা চাচ্ছে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে যাক। এ সময় জামায়াত জাতীয় পার্টির মতো ফাঁদে পড়েছে বলেও তিনি পুনরায় উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি অভিযোগ করেন, গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে তারা বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। তবে আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনো সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
একসময় শহিদুল মুদি দোকানদার হিসেবে স্থানীয় বাজারে কাজ করতেন। সংসার চলতো খুবই কষ্টে, কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা ছিল না। তিনি অনুভব করতেন যে, জীবনকে এভাবে চলতে দেওয়া উচিত নয় এবং নিজস্ব কিছু গড়ে তুলতে হবে।
এই চিন্তা থেকেই তিনি একটি ছোট মুরগির খামার গড়ে তোলার সিদ্ধান্ত নেন। সেই খামারই এখন সাফল্য এনে দিয়েছে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা শহিদুল শেখকে। তিনি মোসলেম শেখের ছেলে।
বর্তমানে শহিদুল খামার থেকে শুধুমাত্র ডিম বিক্রি করেই মাসে প্রায় ৯ লাখ টাকা আয় করছেন। ১৮ মাস পর মুরগির ডিমপাড়া শেষে মাংস বিক্রি করে তিনি আরো ৯ লাখ টাকার আয় করেন।
শহিদুল জানান, ২০০৭ সালে তিনি স্থানীয় পেড়লী বাজারে মুদি দোকানে ব্যবসা করতেন। ব্যবসায় সংসার চলতো কোনোরকমে, কিন্তু স্বচ্ছলতা ছিল না। একসময় তিনি ২০১৩ সালে মুদি দোকান বন্ধ করে অ্যাগ্রো ফার্ম গড়ে তোলার সিদ্ধান্ত নেন। শুরুতে তিনি তিন হাজার লেয়ার (পোল্ট্রি) মুরগি নিয়ে ফার্ম শুরু করেন।
প্রথম বছরে লাভ ভালো হওয়ায় শহিদুল খামারটি বড় করার সিদ্ধান্ত নেন। বর্তমানে তার খামার ছয় একর জমিতে তিনতলা পাকা ভবনে চলছে। বর্তমানে মুরগির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার। প্রতিদিন তিনি প্রায় চার হাজার ডিম বিক্রি করেন, যা থেকে মাসে আয় প্রায় ৯ লাখ টাকা হয়।
শহিদুল বলেন, "আমার ইচ্ছা ছিল উদ্যোক্তা হবো। মুদি ব্যবসা ছেড়ে প্রাথমিকভাবে একতলা ঘরে মুরগির শেড নির্মাণ করে সেখানে তিন হাজার মুরগি দিয়ে শুরু করি ফার্ম। তিন হাজার থেকে ধীরে ধীরে বেড়ে মুরগির সংখ্যা এখন ৯ হাজারে দাঁড়িয়েছে। আমার ফার্মে এখন কাজ করছেন ১২ জন কর্মচারী।"
তিনি আরও জানান, খামারে উৎপাদিত ডিম স্থানীয় গ্রামের চাহিদা পূরণ করে শহরে বিক্রি করা হয়। ১৮ মাস পর মাংস বিক্রি করা হয়। গ্রামের মানুষ এখান থেকে পাইকারি দামে ডিম ও মাংস কিনে খেতে পারে। আঠারো মাস পর ৯ লাখ টাকার মাংস বিক্রি করেন। প্রতি মাসে প্রায় ৯ লাখ টাকার ডিম বিক্রি করেন।
শহিদুল জানান, তিনি কম্পানির কাছ থেকে প্রতিটি বাচ্চা ৬০ টাকা দরে কিনে আনেন। বাচ্চাগুলো তিন মাস পর ডিম দেয় এবং ১৮ মাস পর্যন্ত চলে।
শহিদুলের খামারে কাজ করেন খুলনার কয়রা গ্রামের মুজিবর সানা। তিনি বলেন, "পাঁচ বছর ধরে এখানে কাজ করছি। যে বেতন পাই, তা দিয়ে সংসার চলে যায়। এখানে একসঙ্গে আমরা ১২ জন কাজ করি।"
এদিকে, শহিদুল জানান, খামারের ডিম ও মাংস বিক্রিতে কোনো ভোগান্তি নেই। স্থানীয় বাজারের দোকানিরা পাইকারি মূল্যে ডিম কিনে থাকেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মুরগির ডিম-মাংস সরবরাহ করা হয়। শহিদুলের দেখাদেখি অনেকেই মুরগির ফার্মের ব্যাপারে আগ্রহী হচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শহিদুলের উদ্যোগের প্রশংসা করে নড়াইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, "জেলায় ডিম ও মাংসের চাহিদা পূরণে শহিদুলের খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার খামারের ডিম ও মাংস স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে বাইরের জেলায় বিক্রি হচ্ছে। তার খামারে কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে।"
প্রাণিসম্পদ কর্মকর্তা আরো বলেন, "শহিদুলের উদ্যোগ দেশের অর্থনীতিতে অবদান রাখছে। আমরা কয়েকবার তার খামার পরিদর্শন করেছি। জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে তার খামারের মুরগিকে ভ্যাকসিন দেওয়াসহ নিয়মিত পরামর্শ দেওয়া হয়।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পরিবার অথবা সমাজকে অবহিত না করে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনা লক্ষ্য করা যায়। ইসলামি শরিয়তে গোপনীয়তা রক্ষা করে বিয়ে করার বিধান সম্পর্কে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন বিদ্যমান।
এ বিষয়ে প্রখ্যাত ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন।
তিনি উল্লেখ করেন, পরিবারকে না জানিয়ে গোপনে একাকি বিয়ে করা ইসলামি শরিয়তের দৃষ্টিতে অনুচিত এবং অপছন্দনীয়। তবে শরিয়তের প্রয়োজনীয় শর্ত যেমন সাক্ষী থাকা পূর্ণ হলে, বিয়েটি আইনগতভাবে বা তাত্ত্বিকভাবে শুদ্ধ (আকদ কার্যকর) হয়ে যায়। কিন্তু গোপনে বিয়ে করা শরিয়ত সমর্থন করে না।
এ বিষয়ে ইসলামি দৃষ্টিভঙ্গি ও শায়খদের আলোচনার সারসংক্ষেপ নিচে দেওয়া হলো—
বিয়ে শুদ্ধ হওয়া বনাম অনুচিত হওয়া
শরিয়তের নিয়মানুযায়ী প্রস্তাব ও গ্রহণযোগ্যতা (ঈজাব ও কবুল) এবং উপযুক্ত সাক্ষী (কমপক্ষে দুই পুরুষ অথবা এক পুরুষ ও দুজন নারী সাক্ষী) উপস্থিত থাকলে গোপনে বিয়ে করলেও তা শুদ্ধ বলে গণ্য হয়। তবে বিয়ে গোপন রাখা বা পরিবারকে না জানিয়ে করা সামাজিক ও নৈতিকভাবে সম্পূর্ণ অনুচিত।
অভিভাবকের ভূমিকা
ইসলামে বিয়ের ক্ষেত্রে অভিভাবকের (ওয়ালী) অনুমতি ও উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে নিয়ে ফিকহী মতভেদ বিদ্যমান। বাবা-মা বা অভিভাবককে অন্ধকারে রেখে বিয়ে করলে পরবর্তীতে সামাজিক ও পারিবারিক বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে।
শায়খ আহমাদুল্লাহসহ অন্যান্য আলেমরা বলেন, ইসলামে ঘোষণামূলক এবং সামাজিকভাবে প্রকাশ করে বিয়ে করার নির্দেশ দেওয়া হয়েছে। গোপনে বিয়ে করাকে ইসলাম উৎসাহিত করে না। পুরুষ অভিভাবক না থাকলে এলাকার গণ্যমান্য ব্যক্তি বা উপযুক্ত মুরব্বিরা অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেন। তবে কাউকে না জানিয়ে সম্পূর্ণ একাকি ও গোপনে বিয়ে করা থেকে বিরত থাকা উচিত।
সুতরাং, সামাজিক মর্যাদা বজায় রাখা, একে অপরের অধিকার রক্ষা এবং ভুল বোঝাবুঝি এড়াতে ইসলামে গোপনীয়তা এড়িয়ে প্রকাশ্যে ও আনন্দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন শায়খ আহামদুল্লাহ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ