সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৫ পি.এম
জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর এক যুগেরও বেশি সময় ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়ে আসছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি প্রায় দেড় হাজার কোটি টাকা কম। এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসে রাজনৈতিক অস্থিতিশীলতা, ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং অন্যান্য কারণে রাজস্ব আদায় কমে গেছে। তবে লক্ষ্যমাত্রা অত্যধিক নির্ধারণের কারণে আদায় কম হচ্ছে। এর ফলে রাজস্ব ঘাটতি বৃদ্ধি পাচ্ছে। এনবিআর সূত্রে জানা যায়, গত ২০২৩-২৪ অর্থবছরে মোট রাজস্ব সংগ্রহ হয়েছে তিন লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা। এটি সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ২৭ হাজার ৪৩৮ কোটি টাকা কম। অর্থবছরের শুরুতে সরকার চার লাখ ৩০ হাজার কোটি টাকা কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করলেও পরে তা ২০ হাজার কোটি টাকা কমিয়ে আনে। এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে ১০ শতাংশ প্রবৃদ্ধির বিপরীতে ২০২৩-২৪ অর্থবছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেও এনবিআর কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। এর আগে, ২০২৪-২৫ অর্থবছরেও এনবিআরকে চার লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটিও পূরণে প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে।
এনবিআরের গবেষণা ও পরিসংখ্যানের হিসাব অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথমার্ধের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১৪ হাজার ১৪৩ কোটি ১০ লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কমেছে ৫৭ হাজার ৭২৩ কোটি ৬১ লাখ টাকা। গত অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ কোটি ৯০ লাখ টাকা। সেই হিসেবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় কমেছে ১ হাজার ৫৬৯ কোটি ৪১ লাখ টাকা।
দীর্ঘ সময় ধরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার প্রেক্ষাপটে এনবিআর আগামী তিন অর্থবছরের জন্য আরও বাস্তবসম্মত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। সম্প্রতি অর্থ বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সতর্ক করে বলেন, "যথাযথ পর্যালোচনা ও গবেষণা ব্যতীত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে অর্থবছর শেষে তা বরাবরের মতো ব্যর্থতায় পর্যবসিত হবে।" দেশের উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বিগত বছরের মতো ধারাবাহিক রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার দায় থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলে জাতীয় রাজস্ব বোর্ড মনে করে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থাপিত তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৫-২৬, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড ও এর অধীন সব দপ্তরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যথাক্রমে ৫,৬৪,৪১১.৯২ কোটি, ৬,৪৯,০৭৩.৭১ কোটি ও ৭,৪৬,৪৩৪.৭৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়, প্রাক্কলন ও প্রক্ষেপণ বিগত বছরসমূহের রাজস্ব আদায়ের সার্বিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারিত হওয়া সমীচীন। উল্লিখিত রাজস্ব প্রাপ্তির প্রাক্কলন ও প্রক্ষেপণ আপাতদৃষ্টে বাস্তবতাবিমুখ এবং যথাযথ গবেষণা উদ্ভূত নয় মর্মে প্রতীয়মান।
লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় এনবিআরের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে জানিয়ে চিঠিতে বলা হয়, স্ফিত অঙ্কে বাজেট নির্ধারণ করা এবং বছর শেষে নির্ধারণ করা বাজেট লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া-এরূপ চিত্র ধারাবাহিকভাবে চলমান থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। দেশের সিংহভাগ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের জন্য যা মোটেও কাম্য নয়। এতে আরও বলা হয়, রাজস্ব প্রাপ্তির প্রাক্কলন ও প্রক্ষেপণ নির্ধারণে বিগত বছরসমূহের প্রকৃত রাজস্ব আদায়ের ওপর সাম্প্রতিক/বিগত বছরসমূহের সঙ্গে সঙ্গতি রেখে ১৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে লক্ষ্যমাত্রা স্থির করা হলে তা রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বাস্তবসম্মত ব্যয় প্রাক্কলন করা সম্ভব হবে। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠপর্যায়ের অফিসসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দৃঢ় মনোবল ও উৎসাহের সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে, যা তাদের ভবিষ্যতে আরও কর্ম উদ্যমী করবে। এমতাবস্থায়, উপর্যুক্ত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব লক্ষ্যমাত্রা বাস্তবসম্মতভাবে নির্ধারণের জন্য অনুরোধ করা হলো।
এ নিয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ বলেন, "রাজস্ব আহরণ জিডিপির তুলনায় কম। রাজস্ব বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এনবিআরের উচিত নিজস্ব সক্ষমতা বাড়ানো। দক্ষতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করা এবং অপ্রয়োজনীয় কর ছাড় কমানোর ব্যবস্থা করা।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে সোমবার (৩ মার্চ) গভীর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে একটি মারাত্মক অগ্নিকান্ড ঘটে। এই অগ্নিকান্ডের ফলে বাজারের ৯টি দোকান এবং তাদের মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে বাজারের গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুনসহ মোট ০৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। বাজারে আগুন ছড়িয়ে পড়ার পর আশপাশের মসজিদ থেকে মাইকিং করা হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকান্ডে আনুমানিক ৮-৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পাওয়ার পর তারা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে যায়। ফলে ব্যবসায়ীদের প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রথম কর্মসূচি আয়োজন করেছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে, দলটির নেতা-কর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।
সকাল ৮টায়, দুটি ডাবল ডেকার বাসে করে এনসিপির নেতা-কর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তাঁরা। এ সময় তাঁরা ‘মুক্তিযুদ্ধের চেতনা অমর হোক’সহ বিভিন্ন স্লোগান দেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন, "১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তার মূলমন্ত্র ছিল সাম্য ও সামাজিক সুবিচার। কিন্তু ৫৪ বছর পেরিয়ে গেলেও সেই বাংলাদেশ এখনও বাস্তবায়িত হয়নি। আমরা সেই আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব।"
তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং একটি নতুন সংবিধানের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এজন্য আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছি, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান প্রণয়নে ভূমিকা রাখবেন।"
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় এনসিপির নেতারা রায়েরবাজার বধ্যভূমিতে যান। সেখানে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই। ন্যায়বিচারের মধ্য দিয়ে এই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব।"
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হলে দেশের প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর সম্ভব হবে। জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজন করা গেলে নতুন কাঠামোয় দেশ পরিচালনা সহজ হবে।"
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘যত দিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি, তত দিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।’ তিনি বলেন, ‘খুনি হাসিনা লাশ কই ফেলেছে, তা জানা যায়নি। মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কীভাবে এই বাংলাদেশে অন্যকিছু চিন্তা করব।’
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ছাত্র-জনতার রক্তের ওপর এসেছে। তাদের মনে রাখতে হবে বিচার নিশ্চিত করতে না পারলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিশেষভাবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে।
রায়েরবাজারে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। দলটি দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম বিস্তারের পরিকল্পনা করছে।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "আমরা সারা দেশে আমাদের সংগঠনের বিস্তার ঘটাবো এবং জনগণের মতামতের ভিত্তিতে নতুন প্রজাতন্ত্রের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবো।"
জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে নেতারা জানান। তাঁদের আশা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গড়াই নদীর পাংশা উপজেলার কেউয়া গ্রাম এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে কুমির ঘুরে বেড়াচ্ছে। কখনো একটি, কখনো একসাথে তিন থেকে চারটি কুমির নদীতে ভাসছে। কুমির দেখতে নদীর পাড়ে ভিড় জমাচ্ছে স্কুলের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং দূর-দূরান্তের উৎসুক মানুষ। অন্যদিকে, কুমির আতঙ্কে দিন কাটাচ্ছে গড়াই নদীর দুই পাড়ের মানুষজন।
দীর্ঘদিন ধরে গড়াই নদীতে কুমিরের উপস্থিতি থাকলেও এটি কুমির কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। ৩ মার্চ সোমবার, ফরিদ নামের এক যুবক ড্রোন ক্যামেরা নিয়ে কসবা মাজাইল ইউনিয়নের কেউয়া গ্রামের মোহনের ঘাটের তীরে অপেক্ষা করেন। ওই দিন বিকেলে তিনি কুমিরের দেখা পান। ড্রোন ক্যামেরায় ধরা পড়ে একটি বড় সাইজের কুমির। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকার উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। কুমির দেখতে আসা পাশের বড় কোলা গ্রামের সুমন জোয়ারদার জানান, "ক্যামেরা ছাড়াই কুমির দেখা যাচ্ছিল পরিষ্কার। গড়াইপাড়ের মানুষের গড়াই নদীর পানিই হল সম্বল। গোসল, জামাকাপড় ধোয়া সহ নদী পাড়ের মানুষের সব কিছুই নদীর পানির ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ কুমিরের ভয়ে নদীতে নামতে পারছে না। আমরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা চাই।"
এলাকাবাসীর ধারণা, কুমিরটি বন্যার সময় এসে এখানে আটকে পড়েছে। বর্তমানে এখানে কিছুটা পানি বেশি থাকায় কুমিরটি এই এলাকা ত্যাগ করছে না।
এ বিষয়ে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, "প্রায় দেড় মাস আগে নদীতে কুমির দেখা যায়। আমরা ভেবেছিলাম এটি চলে যাবে। কিন্তু এখন মাঝে মাঝে কুমিরটি দেখা যাচ্ছে। উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন করা হবে।"
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা জানান, "আমরা বন বিভাগকে চিঠি দিয়েছি। বন বিভাগ কার্যকরী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার বিভিন্ন স্থানে ব্যানার টানানো এবং সতর্কতামূলক মাইকিংয়ের ব্যবস্থা করেছি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৬৩ জনে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে মাঠে নামেন মেয়র প্রার্থী আলমগীর হোসেন এবং সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল আলম শিপলু। তারা টানা নয় দিন ধরে পৌরসভার নয়টি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন। তাদের এই উদ্যোগে শতাধিক স্বেচ্ছাসেবকও সম্পৃক্ত হয়েছেন। ফলে পৌরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে, ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলেছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে পর্যায়ক্রমে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। শুধুমাত্র মশা নিধন নয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য ছিল। কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাতৃসদন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ডায়াবেটিস ও বক্ষব্যাধি হাসপাতাল, শিশু সদন (বালিকা), চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনার আশপাশে কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়া শহরের বিভিন্ন ড্রেন, ময়লা-আবর্জনাপূর্ণ স্থান, ঝোপঝাড় এবং মশার সম্ভাব্য প্রজননস্থলে স্প্রে ছিটানো হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৬৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৫১৭ জন। পৌরসভার বাসিন্দা এবং উত্তরন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শফিউল আলম বলেন, এডিস মশার বিস্তার ও ডেঙ্গুতে আক্রান্তের ঘটনায় আমরা আতঙ্কিত। এই পরিস্থিতিতে আলমগীর সিটির পক্ষ থেকে শিপলুর উদ্যোগে গত ৯ দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমে আমরা স্বাগত জানাই।
কর্মসূচির স্বেচ্ছাসেবক শোয়েব বলেন, ৯ দিনব্যাপী মশক নিধন কর্মসূচিতে পৌরসভার ৯টি ওয়ার্ডে কাজ করেছি। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শিপলুর স্যারের উদ্যোগ দেখে অন্যরাও এগিয়ে আসলে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির উদ্যোক্তা আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু বলেন, কর্মসূচিতে ১৪টি সরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে মশক নিধন অভিযান পরিচালনার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে। এককভাবে কারও পক্ষে পৌরসভাকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব নয়। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ