প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোর, ২০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, প্রশাসন, পুলিশসহ বিভিন্ন স্তরে এখনও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে। তিনি অভিযোগ করেন, তাদের মদদেই গত তিন-চার দিনের মধ্যে বিএনপির তিনজন নেতাকে হত্যা করা হয়েছে।
শুক্রবার বিকেলে যশোর শহরের বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর জেলা বিএনপি এ স্মরণসভার আয়োজন করে।
রিজভী উল্লেখ করেন, আওয়ামী লীগ নেতারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। দেশের ভেতরেও তাদের অনেক টাকা রয়েছে। সেই অর্থের মাধ্যমে সন্ত্রাসী ও টোকাইদের ব্যবহার করে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং বিএনপি নেতা ও সংসদ সদস্যদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানো হচ্ছে।
তিনি বলেন, শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্যরাও হামলার শিকার হচ্ছেন। লন্ডনে নাহিদের ওপর হামলা করা হয়েছে এবং এবি পার্টির মঞ্জুর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে প্রতিবেশী দেশ থেকে মদদ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, পত্রিকায় দেখেছি, তিনি ডিসেম্বরে ফিরবেন। ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির মোবাইলে এ ব্যাপারে ক্ষুদে বার্তা ছিল। তাকে গ্রেফতারের পর সেটা দেখা গেছে। ভেতরে ভেতরে এখনও ফ্যাসিস্টের দোসররা সক্রিয় রয়েছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার একটা লাশ দরকার, সেই লাশ নিয়ে তিনি আন্দোলন গড়ে তুলতে চান। কিন্তু আমরা তো শেখ হাসিনার মতো আচরণ করতে পারি না। আমাদের একটি স্থিতিশীল পরিবেশ রক্ষা করতে হবে, যাতে আর কখনও ফ্যাসিবাদের উত্থান না হয়। সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা ও নিরাপত্তা যত বাড়বে, মানুষ ও সমাজ তত স্থিতিশীল হবে।
মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্ট আমলের ১৭ বছরের বড় একটা অংশ তিনি বেঁচে ছিলেন। হাসপাতালের বেডে শুয়ে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তাকে নিবৃত করার জন্য তার যশোরের বাড়িতে বোমাবাজি পর্যন্ত করা হয়েছে।’
তিনি বলেন, তরিকুল ইসলামের মতো রাজনৈতিক ধ্রুপদি চরিত্রকে আমাদের স্মরণে রাখতেই হবে।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন