ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দুবাইয়ে ১০০ কর্মী নিয়োগে আনসার-ভিডিপির বাছাই কার্যক্রম শুরু


দুবাইয়ে ১০০ কর্মী নিয়োগে আনসার-ভিডিপির বাছাই কার্যক্রম শুরু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১০০ জন প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য নিয়োগের জন্য বাছাই কার্যক্রম শুরু হয়েছে। ট্রান্সগার্ড গ্রুপ এলএলসির মাধ্যমে নিয়োগের জন্য ১৩৯ জন প্রশিক্ষিত সদস্যের মধ্যে থেকে তাঁদের নির্বাচন করা হচ্ছে।

গতকাল বুধবার, রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি উপস্থিত প্রার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি এবং নিয়োগকারী প্রতিষ্ঠান ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রার্থীদের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি ও স্টিল ফিক্সার পদে কর্মী নির্বাচন করা হবে।

আরও পড়ুন: এসিআই মোটরসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, বয়স ৪০ পর্যন্ত আবেদন করা যাবে

অনুষ্ঠানে মহাপরিচালক উল্লেখ করেন, বৈদেশিক কর্মসংস্থানে অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানো বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপে প্রায় পাঁচ হাজার কর্মীর প্রয়োজন রয়েছে। এর বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের বৈদেশিক মিশন এবং বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়াই নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের সুযোগ তৈরি হচ্ছে।

মহাপরিচালক আরও জানান, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো, ঋণের কিস্তি পরিশোধ ও জরুরি সমস্যা সমাধানে বাহিনীর মাইগ্রেশন সেল, ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রান্তিক শক্তি লিমিটেড ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বয়ে একটি সেবা কাঠামো গড়ে তোলা হচ্ছে।

ওয়েলফেয়ার ট্রাস্টের সিআরএম সফটওয়্যার ও ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিসের মাধ্যমে নিবন্ধন থেকে বিদেশ গমন এবং প্রবাসে অবস্থানকালীন প্রয়োজনীয় সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে থাকা প্রবাসীদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের নেটওয়ার্ক কাজে লাগানো হবে।

আরও পড়ুন: ব্রুনাইয়ে ৩৭০ পুরুষ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল, আবেদন ফি ১০০ টাকা

বিদেশগামী সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, বিদেশের কর্মক্ষেত্রে প্রত্যেক সদস্য দেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করবেন। তাই কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখার পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের শর্ত মেনে চলতে হবে। কোনো অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের মাধ্যমে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, সারা দেশ থেকে বাছাই করা আরও প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বৈদেশিক কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। বর্তমান নির্বাচিত সদস্যদের দক্ষতা ও সুনাম আন্তর্জাতিক শ্রমবাজারে পরবর্তী সদস্যদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং যথানিয়মে দেশে ফেরার ওপরও গুরুত্ব দেন তিনি।

আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণে জাপান ও ইউরোপে আনসার-ভিডিপি সদস্যদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক। জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও ভাষা শিক্ষায় দক্ষ সদস্যদের জন্য বিশ্ববিদ্যালয় ও ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বৃত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

অন্যদিকে ইউরোপের শ্রমবাজারে কর্মীদের গ্রহণযোগ্যতা বাড়াতে আন্তর্জাতিক মানদণ্ড ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা পারিবারিক বা সামাজিক কারণে বিদেশে যেতে পারবেন না, তাঁদের স্থানীয়ভাবে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সঞ্জীবন প্রকল্পের আওতায় খামার, বায়োগ্যাস ও একক পণ্যভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ করা হচ্ছে।

আরও পড়ুন: ন্যূনতম মজুরি: মালিকরা প্রস্তাব ১৫,৭০০, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরিপ্রার্থী সদস্য ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইমাম সমিতির নবনির্বাচিত সভাপতি মাওলানা কাজী আবু হোরাইরা।

ড. মাওলানা আব্দুল কাদির মাদানীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। নবনির্বাচিত মহাসচিব মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন।

মুফতি মুহাম্মদ মুহিউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সভাপতি মাওলানা কাজী আবু হোরাইরাকে শপথবাক্য পাঠ করানো হয়। এরপর তিনি সরাসরি উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত কেন্দ্রীয় কমিটির ১৬০ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান।

সভাপতির বক্তব্যে মাওলানা কাজী আবু হোরাইরা উল্লেখ করেন, ইমামগণ সমাজের ধর্মীয় নেতা। তাঁদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি সমাজের প্রতিটি ইতিবাচক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় নেতৃত্বের গণ্ডি পেরিয়ে সামাজিক উন্নয়ন, নৈতিকতা প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজেও ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতির কল্যাণে ইমাম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন মুফতি আখতারুজ্জামান, মুফতি আবুল হাসান, মাওলানা আনিসুজ্জামান সিকদার, মাওলানা হাবিব আহমদ শিশির, মাওলানা মাসুদ আহমদসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট আলেম ও সংগঠক।

যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি মুহাম্মদ মুহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ এহসান উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম এবং অধ্যাপক মাওলানা আখতার ফারুক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি মুহাম্মদ সানাউল্লাহ এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা শাহ শামসুদ্দীন।

এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আ. ন. ম. মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি জাকারিয়া হারুন, তালিম তারবিয়াত সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আজহারী, শিক্ষা-সাহিত্য গবেষণা ও সংস্কৃতি সম্পাদক হাফিজ মাওলানা বায়েজিদ হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক ড. অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মাদানী, পরিবেশ উন্নয়নবিষয়ক সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, মসজিদ পাঠাগার সম্পাদক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, আইটি বিষয়ক সম্পাদক মাওলানা মামুনুর রশীদ এবং দাওয়াত সম্পাদক মাওলানা নূরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন বিভাগে সম্পাদক, সহসম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বক্তারা সংগঠনে প্রবীণ নেতৃত্বের অভিজ্ঞতা ও পরামর্শের পাশাপাশি নতুন প্রজন্মের তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, প্রবীণদের দিকনির্দেশনা এবং তরুণদের উদ্যম, মেধা ও সৃজনশীল উদ্যোগের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি আরও সুসংগঠিত, গতিশীল ও সময়োপযোগী সংগঠনে পরিণত হবে। নতুন প্রজন্মের এই অংশগ্রহণ সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নতুন ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশের বেশি ইসলামোফোবিয়ার শিকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশের বেশি ইসলামোফোবিয়ার শিকার

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুসলিম শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশেরও বেশি ইসলামোফোবিয়া বা মুসলিমবিদ্বেষের শিকার হচ্ছেন বলে একটি সাম্প্রতিক জরিপে উঠে এসেছে। ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ (ফসিস)-এর এই প্রতিবেদনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, ধর্মীয় চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর এই বৈষম্যের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামোফোবিয়ার সম্মুখীন হওয়া শিক্ষার্থীদের ৪৫.৩ শতাংশ জানিয়েছেন যে এই অভিজ্ঞতা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর মাঝারি থেকে উচ্চ মাত্রার প্রভাব ফেলেছে। তবে বৈষম্যের শিকার হওয়া শিক্ষার্থীদের ৬৮.২ শতাংশই প্রাতিষ্ঠানিক অভিযোগ ব্যবস্থায় আস্থার অভাবে তা জানাতে পারেননি বা রিপোর্ট করার মতো অবস্থায় ছিলেন না বলে উল্লেখ করেছেন। প্রায় দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী এ বিষয়ে জানেন না যে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামোফোবিয়া মোকাবিলায় কোনো পদক্ষেপ নিয়েছে কি না।

ধর্মীয় আচার-পালন ও পাঠ্যসূচির সময়সূচি নিয়েও ভোগান্তির চিত্র উঠে এসেছে জরিপে। ২১ শতাংশের বেশি শিক্ষার্থী জানিয়েছেন, তাদের বিশ্ববিদ্যালয়ের সময়সূচি দৈনিক নামাজ ও জুমার নামাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো কোনো ক্ষেত্রে ল্যাব ক্লাস চলাকালীন নামাজের জন্য বের হতে বাধা দেওয়ার পাশাপাশি জুমার নামাজের সময় ছাড় চাওয়ার বিষয়টিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ কেউ প্রশ্নবিদ্ধ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ফিলিস্তিন ইস্যুতে মতপ্রকাশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীরা। জরিপে অংশ নেওয়া প্রায় ৬০.২ শতাংশ শিক্ষার্থী বলেছেন, ফিলিস্তিন প্রসঙ্গে নিজেদের মতামত জানাতে গিয়ে তারা ভীত বা intimidated বোধ করেন। পাশাপাশি ইসলামিক ও ফিলিস্তিন-সম্পর্কিত আয়োজনের অনুমোদন প্রক্রিয়া এবং সরকারি 'প্রিভেন্ট' নীতি প্রয়োগের ক্ষেত্রে বৈষম্যমূলক নজরদারির অভিযোগও উঠেছে।

অন্যদিকে, স্টুডেন্টস ইউনিয়নগুলোতে নিজেদের প্রতিনিধিত্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মাত্র ১০.৫ শতাংশ মুসলিম শিক্ষার্থী মনে করেন, তাদের স্টুডেন্টস ইউনিয়ন মুসলিম হিসেবে তাদের পূর্ণ প্রতিনিধিত্ব করে।

ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের আইন শিক্ষার্থী ও ইসলামিক সোসাইটির সভাপতি আয়ান হাশমি (২০) জানিয়েছেন, অনুষদ ও স্টুডেন্টস ইউনিয়ন সহায়ক হলেও সামাজিক ও ক্রীড়া আয়োজনগুলো মূলত পানশালাকেন্দ্রিক হওয়ায় অ্যালকোহল পরিহারকারী মুসলিম শিক্ষার্থীরা অনেক সময় বিচ্ছিন্ন বোধ করেন। এ ছাড়া জুমার নামাজ শেষে ফেরার পথে এক চালকের অশোভন আচরণের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। অন্যদিকে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী সৈয়দ আলী (২১) মনে করেন, অনেক ক্ষেত্রে প্রকাশ্য গালির বদলে ‘একাডেমিক’ বা মার্জিত ভাষার আড়ালে সূক্ষ্ম বৈষম্য ও বর্ণবাদের রূপ নেয়।

প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় ও স্টুডেন্টস ইউনিয়নগুলোকে ইসলামিক সোসাইটিগুলোর সাথে নিয়মিত পরামর্শ করা এবং শিক্ষার্থীদের ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সূত্র: আল জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও সাইবার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও সাইবার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরে সাইবার অপরাধ এবং অনলাইন জুয়া সংক্রান্ত মামলার পলাতক আসামি মো. লুকমান আলী (২০) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মহারাজপুর গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশের সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মহারাজপুর গ্রামের আমানুল্লাহ প্রামাণিকের (৫০) বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় সাইবার সুরক্ষা আইন ও অনলাইন জুয়া সংক্রান্ত মামলার পলাতক আসামি লুকমান আলীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা মো. মুক্তার আলীর ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে এবং জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সাইবার অপরাধ এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধে জড়িত এবং মামলার পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মহারাজপুর এলাকা থেকে লুকমান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় বাংলাদেশের জিএসপি সুবিধা ২০৩২ সাল পর্যন্ত অব্যাহত রাখার সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


কানাডায় বাংলাদেশের জিএসপি সুবিধা ২০৩২ সাল পর্যন্ত অব্যাহত রাখার সুখবর

কানাডা বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে, যা বাণিজ্যক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ-কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় এ বিষয়গুলো উঠে আসে।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৫ সালের মধ্যে প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়ে যাবে। কানাডা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণ নিশ্চিত করতে জিএসপি সুবিধা বৃদ্ধি করতে চায়।

সভায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। কানাডা বাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত বাজারসুবিধা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কানাডার দীর্ঘদিনের ভূমিকার বিষয়টিও বৈঠকে আলোচনা করা হয়। কানাডা জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে।

এছাড়া, ২০২৬ সালের অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তা ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়। এই সহায়তা বাংলাদেশের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উদ্ভাবনে পারস্পরিক অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে ভূমিকা রাখবে।

দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু স্থান পায়।

রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে কানাডা। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডা ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা প্রদান করেছে।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দুই পক্ষ জানায়, রোহিঙ্গা সংকট মোকাবিলার প্রচেষ্টায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%