ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রূপপুরের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা, জরুরি প্রস্তুতিতে পাঁচটি উন্নতির তাগিদ আইএইএ


রূপপুরের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা, জরুরি প্রস্তুতিতে পাঁচটি উন্নতির তাগিদ আইএইএ

বাংলাদেশের পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় নেওয়া প্রস্তুতি এবং অঙ্গীকারের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) প্রশংসা করেছে। তবে, জরুরি প্রস্তুতি এবং সাড়াদান ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য সংস্থাটি পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নয়নের সুপারিশ করেছে।

গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরিচালিত ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশনের ফলস্বরূপ আইএইএ এই সুপারিশ প্রদান করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম শুরুর প্রস্তুতির প্রেক্ষাপটে বাংলাদেশের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের আলোকে মূল্যায়ন করে সংস্থাটির বিশেষজ্ঞ দল।

আইএইএর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের অঙ্গীকার ও উদ্যোগ প্রশংসনীয়।

আরও পড়ুন: নাসের রহমানের সতর্ক থাকার নির্দেশ, রাজনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

পর্যালোচনা দলটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছে। তারা সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, উদ্ধারকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ও করেছে।

পরিদর্শনকালে, দলের সদস্যরা বাংলাদেশের বিদ্যমান দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি সাড়াদান অবকাঠামোর প্রশংসা করেন। বিশেষ করে কেন্দ্রের চিকিৎসাকেন্দ্র এবং বিশেষায়িত অগ্নিনির্বাপণ স্টেশনের প্রস্তুতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়।

তবে জরুরি প্রস্তুতিকে আরও কার্যকর করার জন্য পাঁচটি ক্ষেত্রে উন্নয়নের সুপারিশ করা হয়েছে। এগুলো হলো—জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে পারমাণবিক জরুরি পরিস্থিতি মোকাবিলার কার্যক্রম সমন্বিত করা, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা, জাতীয় সুরক্ষা কৌশল প্রণয়ন সম্পন্ন করা, কারিগরি ও জনসাধারণের সঙ্গে যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা এবং নিয়মিত জরুরি মহড়ার আয়োজন করা। এর মধ্যে রূপপুরে একটি পূর্ণাঙ্গ জরুরি পরিস্থিতি মোকাবিলা মহড়া আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পর্যালোচনা দলের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার, যিনি যুক্তরাষ্ট্রের আর্গন ন্যাশনাল ল্যাবরেটরির অ্যাসেসমেন্ট অ্যান্ড রেসপন্স বিভাগের গ্রুপ লিডার, বলেন, "আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুসারে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে।"

আরও পড়ুন: বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় আকভানের ফলে তুলাতলি তীরের বেদে পল্লীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপর্যয়

তিনি আরও বলেন, "রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিংয়ের প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে উন্মুক্ত ও গঠনমূলক মনোভাব দেখা গেছে। যা নিরাপত্তার প্রতি বাংলাদেশের দায়িত্বশীল অঙ্গীকারের প্রতিফলন।" মার্ক ব্রেইটিঙ্গারের নেতৃত্বে পরিচালিত এই পর্যালোচনা দলে আইএইএর প্রতিনিধিসহ নয়টি দেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান মন্তব্য করেন যে, "এ মিশনের মাধ্যমে দেশের বিদ্যমান প্রস্তুতি ও ব্যবস্থাপনা মূল্যায়ন, উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে।"

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, "আইএইএর সুপারিশ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড ও উত্তম চর্চা অনুসরণ করে জাতীয় জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামো আরও শক্তিশালী করাই এর লক্ষ্য। এর মাধ্যমে দেশের জনগণ, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।"

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। পরে ৩৭৫ মেগাওয়াটে উন্নীত হয়। সাড়ে আট ঘণ্টা ব্যাপী গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের দাম প্রায় দুই কোটি টাকা। এরমধ্যে দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে।

আরও পড়ুন: বগুড়ার আদমদিঘীতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ ৩ জন গ্রেফতার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন মন্তব্য করেছেন যে, বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার কারণে তিনি উপাচার্যের দায়িত্ব পেয়েছেন। তিনি এ বিষয়টি স্বীকার করতে কোনো দ্বিধা অনুভব করেন না।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এই মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

উপাচার্য তার বক্তব্যে উল্লেখ করেন, "বিএনপি ক্ষমতায় এসেছে বিধায় তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা লুকানোর কিছু নেই। আমার একটি পরিচয় আছে—আওয়ামী লীগের সেই জুলুম আমি সহ্য করেছি।"

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, "দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি প্রত্যাশা করলে যিনি দেশের নেতৃত্ব দিচ্ছেন, তার সুস্বাস্থ্য কামনা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।" নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন দেখানো হচ্ছে, তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে উপাচার্য বলেন, "দীর্ঘ ১৫-১৬ বছর দেশে বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ছিল না। ছাত্র-জনতা সেই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সবাইকে মুক্ত করেছে।" তিনি আরও বলেন, "এখন আবার স্বৈরাচার আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাই সুনাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকের রুখে দাঁড়ানো ও প্রতিবাদ করা উচিত।"

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি সাজ্জাদ আকিব গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি সাজ্জাদ আকিব গ্রেপ্তার

ফেনী জেলার সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাজ্জাদ আকিব (২৮) কে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা।

শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের পুত্র এবং নিষিদ্ধ ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সদস্য।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাজ্জাদের বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার তথ্য রয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের কালের কণ্ঠকে জানিয়েছেন, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন, "জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব।" তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে টাঙ্গাইল-চারাবাড়ী-তোরাবগঞ্জ সড়কের বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, "গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের রায়কে সবাইকে শ্রদ্ধা জানাতে হবে।" তিনি উল্লেখ করেন, পাঁচ বছর পরপর জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়। জনগণ চায়, নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হবে এবং তারা নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে।" তিনি সতর্ক করেন, এই সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, জনগণ মনে করে সেই ষড়যন্ত্র মূলত জনগণের বিরুদ্ধেই। কাজেই জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেবে।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আরও জানান, "দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল।" তিনি বলেন, এটি পাকাকরণের দাবি ছিল চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। অবশেষে আজ রাস্তাটির কাজের উদ্বোধন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আশ্বাস দেন, আগামী দিনেও চরাঞ্চলের মানুষের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করে যাব।

এদিন বাগবাড়ি বাজার থেকে ইশাপাশা পর্যন্ত ২ দশমিক ০৯ কিলোমিটার সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে খেজুরতলা বাজার থেকে তোরাবগঞ্জ বাজার পর্যন্ত ২ দশমিক ২৯ কিলোমিটার নবনির্মিত সড়কের উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হচ্ছে।

এলজিইডির টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয়: রুহুল কবির রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয়: রুহুল কবির রিজভী

যশোর, ২০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, প্রশাসন, পুলিশসহ বিভিন্ন স্তরে এখনও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে। তিনি অভিযোগ করেন, তাদের মদদেই গত তিন-চার দিনের মধ্যে বিএনপির তিনজন নেতাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার বিকেলে যশোর শহরের বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা বিএনপি এ স্মরণসভার আয়োজন করে।

রিজভী উল্লেখ করেন, আওয়ামী লীগ নেতারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। দেশের ভেতরেও তাদের অনেক টাকা রয়েছে। সেই অর্থের মাধ্যমে সন্ত্রাসী ও টোকাইদের ব্যবহার করে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং বিএনপি নেতা ও সংসদ সদস্যদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানো হচ্ছে।

তিনি বলেন, শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্যরাও হামলার শিকার হচ্ছেন। লন্ডনে নাহিদের ওপর হামলা করা হয়েছে এবং এবি পার্টির মঞ্জুর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে প্রতিবেশী দেশ থেকে মদদ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, পত্রিকায় দেখেছি, তিনি ডিসেম্বরে ফিরবেন। ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির মোবাইলে এ ব্যাপারে ক্ষুদে বার্তা ছিল। তাকে গ্রেফতারের পর সেটা দেখা গেছে। ভেতরে ভেতরে এখনও ফ্যাসিস্টের দোসররা সক্রিয় রয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার একটা লাশ দরকার, সেই লাশ নিয়ে তিনি আন্দোলন গড়ে তুলতে চান। কিন্তু আমরা তো শেখ হাসিনার মতো আচরণ করতে পারি না। আমাদের একটি স্থিতিশীল পরিবেশ রক্ষা করতে হবে, যাতে আর কখনও ফ্যাসিবাদের উত্থান না হয়। সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা ও নিরাপত্তা যত বাড়বে, মানুষ ও সমাজ তত স্থিতিশীল হবে।

মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্ট আমলের ১৭ বছরের বড় একটা অংশ তিনি বেঁচে ছিলেন। হাসপাতালের বেডে শুয়ে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তাকে নিবৃত করার জন্য তার যশোরের বাড়িতে বোমাবাজি পর্যন্ত করা হয়েছে।’

তিনি বলেন, তরিকুল ইসলামের মতো রাজনৈতিক ধ্রুপদি চরিত্রকে আমাদের স্মরণে রাখতেই হবে।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%