প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করেছে। এ সময় তারা বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে এবং রাত ৮টায় উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি বাজার ও কুশলী ইউনিয়ন নিলফা বাজারে এই ঘটনাগুলি ঘটে। পরবর্তীতে রাত ১০টায় পাটগাতী বাসস্ট্যান্ডে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও একটি মিছিল বের করে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রতক্ষ্যদর্শী সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্নি ইউনিয়নের বর্নি মধ্যেপাড়া বিশ্বাসবাড়ি থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বর্নি বাজারে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে ভাঙচুর চালায়। এ ছাড়া, পুরো বর্নি এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টাঙানো ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। রাত ৮টার দিকে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তারা সড়ক অবরোধ করে নিলফা বাজারের বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিএনপি সমর্থিত কিছু লোকের দোকানপাটও ভাঙচুর করা হয়। পরে রাত ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে আবারও একটি মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী বলেন, "বিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মিছিল বের করে বর্নি বাজারে এসে যুবদলের কার্যালয়টি ভাঙচুর করে। অফিসের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার, টেবিল ভাঙচুর করে তান্ডব চালায়।"
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা জানান, "নিলফা বাজারের বিএনপির কার্যালয়, বর্নি বাজারের যুবদলের কার্যালয়সহ বিএনপি নেতাকর্মীদের কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ- ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তান্ডব চালিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। তাদের কঠোর শাস্তির দাবি জানাই।"
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, "টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে থানার ওসি আইয়ুব আলী মন্তব্য করেন, "কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে শুনেছি। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন