ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইমরান খান ইস্যুতে প্রত্যাশা পূরণ না করায় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ পাকিস্তানিরা


ইমরান খান ইস্যুতে প্রত্যাশা পূরণ না করায় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ পাকিস্তানিরা

ইমরান খানের মুক্তির বিষয়ে যে প্রত্যাশা পূরণ হয়নি এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠায় পাকিস্তানি-আমেরিকানদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে উঠেছে। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করা এসব ভোটার সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে ভোট প্রদান করেছেন।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার কারণে তাঁদের হতাশা বেড়েছে। ট্রাম্প একাধিকবার মুনিরকে তাঁর ‘প্রিয় ফিল্ড মার্শাল’ বলে উল্লেখ করেছেন।

ভার্জিনিয়ার অষ্টম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বাসিন্দা এবং কর্পোরেট ফিন্যান্স পেশাজীবী সৈয়দ আলী মিডল ইস্ট আইকে জানান, ২০২৪ সালে তিনি রিপাবলিকান প্রার্থীদের ভোট দিয়েছিলেন। তবে এবার তিনি ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন করেছেন। তাঁর মতে, এবার তিনি ‘রিপাবলিকান নন—এমন যে কাউকে’ ভোট দিয়েছেন।

আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

সৈয়দ আলী আরও বলেন, ট্রাম্প ক্ষমতায় আসার আগে পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ইমরান খানের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেবেন—এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।

ভার্জিনিয়ার একাদশ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বাসিন্দা নাভিন শেখও ২০২৪ সালে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। এবার তিনি ডেমোক্র্যাট প্রার্থী জেমস ওয়াকিনশকে ভোট দিয়েছেন। তিনি বলেন, ইমরান খানকে নিয়ে ট্রাম্পের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও উচ্চপর্যায়ের বৈঠক করেও কোনো ফল পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানি-আমেরিকানদের কয়েকটি সংগঠনও এবার ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থনে কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পাকিস্তানি-আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (পাকপ্যাক ইউএসএ), ফার্স্ট পাকিস্তান গ্লোবাল (এফপিজি) এবং কমিউনিটি অ্যালায়েন্স ফর পিস অ্যান্ড জাস্টিস (সিএপিজে)। এসব সংগঠন অতীতে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিল।

মিশিগানে আবদুল এল-সাইয়েদ এবং টেক্সাসে জেমস তালারিকোর মতো ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন করেছে পাকপ্যাক। সংগঠনটি এবার কোনো রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করেনি।

আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?

ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ঘনিষ্ঠতা পাকিস্তানি-আমেরিকানদের অসন্তোষের একটি গুরুত্বপূর্ণ কারণ। ২০২৫ সালে ভারত-পাকিস্তান উত্তেজনার পর মুনিরের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। ওই সময় মুনির হোয়াইট হাউসে সফর করেন। পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতাকে ইমরান খানের মুক্তির বিষয়ে আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

সিএপিজের প্রতিষ্ঠাতা সদস্য মেহলাকা সামধানি বলেন, পাকিস্তানের সামরিক নেতৃত্বের ওপর চাপ তৈরির জন্য আনা পাকিস্তান ডেমোক্রেসি অ্যাক্টের মতো উদ্যোগও কার্যকর হয়নি। তাঁর মতে, ট্রাম্প প্রশাসনের প্রতি পাকিস্তানি-আমেরিকানদের আস্থা ফিরতে সময় লাগবে।

যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে পাকিস্তানি বংশোদ্ভূত মানুষের সংখ্যা আনুমানিক ৬ লাখ ৮০ হাজার ছিল। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোন জাতিগোষ্ঠীর ভোটাররা কীভাবে ভোট দিয়েছেন, সে বিষয়ে সরকারি কোনো পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করা হয় না। ফলে পাকিস্তানি-আমেরিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন কতটা কমেছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইমরান খানের কারাবাস, পাকিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং দেশটির সামরিক নেতৃত্বের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা—এই সব মিলিয়ে পাকিস্তানি-আমেরিকানদের একটি অংশের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন: ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, ফিচার ফোনের ব্যবহার কমছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, ফিচার ফোনের ব্যবহার কমছে

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : দেশের মোবাইল ফোন উৎপাদন খাতে স্মার্টফোনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। একসময় ফিচার ফোনের প্রাধান্য ছিল বাজারে, কিন্তু বর্তমানে সেই চিত্র পরিবর্তিত হচ্ছে। গত সেপ্টেম্বরে দেশে সংযোজিত মোট হ্যান্ডসেটের প্রায় অর্ধেকই স্মার্টফোন ছিল।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদন সংক্রান্ত পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। বিটিআরসির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশে সংযোজিত হ্যান্ডসেটের ৪৯ দশমিক ০৪ শতাংশ ছিল স্মার্টফোন।

এদিকে, গত জুনে স্মার্টফোনের এই হার ছিল ৩০ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে, ফিচার ফোনের অংশ জুনের ৬৯ দশমিক ২৯ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ৫০ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে। স্মার্টফোনের উৎপাদন অংশ জুলাইয়ে ছিল ৩২ দশমিক ২১ শতাংশ, যা আগস্টে বেড়ে ৩৩ দশমিক ৮৩ শতাংশে পৌঁছায়। সেপ্টেম্বরে এই হার প্রায় অর্ধেকে পৌঁছে যায়।

সর্বশেষ মাসে ফিচার ফোনের উৎপাদন সামান্য বেশি ছিল, তবে দুই ধরনের ফোনের উৎপাদনের মধ্যে ব্যবধান প্রায় ঘুচে এসেছে। সিম্ফনি মোবাইলের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ বাসসের সাথে কথা বলেন। তিনি উল্লেখ করেন, "কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ থাকায় গ্রাহকদের মধ্যে এ ধরনের ফোনের প্রতি আগ্রহ বাড়ছে।"

তিনি আরও বলেন, উৎপাদকরা কিস্তিতে কেনার সুবিধা দেওয়ায় স্মার্টফোন কেনা গ্রাহকদের জন্য আগের চেয়ে সহজ হয়ে উঠেছে। জাকারিয়া শহীদ বলেন, স্মার্টফোনের ব্যবহার বাড়াতে মোবাইল ফোন অপারেটরদের সমন্বিত অফার চালু করা প্রয়োজন। তিনি আশাবাদী যে, অপারেটররা এ ধরনের উদ্যোগ নিলে স্মার্টফোনের ব্যবহার আরও বৃদ্ধি পাবে।

এদিকে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মোবাইল ফোনের বাজারেও পরিবর্তন আসছে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশে ইন্টারনেট সংযোগ বেড়েছে ৮৮ লাখ ২০ হাজার। বিটিআরসির হিসাবে, গত জানুয়ারিতে মোট ইন্টারনেট সংযোগ ছিল ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার, যা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে।

এই সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। নতুন করে যুক্ত হয়েছে ৮০ লাখ ৪০ হাজার সংযোগ, ফলে সেপ্টেম্বরে মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ২২ লাখ ৬০ হাজারে। অন্যদিকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) সেবার মাধ্যমে ব্রডব্যান্ড সংযোগ বেড়েছে ৭ লাখ ৮০ হাজার। সেপ্টেম্বরে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজারে।

ইন্টারনেট ব্যবহারের বিস্তার মোবাইল ফোনের বাজার সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছে। তবে বিটিআরসির পরিসংখ্যানে দেখা যায়, ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সঙ্গে উৎপাদকদের হ্যান্ডসেট উৎপাদনের সিদ্ধান্তের সরাসরি যোগসূত্র নেই।

নেটওয়ার্ক প্রযুক্তির দিক থেকেও উৎপাদনে পরিবর্তনের চিত্র দেখা যাচ্ছে। গত সেপ্টেম্বরে দেশের কারখানাগুলোতে ৭ লাখ ৯২ হাজার ৪জি হ্যান্ডসেট সংযোজন হয়েছে। গত এপ্রিলের পর এটি ছিল এক মাসে সর্বোচ্চ উৎপাদন। এপ্রিলে উৎপাদিত হয়েছিল ১০ লাখ ২ হাজার ইউনিট। সেপ্টেম্বরে উৎপাদন আগস্টের ৭ লাখ ৩৫ হাজার এবং জুলাইয়ের ৫ লাখ ৯৯ হাজার ইউনিটকে ছাড়িয়ে গেছে।

তবে স্মার্টফোনের পরিমাণ বৃদ্ধি পেলেও সামগ্রিক উৎপাদনে সাধারণ হ্যান্ডসেট এখনও এগিয়ে রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৯৩ লাখ ১৬ হাজার ২জি হ্যান্ডসেট সংযোজন হয়েছে। একই সময়ে ৪জি হ্যান্ডসেটের উৎপাদন ছিল ৫৩ লাখ ৯৮ হাজার এবং ৫জি হ্যান্ডসেটের উৎপাদন মাত্র ৩ লাখ ৭৪ হাজার।

অর্থাৎ, উন্নত নেটওয়ার্ক প্রযুক্তির হ্যান্ডসেটের তুলনায় প্রচলিত প্রযুক্তির ফোনের উৎপাদন এখনও অনেক বেশি। তবে মাসভিত্তিক উৎপাদনে স্মার্টফোনের অংশ বাড়ছে। বিটিআরসির তথ্যমতে, প্রথম নয় মাসে দেশে মোট ১ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার হ্যান্ডসেট উৎপাদিত হয়েছে।

তবে মাসভেদে উৎপাদনের পরিমাণে উল্লেখযোগ্য পার্থক্য ছিল। এপ্রিলে সর্বোচ্চ ২৭ লাখ ৫ হাজার হ্যান্ডসেট উৎপাদিত হয়। আগস্টে উৎপাদন ছিল ২২ লাখ ৬৬ হাজার এবং জুলাইয়ে ১৮ লাখ ৩৩ হাজার। সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় ১৬ লাখ ৪৫ হাজারে। উৎপাদনের ধরনেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। জানুয়ারিতে মোট উৎপাদিত হ্যান্ডসেটের ৫৬ দশমিক ৮৪ শতাংশ ছিল ফিচার ফোন। জুনে তা বেড়ে সর্বোচ্চ ৬৯ দশমিক ২৯ শতাংশে পৌঁছায়।

এরপর থেকে ফিচার ফোনের উৎপাদনের অংশ কমতে থাকে। সেপ্টেম্বরে তা স্মার্টফোনের উৎপাদনের প্রায় সমান পর্যায়ে চলে আসে। দেশের কারখানাগুলোতে সংযোজিত হ্যান্ডসেটের ধরনে ধীরে ধীরে পরিবর্তন ঘটছে। সেপ্টেম্বরে উৎপাদনচিত্রে দেশের মোবাইল ফোন শিল্পে স্মার্টফোনের অবস্থান শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলেছে। তবে উৎপাদনকারীরা দীর্ঘমেয়াদে তাদের উৎপাদন পরিকল্পনায় এ ধরনের পরিবর্তন আনছেন কি না, তা বোঝা যাবে পরবর্তী মাসগুলোর উৎপাদন পরিসংখ্যান থেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায়: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায়: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন যে, ২০৩০ সালের মধ্যে সরকার বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর পরিকল্পনা করছে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নবায়নযোগ্য উৎস থেকে অর্জন করা হবে। এ লক্ষ্যে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে।

তিনি উল্লেখ করেন, সোনাগাজী ২২০ মেগাওয়াট সোলার প্রকল্প আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফলভাবে প্রকল্পটি শেষ করতে পারলে এখানকার শিক্ষা অন্যান্য প্রকল্পে কাজে লাগানো সম্ভব হবে। কাজের মানের ক্ষেত্রে কোনো আপোষ না করে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


বরগুনায় জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনপদ বিপর্যয়ের সম্মুখীন। প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, লবণাক্ততা, জলোচ্ছ্বাস এবং বসতভিটা হারানোর ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলের মানুষ। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছে ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ এবং নিরাপদ জীবনযাপনের অধিকার এখনও নিশ্চিত হয়নি। এই পরিস্থিতিতে জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলীয় জনগণের অধিকার সুরক্ষার দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা শহরের খাকদোন নদীর পাড়ে নদীবন্দর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজন এবং লিডার্সের সহযোগিতায় এই কর্মসূচিতে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ, তরুণ-তরুণী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের হাতে ছিল জলবায়ু ন্যায্যতা, পরিবেশ সংরক্ষণ এবং উপকূলীয় মানুষের অধিকার আদায়ের দাবিসংবলিত ব্যানার ও স্লোগান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের সাধারণ মানুষ দায়ী নয়, কিন্তু তাঁদেরই এর ভয়াবহ মাশুল দিতে হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অস্বাভাবিক জোয়ার, নদীভাঙন এবং লবণাক্ততার প্রকোপ বাড়ছে। কৃষিজমি, মৎস্যসম্পদ, বসতবাড়ি এবং জীবিকার উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে। একের পর এক দুর্যোগে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। বিশেষ করে নারীরা পানি সংগ্রহ, পরিবারের খাদ্যনিরাপত্তা, সন্তানদের লালন-পালন এবং দুর্যোগকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন।

তাঁদের মতে, জলবায়ু সংকট এখন আর শুধুমাত্র পরিবেশগত সমস্যা নয়, বরং এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা, মানবাধিকার এবং অস্তিত্বের প্রশ্ন। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। উন্নয়ন পরিকল্পনা এবং জলবায়ু তহবিল ব্যবহারে উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য অধিক দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগণের ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতাই হোক সমাধান’, ‘টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদ জীবন চাই’, ‘সবুজ পৃথিবী সবার অধিকার, মানবে না আর জলবায়ু অবিচার’, ‘কার্বন কমাও, সবুজ বাড়াও, জলবায়ু ন্যায্যতা ফিরিয়ে দাও’ এবং ‘প্রকৃতি ধ্বংস বন্ধ হোক, জলবায়ু ন্যায্যতায় জাগুক লোক’ স্লোগানগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও সাংবাদিক মনির হোসেন কামাল। বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, তারুণ্যের শেকড় সংগঠনের সদস্য মো. বনি আমিন, যুব রেডক্রিসেন্টের প্রধান মো. সজিব হোসেন, সংগঠনটির সদস্য ফারজানা আফরিন তানিয়াসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জাফর সালেহ।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে টেকসই এবং মানসম্মত বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। অনেক এলাকায় দুর্বল এবং ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে স্বাভাবিক জোয়ার কিংবা সামান্য দুর্যোগেও জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। কোথাও কোথাও নদীভাঙনে বসতভিটা ও আবাদি জমি বিলীন হচ্ছে। ফলে মানুষকে বারবার নতুন করে ঘরবাড়ি নির্মাণ এবং জীবিকা গড়ে তোলার সংগ্রাম করতে হচ্ছে। এ অবস্থায় অপরিকল্পিত এবং সাময়িক সংস্কারের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগণের মধ্যে উপকূলের নারীরা অন্যতম। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং জীবিকার সংকট তাঁদের দুর্ভোগ বাড়িয়ে দেয়। তাই জলবায়ু অভিযোজন এবং দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ পানির ব্যবস্থা করাও জরুরি।

আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে উপকূলীয় জনগণের এসব দাবি, সংকট এবং বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। তাঁদের বক্তব্য, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠ আন্তর্জাতিক আলোচনায় যথাযথ গুরুত্ব পেতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, জলবায়ু তহবিল, অভিযোজন কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাস্তবসম্মত অর্থায়ন নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি সেই অর্থের স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করাও প্রয়োজন।

মানববন্ধন থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রকৃতি এবং পরিবেশ রক্ষা, উপকূলীয় জনগণের অধিকার সুরক্ষা এবং নিরাপদ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করতে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, উপকূলের মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত ভবিষ্যতে আরও ভয়াবহ মানবিক এবং পরিবেশগত সংকট তৈরি করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


আজ সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

আজ সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি ২০২৪ সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ ফজলুল করিম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিচার বিভাগে দীর্ঘ কর্মজীবন কাটিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পূর্বে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি হিসেবে কাজ করেছেন। বিচার বিভাগে তার দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় পাওয়া যায়।

তার শুভাকাঙ্ক্ষীরা জানান, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন নিরহংকার মানুষ। বিচারিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%