০১:১৮ পি.এম
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি হুমকির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড সতর্ক করেছে যে, এসব দেশের অর্থনৈতিক ক্ষতি জিডিপির ১৭ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই সংকটের মধ্যে নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে। পরিবেশবান্ধব শিল্পে নতুন বাণিজ্যের দুয়ার খুলছে। জীববৈচিত্র্যভিত্তিক পণ্য, সমুদ্রসম্পদ ও প্লাস্টিকের বিকল্প পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কৃষি, অবকাঠামো ও উৎপাদন খাতে ক্ষতির ঝুঁকিও বাড়ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, শিল্পবিপ্লবের পূর্বের সময়ের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে।
যদি তাপমাত্রা এইভাবে বাড়তে থাকে, তাহলে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। আঙ্কটাডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বিশ্ব অর্থনীতিতে জিডিপির প্রায় ১০ শতাংশ ক্ষতি হতে পারে। অন্যদিকে, দরিদ্র ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৭ শতাংশ পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন: কৃষিভিত্তিক সমন্বিত ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’
এই পরিস্থিতি মোকাবিলার জন্য আঙ্কটাড পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছে। সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, পানি সংরক্ষণ এবং জলবায়ুসহিষ্ণু কৃষিপ্রযুক্তি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে, ২০২৫ সালে সৌর ও বায়ুবিদ্যুৎ খাত সংশ্লিষ্ট পণ্যের বৈশ্বিক রফতানি ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তবে এসব প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে বিভিন্ন দেশের মধ্যে শুল্ক ও বাণিজ্য বাধা কমানোর ওপর গুরুত্বারোপ করেছে গ্লোবাল ট্রেড।
অন্যদিকে, পরিবেশবান্ধব শিল্পে নতুন বাণিজ্যের সুযোগ তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়টি এখন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতেও স্থান পাচ্ছে। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে স্বাক্ষরিত অর্ধেকের বেশি বাণিজ্য চুক্তিতে জলবায়ুসংশ্লিষ্ট শর্ত যুক্ত হয়েছে। যদিও এসব শর্ত বাস্তবায়নে এখনও বড় ঘাটতি রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখনই পরিবেশবান্ধব প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য বাধা দূর করা এবং উন্নয়নশীল দেশগুলোর উৎপাদন সক্ষমতা ও জলবায়ু তহবিল বৃদ্ধি করা প্রয়োজন।
আরও পড়ুন: ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন