ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লাকসামে আ. লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার


লাকসামে আ. লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

কুমিল্লার লাকসাম থানা পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হয়।

এর আগে, শনিবার (২১ নভেম্বর) রাতে লাকসাম পৌরশহর এবং উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—লাকসাম (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য নরপাটি জামতলী খান বাড়ির ৫২ বছর বয়সী ওসমান খান, মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং উত্তরপাড়া মুন্সী বাড়ির ২৬ বছর বয়সী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রি খিলি বাড়ির ৪০ বছর বয়সী শাহ আলম, উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের ৩৫ বছর বয়সী সাইফুল ইসলাম এবং কান্দিরপাড় ইউনিয়নের সালেপুর গ্রামের ২৩ বছর বয়সী হাবিবুর রহমান।

লাকসাম থানার পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) অনুযায়ী পৃথক দুটি মামলা রয়েছে, এবং অপর তিনজনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, ‘গ্রেপ্তার পাঁচজনকে বিভিন্ন মামলায় কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: নারায়ণগঞ্জের যুবক মো. আলমকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, জ্বালানি তেল পরিমাপে কম দেয়া এবং ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত মূল্যে পরীক্ষা করানোর কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার (২২ নভেম্বর) চান্দিনা উপজেলার বাগুর বাজার ও বেলাশ্বর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানে মেসার্স আরএনআর সিএনজি ফিলিং স্টেশনকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং মাতৃভূমি মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, আরএনআর সিএনজি ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করে আসছিল। একই সঙ্গে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অভিযোগও ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। প্রতি পাঁচ লিটার জ্বালানি তেলে ১৫০ মিলিলিটার কম দেয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্যাস সিলিন্ডার রিফিলের ডিভাইসসহ সংশ্লিষ্টদের হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

এছাড়া মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ২০ হাজার টাকা এবং মাতৃভূমি মিষ্টি কারখানাকে অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে সতর্ক করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


রাষ্ট্রপতি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানালেন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক র‍্যাংকিংয়ে উন্নীত করার পাশাপাশি দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী এই মানবসম্পদ গড়ে তুলতে হবে।

রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এমএ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে প্রতিনিধিদলে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অ্যাকাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে। তারা জানায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, অ্যাকাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশের ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

পূর্বাচলে নতুন ক্যাম্পাসের চলমান উন্নয়নকাজ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানান, প্রায় ৪০০ বিঘা জমির ওপর নির্মিত এই ক্যাম্পাসের অগ্রগতি এবং নতুন ক্যাম্পাসের মাধ্যমে অ্যাকাডেমিক ও গবেষণা অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রাষ্ট্রপতি এ প্রসঙ্গে বলেন, "দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।" তিনি আরও বলেন, "যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।"

সাক্ষাৎকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য বা চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদল। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপকূলীয় বন রক্ষায় নদীর ঢেউ প্রশমনে দেশীয় প্রযুক্তির নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


উপকূলীয় বন রক্ষায় নদীর ঢেউ প্রশমনে দেশীয় প্রযুক্তির নতুন উদ্যোগ

//আজাদ রুহুল আমিন//

বাগেরহাট, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের উপকূলীয় বন, প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপকূলীয় অঞ্চলে সৃজিত বন শুধুমাত্র সবুজের সমারোহ নয়, বরং এটি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল বাতাস ও সমুদ্রের উত্তাল ঢেউ থেকে উপকূলবাসীর জীবন ও সম্পদ রক্ষায় একটি প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী হিসেবেও কাজ করে। তবে প্রতিবছর সমুদ্র ও নদীর তীব্র ভাঙনে উপকূলীয় বনের একটি উল্লেখযোগ্য অংশ বিলীন হয়ে যাচ্ছে।

এর ফলে সরকারের বিপুল বিনিয়োগে গড়ে তোলা বনভূমি, বনজসম্পদ, বন্যপ্রাণীর আবাসস্থল এবং প্রাকৃতিক সবুজ বেষ্টনী ধ্বংসের মুখে পড়ছে।

উপকূলীয় বনভূমির এই ভাঙন কেবল ভূমি হারানোর ঘটনা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্যের অস্তিত্ব, স্থানীয় মানুষের জীবন-জীবিকা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা।

বনভূমি বিলীন হওয়ার ফলে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে উপকূলের সুরক্ষা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। তাই বন রক্ষার পাশাপাশি ভাঙনপ্রবণ উপকূলীয় অঞ্চলকে স্থিতিশীল করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।

উপকূলীয় অঞ্চলে ভাঙনের অন্যতম প্রধান কারণ হলো সমুদ্রের প্রবল ঢেউ, জোয়ার-ভাটার স্রোত, নদীর প্রবাহ, ঘূর্ণিঝড়জনিত জলোচ্ছ্বাস এবং উপকূলীয় বাতাসের তীব্র গতি।

বিশেষ করে সমুদ্রের উন্মুক্ত অংশে, যেখানে ঢেউ সরাসরি বনভূমির ওপর আঘাত হানে, সেখানে মাটির ক্ষয় ও গাছের গোড়ার মাটি সরে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। ক্রমাগত ঢেউয়ের আঘাতে মাটি আলগা হয়ে যায়, গাছের শিকড় উন্মুক্ত হয়ে পড়ে এবং একপর্যায়ে গাছ উপড়ে পড়ে বা বনভূমি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়।

প্রাকৃতিক প্রক্রিয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের তীব্রতা ও প্রকৃতির পরিবর্তন এবং উপকূলীয় ভূপ্রকৃতির অস্থিতিশীলতা এই সংকটকে আরও জটিল করে তুলছে।

ফলে প্রচলিত পদ্ধতিতে শুধু গাছ লাগিয়ে বন সৃষ্টি করলেই অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে না।

বন সৃজনের আগে ভূমির স্থিতিশীলতা নিশ্চিত করা এবং ঢেউয়ের শক্তি প্রশমনের কার্যকর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় উপকরণনির্ভর প্রযুক্তির ব্যবহার এর মাধ্যমে উপকূলীয় বন রক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বন ব্যবস্থাপনায় এ এক নতুন সংযোজন।

সমুদ্রের উন্মুক্ত দিকে, যেখানে ঢেউয়ের তোড় প্রবল এবং বাতাসের গতিবেগ বেশি, সেখানে ঢেউয়ের সরাসরি আঘাত প্রশমনের লক্ষ্যে দেশীয় সহজলভ্য ও তুলনামূলক স্বল্পমূল্যের উপকরণ ব্যবহার করে বিশেষ ধরনের বেড়া বা প্রতিবন্ধক কাঠামো নির্মাণ করা হচ্ছে।

জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা—জাইকার আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগে সমুদ্রের উন্মুক্ত প্রান্তে নির্দিষ্ট নকশা ও পরিকল্পনা অনুযায়ী বেড়া স্থাপন করা হচ্ছে।

এসব কাঠামোর মূল উদ্দেশ্য হলো সমুদ্রের ঢেউয়ের শক্তি সরাসরি বনভূমিতে আঘাত হানার আগেই তা প্রশমিত করা, পানির প্রবাহের গতিশক্তি কমানো এবং ভাঙনপ্রবণ এলাকায় পলিমাটি জমার অনুকূল পরিবেশ সৃষ্টি করা।

এ ধরনের বেড়া ঢেউয়ের শক্তিকে সম্পূর্ণ বাধা দেওয়ার পরিবর্তে নিয়ন্ত্রিতভাবে প্রশমিত করতে সহায়তা করে। ফলে ঢেউয়ের আঘাতের তীব্রতা কমে, মাটির ক্ষয় হ্রাস পায় এবং নতুন পলি জমে ভূমির স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়। ধীরে ধীরে বন সৃজনের উপযোগী পরিবেশ গড়ে ওঠে, যা উপকূলীয় বনায়নের স্থায়িত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকৃতির সঙ্গে প্রযুক্তির সমন্বয়ের এই উদ্যোগের বিশেষত্ব হলো প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বন রক্ষার ব্যবস্থা গড়ে তোলা। শক্ত ও ব্যয়বহুল কংক্রিট অবকাঠামোর পরিবর্তে স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে এমন প্রতিবন্ধক তৈরি করা হচ্ছে, যা ঢেউয়ের গতিশক্তি প্রশমনের পাশাপাশি পলি জমা, মাটির গঠন উন্নয়ন এবং উদ্ভিদের স্বাভাবিক বিকাশে সহায়ক হতে পারে।

এই পদ্ধতিতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, স্থানীয় উপকরণের ব্যবহার, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী কাঠামোর নকশা পরিবর্তনের সুযোগ থাকায় এটি উপকূলীয় বন ব্যবস্থাপনায় একটি সম্ভাবনাময় অভিযোজন কৌশল হিসেবে বিবেচিত হতে পারে।

বন, জীববৈচিত্র্য ও মানুষের জীবন ও সম্পদসহ বসতি ও সভ্যতা সুরক্ষায় এই কার্যক্রমে রয়েছে বহুমাত্রিক সুফল। উপকূলীয় বন রক্ষায় ঢেউ প্রশমনের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে এর সুফল শুধু বনভূমির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বনভূমির ভাঙন কমলে গাছপালা, বন্যপ্রাণী, পাখি, সরীসৃপ, কীটপতঙ্গ এবং বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল সুরক্ষিত থাকবে। উপকূলীয় জীববৈচিত্র্যের ধারাবাহিকতা বজায় থাকবে এবং প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়তা করবে।

একই সঙ্গে বনভূমি টিকে থাকলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী হিসেবে এর কার্যকারিতা বজায় থাকবে।

উপকূলীয় জনপদ, কৃষিজমি, ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবন-জীবিকার ওপর দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমানোর ক্ষেত্রে বন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ফলে সরকারের বন সৃজন ও উপকূলীয় পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের বিনিয়োগও সুরক্ষিত হবে।

দেশীয় উপকরণনির্ভর বেড়া নির্মাণ এবং বিজ্ঞানভিত্তিক বন ব্যবস্থাপনার এই উদ্যোগ প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে উপকূল রক্ষার একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত।

জাইকার আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় বাস্তবায়িত এ ধরনের উদ্যোগ উপকূলীয় ভাঙন মোকাবিলায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। যথাযথ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এই প্রযুক্তি আরও কার্যকর ও টেকসই হয়ে উঠতে পারে।

সমুদ্রের উত্তাল ঢেউয়ের বিরুদ্ধে গড়ে তোলা এই ক্ষুদ্র প্রতিরোধক কাঠামো হয়তো একদিন উপকূলের বিস্তীর্ণ বনভূমি, অসংখ্য প্রাণের আবাসস্থল এবং লাখো মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সুরক্ষা বেষ্টনী হয়ে উঠবে।

এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাসসকে জানান, বর্তমান সরকার পরিবেশ-প্রতিবেশ রক্ষায় বদ্ধপরিকর। টেকসই উন্নয়নের পূর্বশর্ত পরিবেশ রক্ষা। আর এটা ঠিক রাখতে অবশ্যই আমাদের বনভূমি বাড়াতে হবে। বৃক্ষ রোপণ করতে হবে। আর শুধু বৃক্ষ রোপণ করে বসে থাকলে হবে না।

তিনি জানান, বৃক্ষ বাঁচিয়ে রাখতে আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপকূলীয় অঞ্চলে বিশেষ করে সাগরপাড়ে বৃক্ষরোপণ করার পাশাপাশি তা ঝড় বা জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে আমরা সব কিছুই করছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


মোহাম্মদপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ৪ জন আটক

রাজধানীর মোহাম্মদপুরে পাবনা হাউজ গলির মুল্লুক চান সড়কে একটি অভিযান পরিচালনা করে এসআরবি-২। অভিযানে ১টি বিদেশি রিভলভার ও ০৬ রাউন্ড তাজা গুলিসহ মো. হাবিবুল ইসলাম রানা (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া, মাদকদ্রব্যের সাথে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) এসআরবি-২ এর কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিমের নেতৃত্বে বিশেষ অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানটি মাদক ও কিশোর গ্যাং বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

আজ ভোর সাড়ে ৫টার দিকে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন পাবনা হাউজ গলি, মুল্লুক চান সড়কের জনৈক মোজাম্মেল হকের বসতবাড়ির সামনে অভিযান চালানো হয়। সেখানে ০১টি বিদেশি রিভলভার ও ০৬ রাউন্ড তাজা গুলিসহ মো. হাবিবুল ইসলাম রানাকে (৩২) গ্রেফতার করা হয়। একই ঘটনায় অপর ০৩ জনের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন, ২৮০ গ্রাম হেরোইন (২০৭৫ পুরিয়া) এবং ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. হাবিবুল ইসলাম রানা, মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) এবং মো. তানজীন খান জিসান (৩২)। এসআরবি-২ জানায়, মো. হাবিবুল ইসলাম রানার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ০১টি বিদেশি রিভলভার ও ০৬ রাউন্ড তাজা গুলি। এছাড়াও, মো. নাইম কাজি, মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০), মো. তানজীন খান জিসানের কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় এসআরবি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%