সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫৮ এম
যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ার খাতে ক্যারিয়ার গড়ার জন্য সব সময় চার বছরের কলেজ ডিগ্রি বা দীর্ঘমেয়াদি পড়াশোনার প্রয়োজন হয় না। নির্দিষ্ট প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সার্টিফিকেশন সম্পন্ন করে হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম অথবা মেডিকেল ল্যাবে কাজের সুযোগ তৈরি করা সম্ভব, যা কয়েক সপ্তাহ থেকে দুই বছরের মধ্যে সম্পন্ন করা যায়।
বিশেষ করে নতুন অভিবাসী এবং পেশা পরিবর্তনে আগ্রহীদের জন্য পাঁচটি হেলথ কেয়ার সাপোর্ট পেশা হতে পারে ক্যারিয়ার শুরুর বাস্তবসম্মত পথ। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য অনুযায়ী, সার্টিফায়েড নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ফ্লেবোটোমিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সার্জিক্যাল টেকনোলজিস্ট এবং ফার্মেসি টেকনিশিয়ান পেশায় প্রবেশের জন্য বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তবে চাকরির শর্ত, লাইসেন্স এবং সার্টিফিকেশন সংক্রান্ত নিয়ম অঙ্গরাজ্য এবং নিয়োগদাতাভেদে আলাদা হতে পারে।
প্রথম সুযোগটি হলো সার্টিফায়েড নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা সিএনএ। এই পেশায় রোগীদের গোসল, খাওয়াদাওয়া, পোশাক পরিবর্তন ও চলাফেরায় সহায়তা করতে হয়। রোগীর ব্লাড প্রেসার, শরীরের তাপমাত্রা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যতথ্য পর্যবেক্ষণ করাও তাদের দায়িত্ব। সাধারণত রেজিস্টার্ড নার্স বা লাইসেন্সপ্রাপ্ত নার্সের তত্ত্বাবধানে কাজ করেন সিএনএ কর্মীরা।
এই পেশার প্রশিক্ষণ সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে শেষ করা সম্ভব। ফেডারেল নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট নার্সিং হোমে কাজের জন্য নার্স এইড প্রশিক্ষণের ন্যূনতম সময় ৭৫ ঘণ্টা। তবে অনেক অঙ্গরাজ্যে আরও বেশি প্রশিক্ষণ প্রয়োজন হয়। সাধারণত অনুমোদিত প্রোগ্রাম শেষ করে দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সংশ্লিষ্ট স্টেটের নার্স এইড রেজিস্ট্রিতে নাম অন্তর্ভুক্ত করা হয়।
দ্বিতীয় সুযোগ ফ্লেবোটোমিস্ট। তাদের প্রধান কাজ রোগীর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা, সঠিকভাবে লেবেল লাগানো এবং পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর ব্যবস্থা করা। হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব, ব্লাড ডোনেশন সেন্টার এবং চিকিৎসকের অফিসে এই পেশার কর্মীরা কাজ করেন।
ফ্লেবোটোমিস্ট প্রশিক্ষণ সাধারণত এক বছরের কম সময়ে সম্পন্ন করা যায়। অনেক প্রোগ্রাম কয়েক মাসের মধ্যেই শেষ হয়। কিছু নিয়োগদাতা হাইস্কুল ডিপ্লোমা থাকা কর্মীদের চাকরিতে প্রশিক্ষণের সুযোগও দিয়ে থাকে। তবে ক্যালিফোর্নিয়ার মতো কিছু অঙ্গরাজ্যে নির্দিষ্ট সার্টিফিকেশন প্রয়োজন। অন্য জায়গায় নিয়োগদাতারা পেশাগত সার্টিফিকেশনকে গুরুত্ব দিতে পারেন।
তৃতীয় সুযোগ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। চিকিৎসকের অফিস, আউটপেশেন্ট ক্লিনিক ও অন্যান্য হেলথ কেয়ার প্রতিষ্ঠানে এই পেশার কর্মীরা চিকিৎসাসংক্রান্ত এবং প্রশাসনিক দুই ধরনের দায়িত্ব পালন করেন। রোগীর ব্লাড প্রেসার মাপা, মেডিকেল হিস্ট্রি সংগ্রহ, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ এবং মেডিকেল রেকর্ড সংরক্ষণ তাদের সাধারণ কাজের মধ্যে পড়ে। নির্দিষ্ট নিয়ম ও তত্ত্বাবধানে কিছু ক্লিনিক্যাল কাজও করতে পারেন তারা।
মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সার্টিফিকেট বা ডিপ্লোমা প্রোগ্রাম সাধারণত প্রায় এক বছর এবং অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম প্রায় দুই বছর মেয়াদি। কিছু প্রতিষ্ঠানে চাকরির মধ্যেও প্রশিক্ষণ দেওয়া হয়। অধিকাংশ অঙ্গরাজ্যে এই পেশার জন্য আলাদা লাইসেন্স বাধ্যতামূলক না হলেও কিছু অঙ্গরাজ্যে বিশেষ শর্ত রয়েছে। নিয়োগদাতারাও স্বীকৃত সার্টিফিকেশন চাইতে পারেন।
চতুর্থ সুযোগ সার্জিক্যাল টেকনোলজিস্ট। অস্ত্রোপচারের আগে অপারেটিং রুম প্রস্তুত করা, জীবাণুমুক্ত যন্ত্রপাতি সাজানো এবং অস্ত্রোপচার চলাকালে সার্জনকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা তাদের অন্যতম দায়িত্ব। হাসপাতাল ও সার্জারি সেন্টারে এই পেশার কর্মীদের কাজের সুযোগ রয়েছে।
এই পেশায় সাধারণত স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট অথবা অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করতে হয়। প্রোগ্রামভেদে প্রায় এক থেকে দুই বছর সময় লাগতে পারে। অনেক নিয়োগদাতা সার্টিফায়েড সার্জিক্যাল টেকনোলজিস্ট বা সিএসটি সার্টিফিকেশনকে গুরুত্ব দেন। কিছু অঙ্গরাজ্যে পেশাটির জন্য অতিরিক্ত নিয়মও রয়েছে।
পঞ্চম সুযোগ ফার্মেসি টেকনিশিয়ান। এই পেশায় ফার্মাসিস্টের তত্ত্বাবধানে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ প্রস্তুতের কাজে সহায়তা, ওষুধের লেবেল ও ইনভেন্টরি ব্যবস্থাপনা এবং ইন্স্যুরেন্স সংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণের দায়িত্ব পালন করতে হয়। রিটেইল ফার্মেসি ও হাসপাতালের ফার্মেসিতে কাজের সুযোগ রয়েছে।
ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করতে সাধারণত হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের যোগ্যতা প্রয়োজন। অনেক কর্মী চাকরির মধ্যেই প্রশিক্ষণ নেন। অন্যরা নির্দিষ্ট প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পন্ন করেন। এসব প্রশিক্ষণ সাধারণত এক বছরের কম সময়ের হয়। অধিকাংশ অঙ্গরাজ্যে পেশাটি নিয়ন্ত্রিত এবং স্টেটভেদে রেজিস্ট্রেশন, লাইসেন্স বা সার্টিফিকেশন প্রয়োজন হতে পারে।
তবে শুধু কোর্সে ভর্তি হলেই চাকরির যোগ্যতা নিশ্চিত হয় না। যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ার প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোগ্রামটির অনুমোদন ও স্বীকৃতি যাচাই করা। বিশেষ করে কোনো প্রোগ্রাম শেষ করার পর কাঙ্ক্ষিত সার্টিফিকেশন পরীক্ষায় অংশ নেওয়া যাবে কিনা, তা আগে নিশ্চিত হওয়া প্রয়োজন।
মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সিএমএ পরীক্ষার নির্দিষ্ট যোগ্যতার ক্ষেত্রে কমিশন অন অ্যাক্রেডিটেশন অব অ্যালাইড হেলথ এডুকেশন প্রোগ্রামস (CAAHEP) অথবা অ্যাক্রেডিটিং ব্যুরো অব হেলথ এডুকেশন স্কুলস (ABHES) স্বীকৃত প্রোগ্রাম গুরুত্বপূর্ণ। তবে পরীক্ষায় অংশ নেওয়ার বিকল্প যোগ্যতার পথও রয়েছে।
প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাছাইয়ের আগে ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ইন্টার্নশিপ বা এক্সটার্নশিপের সুযোগ, পরীক্ষায় পাসের হার, চাকরি পাওয়ার পরিসংখ্যান এবং মোট খরচ যাচাই করা জরুরি। কোর্স ফির বাইরে পরীক্ষার ফি, ইউনিফর্ম, ব্যাকগ্রাউন্ড চেক, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য খরচও থাকতে পারে।
কমিউনিটি কলেজ এবং অনুমোদিত টেকনিক্যাল প্রতিষ্ঠানে এসব প্রোগ্রাম পাওয়া যায়। যোগ্যতা অনুযায়ী কিছু শিক্ষার্থী ফিন্যান্সিয়াল এইড, স্কলারশিপ বা কর্মসংস্থানভিত্তিক প্রশিক্ষণ সহায়তার সুযোগ পেতে পারেন।
এসব পেশায় কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও উচ্চতর ক্যারিয়ার গড়তেও সহায়ক হতে পারে। যেমন সিএনএ হিসেবে কাজ করার পর কেউ প্রয়োজনীয় পড়াশোনা সম্পন্ন করে লাইসেন্সপ্রাপ্ত প্র্যাকটিক্যাল নার্স বা রেজিস্টার্ড নার্স হওয়ার চেষ্টা করতে পারেন। একইভাবে ফ্লেবোটোমিস্ট থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে নার্সিং বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
তবে একটি পেশার সার্টিফিকেশন থাকলেই অন্য পেশার লাইসেন্স বা ডিগ্রি পাওয়া যায় না। উচ্চতর পেশায় যেতে আলাদা শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পরীক্ষার প্রয়োজন হতে পারে।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর ২০২৫ সালের বেতনের তথ্য অনুযায়ী, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বার্ষিক মধ্যম বেতন ছিল ৪৫ হাজার ৬৯০ ডলার। ফ্লেবোটোমিস্টদের ক্ষেত্রে ৪৫ হাজার ২৩০ ডলার এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে ৪২ হাজার ২৬০ ডলার। ফার্মেসি টেকনিশিয়ান ও সার্জিক্যাল টেকনোলজিস্টদের আয়ও কাজের ধরন, অভিজ্ঞতা ও কর্মস্থল অনুযায়ী ভিন্ন হয়। এসব পরিসংখ্যান জাতীয় পর্যায়ের মধ্যম বেতন, নতুন কর্মীদের নিশ্চিত প্রারম্ভিক বেতন নয়।
বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর নির্দেশনা অনুযায়ী, হেলথ কেয়ারে ক্যারিয়ার শুরু করার আগে নিজের অঙ্গরাজ্যের লাইসেন্সিং কর্তৃপক্ষের নিয়ম, প্রশিক্ষণের মান এবং নিয়োগদাতার শর্ত যাচাই করা প্রয়োজন। বৈধভাবে কাজ করার অনুমতি ও সংশ্লিষ্ট পেশার যোগ্যতা থাকাও জরুরি।
দীর্ঘমেয়াদি পড়াশোনার সুযোগ না থাকলেও স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে হেলথ কেয়ার খাতে প্রবেশের একাধিক পথ রয়েছে। সঠিক প্রোগ্রাম নির্বাচন এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে এসব পেশা ভবিষ্যতে আরও বড় ক্যারিয়ারের ভিত্তি তৈরি করতে পারে।
সূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো (BLS)
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির স্তর হ্রাস পাওয়ায় তীব্র নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে। নদীর উপর অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। কিছু স্থানে হাঁটুপানি, কিছু স্থানে কোমরসমান পানি দেখা যাচ্ছে, আবার কোথাও একসময়ের ব্যস্ত নৌপথ শুকিয়ে গেছে। ডুবোচরে নৌকা আটকে যাচ্ছে, ফলে মাঝিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চরাঞ্চলের কৃষকদের কৃষিপণ্য পরিবহনে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এর ফলে নৌকার মাঝিরা জীবিকা হারানোর আশঙ্কায় রয়েছেন, এবং কৃষকেরা উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, যমুনা নদীর পানি কমে যাওয়ার সাথে সাথে একের পর এক ডুবোচর জেগে উঠছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার খেয়াঘাট ও নৌরুটে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। কিছু খেয়াঘাটে নৌকা চলাচল প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। একসময় যে পথ দিয়ে সহজেই নৌকায় পারাপার হতেন চরাঞ্চলের মানুষ, এখন সেই পথ পাড়ি দিতে হচ্ছে পায়ে হেঁটে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও নিয়মিত নদী পারাপার হওয়া যাত্রীরা।
গত কয়েক বছর ধরে সারিয়াকান্দি এলাকায় যমুনা নদীতে বড় ধরনের বন্যা না হওয়ায় নদীর পানি দ্রুত কমে যাচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন। ২০২৫ সালে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করেনি। চলতি বছরও পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর পর দ্রুত নেমে যায়। ফলে নদীর বিভিন্ন স্থানে পলি জমে সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর। এর প্রভাব পড়েছে উপজেলার নৌ যোগাযোগ ব্যবস্থায়।
সরেজমিনে দেখা যায়, নদীর বিভিন্ন অংশে পানির গভীরতা কমে যাওয়ায় নৌকা চলাচল করতে পারছে না। মাঝনদীতে ডুবোচরে আটকে যাচ্ছে যাত্রী ও মালামালবাহী নৌকা। মাঝিদের অনেক সময় নৌকা থেকে নেমে পানির মধ্যে দিয়ে ঠেলে নৌকা পার করতে হচ্ছে। এতে সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি শারীরিক পরিশ্রমও বেড়েছে কয়েকগুণ। কখনো কখনো যাত্রীদেরও নৌকা থেকে নেমে হেঁটে পার হতে হচ্ছে।
নাব্যতা সংকটে উপজেলার পারতিত পরল আলতাফ আলীর খেয়াঘাট, হাসনাপাড়া খেয়াঘাট, নিজবলাইল নয়াপাড়া খেয়াঘাট, চারালকান্দি খেয়াঘাটসহ বেশ কয়েকটি খেয়াঘাটের অবস্থা নাজুক। কোথাও নৌপথের দৈর্ঘ্য কমে এসেছে, আবার কোথাও পানি না থাকায় নৌকা চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে চরাঞ্চলের কৃষকদের। নদীপথে সহজে কৃষিপণ্য পরিবহনের সুযোগ না থাকায় উৎপাদিত ফসল ঘোড়ার গাড়িতে কিংবা কাঁধে বহন করে বাজারে নিতে হচ্ছে। এতে পরিবহন খরচ কয়েকগুণ বেড়ে যাচ্ছে। ফসল উৎপাদনে সার, বীজ, শ্রমিক ও সেচ খরচের পাশাপাশি পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে তাদের। অনেক কৃষকের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ফসল বিক্রি করে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে যাবে।
সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের আলতাফ আলী খেয়াঘাটের মাঝি বলেন, ‘আগে আমার নৌরুটের দৈর্ঘ্য ছিল প্রায় দুই কিলোমিটার। এখন যমুনার পানি শুকিয়ে যাওয়ায় সেই পথ কমে মাত্র ৫০ মিটারে দাঁড়িয়েছে। সেখানে আবার কোমর পানির নিচ দিয়ে সামান্য একটি স্রোতধারা রয়েছে। কয়েক দিনের মধ্যে সেটিও শুকিয়ে যেতে পারে। তখন খেয়াঘাট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মানুষ এখন নৌকায় পারাপারের পরিবর্তে হেঁটেই চলাচল করছে। খেয়াঘাট ইজারা নিয়ে আমি এখন আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছি।’
কাজলা কুড়িপাড়া গ্রামের কৃষক সুজন মিয়া জানান, ‘নদীতে পানি না থাকায় আমাদের কষ্টের শেষ নেই। জমিতে ফসল ফলানোর পর সেই ফসল বাড়ি থেকে বাজারে নিতে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। ঘোড়ার গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে ফসল পরিবহন করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। অথচ নদীতে পানি থাকলে নৌকায় অল্প খরচেই ফসল বাজারে নিতে পারতাম। এখন ফসল ফলিয়েও আমরা লাভবান হতে পারছি না।’
সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটের কালিতলা নৌঘাটের মাঝি ওবাইদুল বলেন, ‘নদীতে পানি কম থাকায় নৌকা বারবার ডুবোচরে আটকে যাচ্ছে। নৌকা ছাড়াতে আমাদের পানিতে নেমে ঘাড় লাগিয়ে ঠেলে সরাতে হচ্ছে। এতে অনেক কষ্ট হয়। যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত ড্রেজিং করে নৌরুটটি সচল করা হোক।’
এদিকে সারিয়াকান্দির গুরুত্বপূর্ণ সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুট সচল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ডুবোচর কেটে নৌযান চলাচলের উপযোগী করতে এস্কেভেটর মেশিন দিয়ে কাজ করা হচ্ছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে সারিয়াকান্দির প্রধান নৌরুট সচল রাখতে ইতিমধ্যে এস্কেভেটর মেশিন দিয়ে ডুবোচর কেটে দেওয়া হচ্ছে। এতে নৌকা চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি। সারিয়াকান্দিকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। নৌবন্দরের কাজ শুরু হলে নৌরুটগুলো সচল রাখতে নিয়মিত ক্যাপিটাল ড্রেজিং করা হবে। তখন নাব্যতা সংকটের এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।’
তবে স্থানীয়দের দাবি, শুধু প্রধান নৌরুট নয়, উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট ও চরাঞ্চলের নৌপথ সচল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। নিয়মিত ড্রেজিংয়ের পাশাপাশি নদীর নাব্যতা রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে প্রতি বছরই এমন দুর্ভোগের মুখে পড়তে হবে তাদের।
যমুনার বুকে জেগে ওঠা ডুবোচর এখন শুধু নৌকা চলাচলের বাধা নয়, বরং চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। তাই নদীর নাব্যতা ফিরিয়ে এনে নৌপথ সচল করার পাশাপাশি কৃষক ও মাঝিদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয় বাসিন্দারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বাজারে ধস নামার আশঙ্কার কারণে গত সপ্তাহে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে। এই পরিস্থিতির প্রভাব দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারেও লক্ষ্য করা যাচ্ছে। সোমবার লেনদেনের শুরুতেই দেশটির প্রধান শেয়ারবাজার সূচক কসপি প্রায় ৩ শতাংশ কমে যায়।
এ বিষয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার নাসডাকের সূচক ৫ শতাংশের বেশি কমে লেনদেন শেষ হয়। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেক ঘটে, কিন্তু এই পতন ঠেকানো সম্ভব হয়নি। একই দিনে যুক্তরাষ্ট্রের বৃহত্তর শেয়ারবাজার সূচক এসঅ্যান্ডপি ৫০০-এর দরও ৩ দশমিক ৭ শতাংশ কমে যায়।
সোমবার দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম কয়েক মিনিটের মধ্যে দেশটির প্রযুক্তি খাতের দুই শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের শেয়ারের দাম যথাক্রমে প্রায় ৩ দশমিক ৩ শতাংশ ও ২ দশমিক ৭ শতাংশ কমে যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো সচল রাখতে এসব প্রতিষ্ঠানের তৈরি উন্নত মেমোরি চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত কয়েক মাস ধরে এআই প্রযুক্তির চিপের ব্যাপক চাহিদার কারণে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল।
তবে, বিশ্বজুড়ে এআই খাতের এই প্রবৃদ্ধি কতটা টেকসই হবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির শেয়ারবাজারে চাপ সৃষ্টি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের চাপ আরও বৃদ্ধি পেয়েছে। গত তিন মাসের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, সেপ্টেম্বর মাসের শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮৫ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। শুধু গ্রস খেলাপি ঋণ নয়, নিট খেলাপি ঋণের হারও বৃদ্ধি পেয়েছে। জুন মাসের শেষে যা ছিল ১৫ দশমিক ২২ শতাংশ, সেপ্টেম্বর মাসের শেষে তা বেড়ে ১৬ দশমিক ১২ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ ব্যাংক খাতে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৪ টাকা আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ পুলিশ বড় ধরনের সম্প্রসারণ ও আধুনিকায়নের পথে অগ্রসর হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষা জোরদার করার পাশাপাশি নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে, ৫ হাজার ৮৩০টি যানবাহন ক্রয়ের উদ্যোগ নিয়েছে, পুরোনো পুলিশ স্থাপনা পুনর্নির্মাণের কাজ শুরু করবে এবং একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা জনবল সংকট, অভিযান পরিচালনার সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত ঘাটতি মেটানোর জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটি ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত সরকারের বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়ন এজেন্ডার অংশ। ১৭ কোটির বেশি মানুষের নিরাপত্তার চাহিদা মেটাতে বর্তমানে পুলিশ বাহিনী হিমশিম খাচ্ছে। এই প্রেক্ষাপটে জনবল বৃদ্ধি, গতিশীলতা আনা, আধুনিক তদন্ত সুবিধা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে।
বাংলাদেশ পুলিশে রাজস্ব খাতে ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব সম্প্রসারণ পরিকল্পনার মূল কেন্দ্রে রয়েছে।
সরকারি এক অগ্রগতি প্রতিবেদনে দেখা গেছে, এশিয়ার প্রতিবেশী দেশগুলোর পুলিশ জনসংখ্যা অনুপাতের ভিত্তিতে হিসাব করা চাহিদার তুলনায় বাহিনীতে ১ লাখ ৩৫ হাজার ৩৭৪ জন জনবলের ঘাটতি রয়েছে।
বর্তমানে বাংলাদেশ পুলিশের অনুমোদিত জনবল ২ লাখ ১৮ হাজার ৭৪৯ জন। এর মধ্যে ২ লাখ ৭ হাজার ৯৩৮ জন পুলিশ সদস্য এবং ১০ হাজার ৮০৯ জন নন-পুলিশ কর্মচারী রয়েছেন। তুলনামূলক মূল্যায়নে দেখা গেছে, বাহিনীতে প্রায় ৩ লাখ ৫৪ হাজার ১২৩ জন জনবল প্রয়োজন।
প্রস্তাবিত নিয়োগের মধ্যে রয়েছে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ৪৫০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)। এছাড়া থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও অপারেশনাল ক্যাম্পসহ মাঠপর্যায়ের ইউনিটগুলোর জন্য আরও ১ হাজার ৯৪৩টি পদের প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের মাধ্যমে প্রস্তাবগুলো প্রক্রিয়াকরণ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন বাসসকে জানিয়েছেন, জননিরাপত্তার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বর্তমান জনবল যথেষ্ট নয়। মালয়েশিয়ায় ১:২৯৭ এবং থাইল্যান্ডে ১:৩১৩ পুলিশ জনসংখ্যা অনুপাতের উদাহরণ টেনে তিনি বাংলাদেশের পুলিশিং সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জনবল বৃদ্ধির পাশাপাশি সরকার পরিবহন ও অভিযান পরিচালনার যানবাহনের তীব্র সংকট কাটাতেও পদক্ষেপ নিচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, অনুমোদিত সাংগঠনিক চাহিদা মেটাতে বাহিনীর প্রায় ২ হাজার ৫০০টি অতিরিক্ত যানবাহন প্রয়োজন। বিদ্যমান অনেক যানবাহনের বয়স ৮ থেকে ২০ বছর হওয়ায় অভিযান পরিচালনার সক্ষমতা ব্যাহত হচ্ছে।
এই ঘাটতি পূরণে সরকার প্রায় ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের আওতায় ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে।
এর মধ্যে ৪ হাজার ৩২৮ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।
চলতি মাসের ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই প্রস্তাবগুলো অনুমোদন দেয়।
যানবাহনের বহর বৃদ্ধি পেলে টহল জোরদার, জরুরি সাড়াদান, অপরাধ তদন্ত এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের অভিযান পরিচালনা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
অবকাঠামোগত সংস্কারের আওতায় সারা দেশের শত শত পুরনো ও জরাজীর্ণ পুলিশ স্থাপনায় নজর দেওয়া হবে।
প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণের একটি প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পৃথক আরেকটি প্রস্তাবে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা এবং হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের কথা বলা হয়েছে।
এছাড়া পুলিশ সদস্যদের আবাসন ও দাপ্তরিক কাজের পরিবেশ উন্নত করতে ব্যারাকসহ আধুনিক থানা ভবন নির্মাণের বৃহত্তর কর্মসূচিও বাস্তবায়ন করছে সরকার।
অপরাধ ক্রমশ ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় প্রযুক্তি সংশ্লিষ্ট অপরাধ তদন্তে পুলিশের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতিও নিচ্ছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর আগে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।
প্রস্তাবিত এই বিশেষায়িত ইউনিটে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা পেশাজীবীদের যুক্ত করা হবে। তারা অনলাইন প্রতারণা, হ্যাকিং, পরিচয় চুরি, ডিজিটাল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ এবং প্রযুক্তিনির্ভর অন্যান্য অপরাধের তদন্ত করবেন।
এই উদ্যোগের ফলে ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়বে এবং ক্রমবর্ধমান জটিল সাইবার হুমকি মোকাবিলায় পুলিশের সাড়াদান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
আধুনিকায়ন এজেন্ডায় প্রযুক্তিনির্ভর পুলিশিংও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
অভিযান পরিচালনার সমন্বয় ও দক্ষতা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং নির্বাচিত আঞ্চলিক পুলিশ ইউনিটগুলোতে স্মার্ট পুলিশিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা জোরদার করার পরিকল্পনাও করছে সরকার।
একইসঙ্গে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের মতো বিশেষায়িত ইউনিটগুলোর ক্রমবর্ধমান দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত জনবল, আধুনিক সরঞ্জাম, পেশাদার প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ নেতৃত্ব কমিউনিটি এনগেজমেন্ট বা জনসম্পৃক্ততার ওপরও জোর দিচ্ছে।
প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে এই অপারেশনাল উদ্যোগগুলোর পাশাপাশি বদলি, পদায়ন ও পদোন্নতি সংক্রান্ত প্রশাসনিক সংস্কারও চালানো হচ্ছে।
পুলিশের এই আধুনিকায়ন উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয়টি বিভাগ ও সংস্থার বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়ন কর্মসূচির অংশ।
বর্তমানে সরকারের ২৫টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এবং ২০৩০-৩১ সালের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে ১৭টি অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্প রয়েছে।
চলমান এই প্রকল্পগুলোর জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে।
তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা, যা উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনাগুলো সময়মতো বাস্তবায়নের চ্যালেঞ্জকেই তুলে ধরে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাসসকে জানিয়েছেন, অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি, পুরনো অবকাঠামোর আধুনিকায়ন, নজরদারি প্রযুক্তি চালু এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে।
বিচ্ছিন্ন প্রকল্প কমানো, একই ধরনের বিনিয়োগের পুনরাবৃত্তি এড়ানো এবং বাস্তবায়নের দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশনও একটি সমন্বিত ও কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে।
সামগ্রিক এই উন্নয়ন এজেন্ডা সরকারের ২০২৬-২০৩১ পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো এবং বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রস্তাবিত সম্প্রসারণ, যানবাহন ক্রয় এবং অবকাঠামো পুনর্নির্মাণ বাংলাদেশ পুলিশকে উল্লেখযোগ্যভাবে বদলে দিতে পারলেও বিদ্যমান জনবল ঘাটতির যে বিশালতা তাতে শুধু পরিকল্পিত এই নিয়োগ দিয়ে কাক্সিক্ষত চাহিদা পূরণ হবে না।
এই সংস্কারের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে সময়মতো প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছ ক্রয় প্রক্রিয়া, পেশাদার প্রশিক্ষণ এবং নতুন সংগৃহীত সরঞ্জামের টেকসই রক্ষণাবেক্ষণের ওপর।
সরকারের বৃহত্তর লক্ষ্য হলো ২০৩০-৩১ সালের মধ্যে আরও সক্ষম, প্রযুক্তিসমৃদ্ধ, পেশাদার প্রশিক্ষণপ্রাপ্ত এবং নাগরিকবান্ধব একটি পুলিশ বাহিনী গড়ে তোলা। যারা প্রচলিত অপরাধ, সাইবার হুমকি এবং জননিরাপত্তার নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ