সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৭ পি.এম
গড়াই নদীর পাংশা উপজেলার কেউয়া গ্রাম এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে কুমির ঘুরে বেড়াচ্ছে। কখনো একটি, কখনো একসাথে তিন থেকে চারটি কুমির নদীতে ভাসছে। কুমির দেখতে নদীর পাড়ে ভিড় জমাচ্ছে স্কুলের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং দূর-দূরান্তের উৎসুক মানুষ। অন্যদিকে, কুমির আতঙ্কে দিন কাটাচ্ছে গড়াই নদীর দুই পাড়ের মানুষজন।
দীর্ঘদিন ধরে গড়াই নদীতে কুমিরের উপস্থিতি থাকলেও এটি কুমির কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। ৩ মার্চ সোমবার, ফরিদ নামের এক যুবক ড্রোন ক্যামেরা নিয়ে কসবা মাজাইল ইউনিয়নের কেউয়া গ্রামের মোহনের ঘাটের তীরে অপেক্ষা করেন। ওই দিন বিকেলে তিনি কুমিরের দেখা পান। ড্রোন ক্যামেরায় ধরা পড়ে একটি বড় সাইজের কুমির। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকার উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। কুমির দেখতে আসা পাশের বড় কোলা গ্রামের সুমন জোয়ারদার জানান, "ক্যামেরা ছাড়াই কুমির দেখা যাচ্ছিল পরিষ্কার। গড়াইপাড়ের মানুষের গড়াই নদীর পানিই হল সম্বল। গোসল, জামাকাপড় ধোয়া সহ নদী পাড়ের মানুষের সব কিছুই নদীর পানির ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ কুমিরের ভয়ে নদীতে নামতে পারছে না। আমরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা চাই।"
এলাকাবাসীর ধারণা, কুমিরটি বন্যার সময় এসে এখানে আটকে পড়েছে। বর্তমানে এখানে কিছুটা পানি বেশি থাকায় কুমিরটি এই এলাকা ত্যাগ করছে না।
এ বিষয়ে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, "প্রায় দেড় মাস আগে নদীতে কুমির দেখা যায়। আমরা ভেবেছিলাম এটি চলে যাবে। কিন্তু এখন মাঝে মাঝে কুমিরটি দেখা যাচ্ছে। উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন করা হবে।"
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা জানান, "আমরা বন বিভাগকে চিঠি দিয়েছি। বন বিভাগ কার্যকরী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার বিভিন্ন স্থানে ব্যানার টানানো এবং সতর্কতামূলক মাইকিংয়ের ব্যবস্থা করেছি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৬৩ জনে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে মাঠে নামেন মেয়র প্রার্থী আলমগীর হোসেন এবং সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল আলম শিপলু। তারা টানা নয় দিন ধরে পৌরসভার নয়টি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন। তাদের এই উদ্যোগে শতাধিক স্বেচ্ছাসেবকও সম্পৃক্ত হয়েছেন। ফলে পৌরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে, ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলেছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে পর্যায়ক্রমে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। শুধুমাত্র মশা নিধন নয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য ছিল। কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাতৃসদন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ডায়াবেটিস ও বক্ষব্যাধি হাসপাতাল, শিশু সদন (বালিকা), চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনার আশপাশে কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়া শহরের বিভিন্ন ড্রেন, ময়লা-আবর্জনাপূর্ণ স্থান, ঝোপঝাড় এবং মশার সম্ভাব্য প্রজননস্থলে স্প্রে ছিটানো হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৬৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৫১৭ জন। পৌরসভার বাসিন্দা এবং উত্তরন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শফিউল আলম বলেন, এডিস মশার বিস্তার ও ডেঙ্গুতে আক্রান্তের ঘটনায় আমরা আতঙ্কিত। এই পরিস্থিতিতে আলমগীর সিটির পক্ষ থেকে শিপলুর উদ্যোগে গত ৯ দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমে আমরা স্বাগত জানাই।
কর্মসূচির স্বেচ্ছাসেবক শোয়েব বলেন, ৯ দিনব্যাপী মশক নিধন কর্মসূচিতে পৌরসভার ৯টি ওয়ার্ডে কাজ করেছি। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শিপলুর স্যারের উদ্যোগ দেখে অন্যরাও এগিয়ে আসলে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির উদ্যোক্তা আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু বলেন, কর্মসূচিতে ১৪টি সরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে মশক নিধন অভিযান পরিচালনার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে। এককভাবে কারও পক্ষে পৌরসভাকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব নয়। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামেও পরিচিত, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (২৩ নভেম্বর) ভোরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিবি কর্মকর্তাদের মতে, দীর্ঘদিন ধরে পুলিশ সুইডেন আসলামকে খুঁজছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে শতাধিক অভিযোগ রয়েছে বলে গোয়েন্দাদের দাবি। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বিমানবন্দরে দেশত্যাগের চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে। তিনি বলেন, আসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, আসলামের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে ডিএমপি কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। দেশত্যাগ ঠেকাতে তার পাসপোর্ট ব্লক করে রাখার কথাও জানিয়েছেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। প্রায় এক মাস ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল বলে ডিবির ওই কর্মকর্তা জানান।
বিভিন্ন সূত্র জানায়, আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। তবে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, গোয়েন্দাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, তার চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।
ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।
নব্বইয়ের দশকে আলোচিত সন্ত্রাসী
শেখ মোহাম্মদ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। নব্বইয়ের দশকে রাজধানীর আলোচিত সন্ত্রাসীদের একজন হিসেবে পরিচিতি পান তিনি। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল।
১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর একের পর এক হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ আসে। একপর্যায়ে তিনি সুইডেনে অবস্থান করেন। পরে দেশে ফিরে আসার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।
দীর্ঘ কারাভোগ ও মামলার অবস্থা
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন সুইডেন আসলাম। প্রায় ১৯ বছর কারাভোগের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ে যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেয়। মামলাটি বর্তমানে বিচারাধীন। এ মামলায় জামিন পেয়েই তিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে মুক্তি পান।
তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আদালত থেকে খালাস পাওয়ার তথ্য রয়েছে। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। একটি মামলায় তিনি অব্যাহতি পান। অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে এসব মামলায়ও অব্যাহতি পান তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রংপুরের পীরগাছায় সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী মামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি আব্দুস সাত্তারের পুত্র এবং তিনি সাবেক ছাত্রনেতা হিসেবে পরিচিত। তাছাড়া, তিনি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পীরগাছা থানার ওসি জহুরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পীরগাছা থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের একটি অন্যতম বিতর্কিত ঘটনা হলো ‘স্যান্ডপেপার গেট’। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত কেপটাউন টেস্টে বল বিকৃতির সেই ঘটনা আবারও আলোচনায় এসেছে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডি ভিলিয়ার্স এবার নতুন করে বিতর্কে ঘি ঢেলেছেন। তিনি দাবি করেছেন, কেপটাউন টেস্টের পাশাপাশি সিরিজের প্রথম টেস্ট ডারবানেও বল বিকৃতি ঘটেছিল।
সম্প্রতি প্রকাশিত তার আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে খাজা মুখ খুলেছেন। খাজার বক্তব্য, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সকল খেলোয়াড়ই অবগত ছিলেন। কিন্তু শাস্তির মুখে পড়েছিলেন কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। খাজার মতে, পুরো ঘটনার দায় শুধু এই তিনজনের ওপর চাপানো উচিত হয়নি।
খাজার মন্তব্যের পর ডি ভিলিয়ার্স তার অবস্থান প্রকাশ করেছেন। ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ২০১৮ সালের সিরিজে বল বিকৃতির ঘটনা কেপটাউনেই সীমাবদ্ধ ছিল না। তাঁর বিশ্বাস, পোর্ট এলিজাবেথের পাশাপাশি ডারবানেও এমন কিছু ঘটেছিল।
ডি ভিলিয়ার্সের ভাষায়, “আমি দেখছি, অনেকেই এখন স্বীকার করছেন পোর্ট এলিজাবেথেও এমন ঘটনা ঘটেছিল। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, ডারবানেও এর ব্যতিক্রম হয়নি। সেই ম্যাচের ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টি বোঝা যাবে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।”
ডারবান টেস্টে বলের অস্বাভাবিক আচরণও তার সন্দেহের অন্যতম কারণ। ডি ভিলিয়ার্স বলেন, কিংসমিডে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা হেরেছিল। সেই ম্যাচে অস্বাভাবিক সময়ে বল রিভার্স সুইং করছিল। তার মতে, কিংসমিডের মতো মাঠে এত দ্রুত বলের রিভার্স সুইং করার কথা নয়। দীর্ঘদিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকেই তিনি এমনটি মনে করছেন।
স্যান্ডপেপার-কাণ্ডে কে এই পরিকল্পনা সম্পর্কে জানতেন এবং কে জানতেন না—সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে সেই প্রশ্ন। তবে ডি ভিলিয়ার্স মনে করেন, আলোচনাটি ভুল দিকে যাচ্ছে। তার মতে, বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল কি না, সেটি মূল বিষয় নয়; বরং আগে থেকেই অবৈধ কিছু করার পরিকল্পনা করাটাই সবচেয়ে গুরুতর অপরাধ।
তিনি বলেন, “সবাই এখন স্যান্ডপেপার নিয়ে ব্যস্ত। কে এটি ব্যবহারের কথা জানত, আর কে জানত না, সেটিই যেন আলোচনার মূল বিষয়। অথচ সবাই জানত, তারা নিয়মের সীমা অতিক্রম করে অবৈধ কিছু করতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।”
অস্ট্রেলিয়া দলের প্রত্যেক খেলোয়াড়ই পরিকল্পনাটি সম্পর্কে অবগত ছিলেন বলে বিশ্বাস করেন ডি ভিলিয়ার্স। তবে এ ঘটনায় নির্দিষ্ট কাউকে দোষারোপ করতে চান না তিনি। তার ভাষায়, কাউকে বিপদে ফেলা কিংবা কে সঠিক, কে ভুল—সেই বিচার করা তার উদ্দেশ্য নয়। কিছু বিষয়ে নিজের দৃঢ় অবস্থান থাকলেও তা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য নয়।
স্যান্ডপেপার-কাণ্ডে জড়িত ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি নিয়েও সহমর্মিতা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। তবে মাঠে সেদিনের অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করেন না তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, ওই ঘটনার আগেও অন্য কোনো ম্যাচে এমন অনিয়ম হয়েছিল কি না, তা নিয়েও।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ