প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইমরান খানের মুক্তির বিষয়ে যে প্রত্যাশা পূরণ হয়নি এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠায় পাকিস্তানি-আমেরিকানদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে উঠেছে। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করা এসব ভোটার সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে ভোট প্রদান করেছেন।
রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার কারণে তাঁদের হতাশা বেড়েছে। ট্রাম্প একাধিকবার মুনিরকে তাঁর ‘প্রিয় ফিল্ড মার্শাল’ বলে উল্লেখ করেছেন।
ভার্জিনিয়ার অষ্টম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বাসিন্দা এবং কর্পোরেট ফিন্যান্স পেশাজীবী সৈয়দ আলী মিডল ইস্ট আইকে জানান, ২০২৪ সালে তিনি রিপাবলিকান প্রার্থীদের ভোট দিয়েছিলেন। তবে এবার তিনি ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন করেছেন। তাঁর মতে, এবার তিনি ‘রিপাবলিকান নন—এমন যে কাউকে’ ভোট দিয়েছেন।
সৈয়দ আলী আরও বলেন, ট্রাম্প ক্ষমতায় আসার আগে পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ইমরান খানের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেবেন—এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।
ভার্জিনিয়ার একাদশ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বাসিন্দা নাভিন শেখও ২০২৪ সালে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। এবার তিনি ডেমোক্র্যাট প্রার্থী জেমস ওয়াকিনশকে ভোট দিয়েছেন। তিনি বলেন, ইমরান খানকে নিয়ে ট্রাম্পের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও উচ্চপর্যায়ের বৈঠক করেও কোনো ফল পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানি-আমেরিকানদের কয়েকটি সংগঠনও এবার ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থনে কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পাকিস্তানি-আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (পাকপ্যাক ইউএসএ), ফার্স্ট পাকিস্তান গ্লোবাল (এফপিজি) এবং কমিউনিটি অ্যালায়েন্স ফর পিস অ্যান্ড জাস্টিস (সিএপিজে)। এসব সংগঠন অতীতে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিল।
মিশিগানে আবদুল এল-সাইয়েদ এবং টেক্সাসে জেমস তালারিকোর মতো ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন করেছে পাকপ্যাক। সংগঠনটি এবার কোনো রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করেনি।
ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ঘনিষ্ঠতা পাকিস্তানি-আমেরিকানদের অসন্তোষের একটি গুরুত্বপূর্ণ কারণ। ২০২৫ সালে ভারত-পাকিস্তান উত্তেজনার পর মুনিরের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। ওই সময় মুনির হোয়াইট হাউসে সফর করেন। পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতাকে ইমরান খানের মুক্তির বিষয়ে আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।
সিএপিজের প্রতিষ্ঠাতা সদস্য মেহলাকা সামধানি বলেন, পাকিস্তানের সামরিক নেতৃত্বের ওপর চাপ তৈরির জন্য আনা পাকিস্তান ডেমোক্রেসি অ্যাক্টের মতো উদ্যোগও কার্যকর হয়নি। তাঁর মতে, ট্রাম্প প্রশাসনের প্রতি পাকিস্তানি-আমেরিকানদের আস্থা ফিরতে সময় লাগবে।
যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে পাকিস্তানি বংশোদ্ভূত মানুষের সংখ্যা আনুমানিক ৬ লাখ ৮০ হাজার ছিল। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোন জাতিগোষ্ঠীর ভোটাররা কীভাবে ভোট দিয়েছেন, সে বিষয়ে সরকারি কোনো পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করা হয় না। ফলে পাকিস্তানি-আমেরিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন কতটা কমেছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইমরান খানের কারাবাস, পাকিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং দেশটির সামরিক নেতৃত্বের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা—এই সব মিলিয়ে পাকিস্তানি-আমেরিকানদের একটি অংশের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন